টুঙ্গিপাড়া থানা এখন যেন ভূতের বাড়ি, আর থানা ভবনটি ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কাগজে-কলমে দুই থানা চালু থাকলেও বাস্তবে কোনো কার্যক্রম চলছে না এবং টুঙ্গিপাড়া থানায় সব ধরনের নাগরিক সেবা একদম বন্ধ রয়েছে। এলাকাবাসীর ভাষ্য, এটি নামে থানা হলেও বাস্তবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি থানা কমপ্লেক্স।
থানায় হামলা ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটকের পর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে টুঙ্গিপাড়া থানার দুই তলাবিশিষ্ট ভবন, পুলিশের গাড়ি ও পোশাকসহ সবকিছু পুড়ে যায়, যার পোড়া গন্ধ এখনও বাতাসে ভাসছে। যারা থানা পুড়িয়েছেন তাদের স্বজনরাই এখন আফসোস করে প্রশ্ন তুলছেন যে এই কাজটি ঠিক হলো কি না। তবে এলাকায় সরব আলোচনা রয়েছে যে টুঙ্গিপাড়ার স্থানীয় মানুষ থানা পোড়ানোর সাহস পায়নি; বরং পার্শ্ববর্তী জেলা বাগেরহাট, মোরেলগঞ্জ, নড়াইল, ইতনা, মাগুরা, মহম্মদপুর, মাদারীপুর, টেকেরহাট ও বড়তলার বহু বহিরাগত লোক থানা পোড়ানোর কাজে অংশ নিয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে থানায় হামলা চালায়। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানা কমপ্লেক্সের দুই তলা ভবন, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি, পুলিশের পোশাক ও সরকারি বহু মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সরেজমিন চিত্র ও পুলিশের দাপ্তরিক কার্যক্রম
থানায় অগ্নিসংযোগের পর থেকেই এর সব কার্যক্রম ও সরকারি মোবাইল নম্বরগুলো বন্ধ রয়েছে। কেউ আর থানায় কোনো অভিযোগ নিয়ে আসছেন না। দর্শনার্থীরা বলছেন, এটি থানা তো নয় যেন ভূতের বাড়ি। অন্যদিকে, বহু অসম্মান ও অপদস্থ হওয়ায় পুলিশ সদস্যরাও এখন তিক্ত-বিরক্ত।
থানার দৈনন্দিন কার্যক্রমের বিষয়ে পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে কিছু তথ্য পাঠাতে হয় বলে পুলিশ সদস্যরা থানার সামনে বসে থাকেন। এরই অংশ হিসেবে দাপ্তরিকভাবে তিন দিন ধরে থানার ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন এএসআই সবুজ হোসেন। সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং এরপর মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্ব পালন করেছেন এসআই মাহমুদুর রহমান।
টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজন সিভিল ড্রেসে থানার আশপাশে ঘোরাফেরা করলেও তাদের কোনো কাজ নেই। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু কাগজে-কলমেই তারা ডিউটি অফিসার ও টহল পুলিশের দায়িত্ব পালন করছেন; কিন্তু বাস্তবে শুয়ে-বসে থাকা আর একটু হাঁটাহাঁটি করা ছাড়া কোনো কাজ নেই। আগুনে দুই তলা ভবন, গাড়ি ও পুলিশের পোশাক পুড়ে যাওয়ায় তারা কোথায় বসে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করবেন আর গাড়ি ও পোশাক ছাড়া কীভাবে টহল দেবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। সাধারণ জনগণ কোনো অভিযোগ নিয়ে আসে কি না, তাও তারা জানেন না। পুলিশ সদস্যরা আক্ষেপ করে বলেন, এখন মনে হয় আমরা কোনো দ্বীপে আছি।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) পলাশ আহমেদ জানান, বর্তমানে থানায় ২ জন পরিদর্শক, ৪ জন এসআই, ৪ জন এএসআই ও ১০ জন কনস্টেবল রয়েছেন এবং তাদের দিয়েই ভেতরের কিছু কার্যক্রম কোনোমতে চালিয়ে নেওয়া হচ্ছে। আগুনে সব ভস্মীভূত হওয়ায় প্রয়োজনীয় কোনো সরঞ্জাম নেই। থানার কার্যক্রম চালু করতে আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে এবং সামগ্রী পেলেই কাজ শুরু করা সম্ভব হবে।
যানবাহন ভস্মীভূত ও আতঙ্কে থানা ত্যাগ
অগ্নিসংযোগের ঘটনায় থানার ৯টি গাড়ি ও পুলিশ সদস্যদের ১৫টি মোটরসাইকেল পুড়ে সব ছারখার হয়ে যায়, যেখানে বিপদগামীদের অস্ত্রের মুখে ফায়ার সার্ভিস কাছে আসতে পারেনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে টুঙ্গিপাড়া থানার প্রধান ফটক বন্ধ দেখা যায়। পুলিশ মেসের পাশের ছোট গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই অফিসার ইনচার্জের সরকারি বাসভবনের জানালার ভাঙা গ্লাস চোখে পড়ে। ওসির ভবন পার হতেই গাড়ি ও মোটরসাইকেল পোড়ানোর স্থানটি ধ্বংসস্তূপ হিসেবে দেখা যায়। সেখানে ১টি প্রিজন ভ্যান, ৪টি পুলিশ ভ্যান, অতিরিক্ত পুলিশ সুপারের ১টি গাড়ি ও ২টি টহল গাড়ি অকেজো হয়ে পড়ে আছে। দুই তলা ভবনের তিন পরিদর্শকের কক্ষ, ডিউটি অফিসার ও এসআই-এএসআইদের কক্ষ, গারদখানা, অস্ত্রাগার, সার্ভার, কন্ট্রোল রুমসহ আসবাবপত্র, নথি, কম্পিউটার, এসি, ফ্যান, পোশাক ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভবন থেকে এখনও পোড়া গন্ধ বের হচ্ছে এবং সর্বত্র ধ্বংসের চিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
জানা যায়, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুনরায় হামলার আতঙ্কে অতিরিক্ত পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্রসহ সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান ও ইজিবাইকে করে থানা ছেড়ে চলে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক টুঙ্গিপাড়া থানার একজন কর্মকর্তা জানান, ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেয়। পরে ১৩ নভেম্বর গোপালগঞ্জ, বাগেরহাট ও পিরোজপুর থেকে ব্যাটালিয়ন ও আরআরএফ-এর ২০০ পুলিশ টুঙ্গিপাড়ায় আসে এবং তারাই এখন থানা এলাকা পাহারা দিচ্ছে।
নাশকতায় গোপালগঞ্জগামী ৫ ট্রেন বন্ধ
অপরদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভকারীদের হামলা, ট্রেনে অগ্নিসংযোগ, স্টেশন ভাঙচুর ও রেললাইন উপড়ে ফেলার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জেরে গোপালগঞ্জের সঙ্গে সারা দেশের সব ধরনের ট্রেন যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ট্রেনযাত্রীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলওয়ের সম্পদ রক্ষা না করে ট্রেন চালানো সম্ভব নয়। অগ্নিসংযোগ ও স্টেশন ভাঙচুরের মতো ঘটনা ঘটায় চরম ঝুঁকি নিয়ে যাত্রী চলাচল অসম্ভব বলেই ওই রুটে ট্রেন বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চালানো যাবে না।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, গোপালগঞ্জ হয়ে প্রতিদিন চলাচলকারী পাঁচটি ট্রেন গত ১৫ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এর মধ্যে 'টুঙ্গিপাড়া এক্সপ্রেস' সকাল ছয়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে গিয়ে রাত সাড়ে ১০টার মধ্যে ফিরে আসে। 'অভিযাত্রী কমিউটার ট্রেন' ঢাকা থেকে গোপালগঞ্জে দিনে একবার চলাচল করে। 'রূপসী বাংলা' ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত এবং 'জাহানাবাদ এক্সপ্রেস' ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করে। এছাড়া 'ভাটিয়াপাড়া এক্সপ্রেস' ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত চলাচল করে।
যাত্রী দুর্ভোগ ও রেলকর্মীদের আতঙ্ক
নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুর রেল জংশনের এক কর্মকর্তা জানান, রেলে লোকবল ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর (জিআরপি ও আরএনবি) স্বল্পতা রয়েছে এবং গোপালগঞ্জের বর্তমান সহিংস পরিস্থিতিতে কোনোক্রমেই ট্রেন পরিচালনা সম্ভব নয়। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে রেললাইনের ফিশপ্লেট ও স্লিপার উপড়ে ফেলায় লাইনগুলো ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি সিগন্যাল ব্যবস্থা ও স্টেশনগুলোর ব্যাপক ক্ষতি হওয়ায় তাৎক্ষণিকভাবে মেরামত কাজ শুরু করাও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
রেলওয়ের একাধিক লোকোমাস্টার ও স্টেশন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যেভাবে চলন্ত ট্রেনে আগুন দেওয়া ও স্টেশনগুলোতে হামলা চালানো হচ্ছে, তাতে দায়িত্ব পালন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ট্রেন চালানো হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা। তাছাড়া আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি থাকায় সেখান থেকে আবারও নাশকতা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক জানান, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনও শুরু হয়নি এবং ট্রেন সেবাও চালু হয়নি; এসব সেবা পুনরায় চালু হতে কিছুটা সময় লাগবে।
রাজনৈতিক টানাপোড়েন ও সামাজিক অনুষ্ঠানে স্থবিরতা
গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামগুলোতে রাজনৈতিক টানাপোড়েন বাড়ছে। গোপালগঞ্জের জ্বালাও-পোড়াও ও ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডিওতে ব্যক্তিগত সম্পর্কের কারণে লাইক ও কমেন্ট করে বিএনপির অনেক নেতাকর্মী বেকায়দায় পড়ে বহিষ্কারের সিদ্ধান্তের মুখে পড়ছেন, আবার অনেকে রাজনীতি না করেও আওয়ামী লীগের স্বজন হিসেবে পুলিশের তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন।
এছাড়া গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর এলাকায় ছেলেমেয়েদের বিবাহ, কাবিন অনুষ্ঠান, মুসলমানি বা খাতনা ও নতুন অতিথি আপ্যায়নের মতো আয়োজন করতে পারছেন না স্থানীয়রা। আয়োজকরা মহাবিপদ ও আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, যারা ভয়ানক কাজে জড়িত কেবল তাদেরই ভয় থাকতে পারে; নিরীহ মানুষের কোনো ভয় নেই এবং যথানিয়মেই সব আচার-অনুষ্ঠান স্বাভাবিকভাবে চলবে।
সূত্র : ইনকিলাব