মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একাদিক ডাকাতি মামলার আসামি ও জেল পলাতক ছিলেন বলে জানিয়েছেন পলাশ থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জালাল মিয়া নোয়াকান্দা গ্রামের আক্কাছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়া এলাকায় চিহ্নিত ডাকাত হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেশির ভাগ সময় এলাকার বাইরে অবস্থান করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ গ্রাম নোয়াকান্দায় প্রবেশ করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে একসাথে জড়ো হয়।একপর্যায়ে রাত ৮টার দিকে তাকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গণপিটুনিতে নিহত জালাল একজন জেল পলাতক আসামি। তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।