শিরোনাম
◈ সংশোধনাগারে গিয়ে আরও বেপরোয়া কিশোরেরা, খাবার ও চিকিৎসার সংকট: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বড় ভাই’ সংস্কৃতির দাপট! ◈ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এলো ইনানীর গ্যাসের আগুন, এবার এক হাজার ফুট গভীরে খননের প্রস্তুতি ◈ ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ লিও‌নেল মে‌সি আর্জেন্টিনায় বন্ধুর বিদায়ী ম্যাচে খেলবেন  ◈ রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায়, বাধা মরক্কো  ◈ ১২ মাসের কারাদণ্ড ফুটবলার রাহিম স্টার্লিংয়ের ◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ১২:১৩ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংশোধনাগারে গিয়ে আরও বেপরোয়া কিশোরেরা, খাবার ও চিকিৎসার সংকট: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বড় ভাই’ সংস্কৃতির দাপট!

সংশোধনের বদলে অনেক কিশোরকে মুখোমুখি হতে হচ্ছে অনিয়ম, নির্যাতন, অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা বঞ্চনার। অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে ফেরানোর লক্ষ্যে শিশু-কিশোরদের রাখা হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। সেখানে থাকে পড়াশোনা, প্রশিক্ষণ, খেলাধুলা ও মানসিক বিকাশের ব্যবস্থা। কিন্তু যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রের বাস্তবতা ভিন্ন। পর্যাপ্ত খাবার মেলে না, চিকিৎসার ব্যবস্থা নেই, থাকার জায়গার সংকট প্রকট। সূত্র: বণিক বার্তা

এর মধ্যে আবার তৈরি হয়েছে কিশোরদের নিজেদের মধ্যে ‘বড় ভাই’ সংস্কৃতি। অপেক্ষাকৃত বয়সী ও প্রভাবশালী নিবাসীদের নিয়ন্ত্রণে চলে অনেক কক্ষ। তাদের নির্দেশ না মানলে জুটছে নির্যাতন। ফলে সংশোধনের উদ্দেশ্যে যাওয়া অনেক কিশোর কেন্দ্রটি থেকে বেরিয়ে আসছে নতুন অভিজ্ঞতা ও ক্ষোভ নিয়ে; কারো কারো মধ্যে তৈরি হচ্ছে আরো বেপরোয়া হয়ে ওঠার প্রবণতা।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে সম্প্রতি মুক্তি পাওয়া কিশোর এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন অভিজ্ঞতার কথা জানা গেছে। অভিভাবকদের অভিযোগ, কেন্দ্রে পাঠানোর পর সন্তানদের আচরণে ইতিবাচক পরিবর্তন আসেনি, বরং শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। অস্বাস্থ্যকর পরিবেশ ও মানহীন খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এমনকি কেন্দ্র থেকে ফেরার পর নির্যাতনের অভিজ্ঞতা ও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে লাগছে দীর্ঘ সময়।

সরজমিনে কেন্দ্র পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেও এসব অভিযোগের সত্যতা মিলেছে। এটি ছাড়াও গাজীপুর ও টঙ্গীতে দুটি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। তবে নানা অনিয়ম, সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার কারণে বারবার আলোচনায় এসেছে যশোরের কেন্দ্রটি।

Advertisement

যশোর শহরতলির পুলেরহাটে পাঁচ একর জমির ওপর ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় শিশু উন্নয়ন কেন্দ্রটি। শুরুতে এটি শিশু কারাগার হিসেবে পরিচিত ছিল। পরে সরকার এর নাম পরিবর্তন করে শিশু উন্নয়ন কেন্দ্র রাখে। অপরাধে জড়িয়ে পড়া অপ্রাপ্তবয়স্ক বালকদের প্রচলিত কারাগারে প্রাপ্তবয়স্ক অপরাধীদের সঙ্গে না রেখে সংশোধন ও পুনর্বাসনের উদ্দেশ্যে এখানে রাখার ব্যবস্থা করা হয়। যশোর ছাড়াও খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের ৩২ জেলার শিশু-কিশোরদের রাখা হয় এ কেন্দ্রে।

কেন্দ্রটির তথ্য অনুযায়ী, এর ধারণক্ষমতা ১৫০ জনের। অথচ বর্তমানে সেখানে রয়েছে ৩৬৩ জন। অর্থাৎ নির্ধারিত আসনের দ্বিগুণেরও বেশি কিশোরকে নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। কোনো কোনো সময়ে নিবাসীর সংখ্যা ধারণক্ষমতার তিন থেকে সাড়ে তিন গুণেও পৌঁছায়। বর্তমানে থাকা কিশোরদের মধ্যে হত্যা, মাদক ও অস্ত্র মামলার আসামির সংখ্যাও উল্লেখযোগ্য। ১৮ বছর পার হলে এখানে থাকার বিধান না থাকলেও জন্মনিবন্ধন-সংক্রান্ত জটিলতা এবং আদালতের নির্দেশে ১৬ তরুণকে সেখানে রাখা হয়েছে।

অতিরিক্ত নিবাসীর চাপ সামলাতে চারজনের থাকার উপযোগী কক্ষে রাখা হচ্ছে আট থেকে নয়জনকে। এতে পর্যাপ্ত ঘুম, পড়াশোনা ও ব্যক্তিগত পরিসরের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। শৌচাগার ও অন্যান্য মৌলিক সুবিধার ওপরও পড়ছে বাড়তি চাপ। কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ধারণক্ষমতার অতিরিক্ত নিবাসী এবং সীমিত বরাদ্দের কারণে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিবাসীদের খাবারের জন্য বরাদ্দ এতটাই কম যে তা দিয়ে পরিমিত ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করা কঠিন। নিবাসীপ্রতি মাসে খাবারের বরাদ্দ ৪ হাজার টাকা। এর মধ্যে ৯০০ টাকা ব্যয় হয়ে যায় রান্নার জ্বালানিতেই। বাকি ৩ হাজার ১০০ টাকায় সকাল ও বিকালের নাশতা এবং দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করতে হয়। সে হিসাবে চারবেলা খাবারের জন্য জনপ্রতি দৈনিক বরাদ্দ দাঁড়ায় প্রায় ১০৩ টাকা ৩৩ পয়সা।

মাসখানেক আগে কেন্দ্রটি থেকে মুক্তি পাওয়া এক কিশোর বলে, ‘কেন্দ্রের খাবারে পেট ভরে না। তবে একটা সময় না খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছিল।’

একই তথ্য জানিয়ে সিরাজুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, ‘কেন্দ্র যে খাবার দেয়, তা আমার ছেলে খেতে পারত না। কয়েক দিনেই অসুস্থ হয়ে পড়ে। পরে নিজে খাবারের জোগান দিয়েছি।’

চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, কৈশোরে শারীরিক বৃদ্ধির জন্য প্রতিদিন প্রায় ২ হাজার ২০০ ক্যালরি খাবার প্রয়োজন। এ সময় খাদ্যতালিকায় পর্যাপ্ত শর্করা, আমিষ, ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড থাকা জরুরি। কিন্তু বর্তমান বাজারদরে এত কম বরাদ্দে সে অনুযায়ী পুষ্টি নিশ্চিত করা কঠিন।

যশোরের সিভিল সার্জন মাসুদ রানা বলেন, ‘উঠতি বয়সী কিশোরদের পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার প্রয়োজন। সেখানে তিনবেলা খাবারে ১০০ টাকায় কিছুই হওয়ার কথা নয়। এতে তাদের শারীরিক গঠনে সমস্যা দেখা দিতে পারে।’

কেন্দ্রে নিবাসীপ্রতি আনুষঙ্গিক সামগ্রীর জন্য মাসে আরো ১ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে শিক্ষা ও খেলাধুলার সামগ্রীতে ২০০, প্রশিক্ষণসামগ্রীতে ২৫০, পোশাকে ৩০০, চিকিৎসায় ১০০ এবং সাবান-তেলে ১৫০ টাকা নির্ধারিত।

কেন্দ্রটির ব্যবস্থাপনায় বড় সংকট জনবল। অনুমোদিত ৪৯টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ২৪ জন। শূন্য রয়েছে ২৫টি পদ। এর মধ্যে সাড়ে চার বছর ধরে নেই প্রবেশন কর্মকর্তা। তিন বছর ধরে শূন্য সহকারী তত্ত্বাবধায়কের পদ। শিশুদের সার্বক্ষণিক দেখভালের জন্য গুরুত্বপূর্ণ ওয়ার্ডার পদের ১৫টির মধ্যে ১৩টিই খালি। এছাড়া সোশ্যাল কেস ওয়ার্কার, হাউজ প্যারেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কোনো লোকবল নেই।

প্রবেশন কর্মকর্তার কাজ শিশু-কিশোরদের আচরণ, মানসিক অবস্থা ও পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা। কিন্তু দীর্ঘদিন এ পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে নিবাসীদের নিয়মিত মনিটরিং। জনবল সংকটের কারণে রাতে নিরাপত্তা ও তদারকিতেও ঘাটতি তৈরি হচ্ছে।

কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রতিটি ফ্লোরে শিশুদের দেখভালের জন্য ওয়ার্ডার থাকার কথা। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় তা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে রাতে নিবাসীদের মধ্যে কোনো বিরোধ, মারামারি কিংবা অন্য সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের নজরে আসে না। কখনো ঘটনা জানতেই দেরি হয়। এতে সংঘর্ষ, পালিয়ে যাওয়া কিংবা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা বাড়ে।

এর সুযোগ নিয়ে কেন্দ্রের ভেতরে কিশোরদের নিজেদের মধ্যে গড়ে উঠেছে এক ধরনের ক্ষমতাকাঠামো। অপেক্ষাকৃত বেশি বয়সী ও প্রভাবশালী নিবাসীদের মধ্য থেকে কাউকে কাউকে হাউজ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেয়া হয়। কিন্তু অভিযোগ রয়েছে, এ দায়িত্বের আড়ালে কেউ কেউ নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। পছন্দের নিবাসীদের নিয়ে গড়ে তোলে দল। একেকটি দল একেকটি কক্ষ বা ফ্লোরে প্রভাব বিস্তার করে। তাদের নির্দেশ অমান্য করলে অন্য কিশোরদের নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ।

যশোর শহরের মোল্লাপাড়া এলাকার সবুজ হোসেন (ছদ্মনাম) স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতের মামলায় চার মাস এ কেন্দ্রে ছিল। মাসখানেক আগে মুক্তি পেয়েছে সে। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলে, ‘কেন্দ্রে বেশি বয়সী কিশোরদের মধ্য থেকে হাউজ ক্যাপ্টেন নির্বাচন করা হয়। তারাই আবার নিজেদের পছন্দের নিবাসীদের নিয়ে দল গঠন করে। এভাবে বিভিন্ন নামে একাধিক দল তৈরি হয়েছে। কক্ষ ও ফ্লোরভিত্তিক এসব দলের নেতাদের কথাই সেখানে শেষ কথা। তাদের নির্দেশ না মানলে নির্যাতনের শিকার হতে হয়।’

সবুজের ভাষ্য, এসব গ্রুপের নেতাদের কক্ষের পরিবেশ ও সুযোগ-সুবিধাও অন্যদের তুলনায় ভালো। অন্যদিকে সাধারণ নিবাসীদের খাবার, ঘুম ও চিকিৎসার সংকট লেগেই থাকে। নিম্নমানের পানি ব্যবহারের কারণে অনেকের শরীরে খোসপাঁচড়াসহ চর্মরোগ দেখা দেয়। গুরুতর অসুস্থ না হলে চিকিৎসকের দেখা মেলে না।

কেন্দ্রে থাকা কিশোরদের স্বাস্থ্যসেবার অবস্থাও নাজুক। তাদের চিকিৎসার জন্য নেই কোনো চিকিৎসক। নেই কম্পাউন্ডার কিংবা নার্সও। কোনো নিবাসী অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ফলে হঠাৎ অসুস্থতা কিংবা জরুরি স্বাস্থ্য সমস্যায় কেন্দ্রের ভেতরে তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার সুযোগ নেই। কেন্দ্রটির নিজস্ব পরিবহন ব্যবস্থাও নেই।

সংশ্লিষ্টরা বলছেন, সীমিত বাজেট, প্রশাসনিক দুর্বলতা, অপর্যাপ্ত জনবল এবং কার্যকর পুনর্বাসন কার্যক্রমের অভাবে কেন্দ্রটি তার মূল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে। পর্যাপ্ত ঘুমানোর জায়গা, পুষ্টিকর খাবার, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ না থাকায় নিবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে। তার ওপর নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ও নির্যাতনের পরিবেশ সংশোধন প্রক্রিয়াকে আরো জটিল করে তুলছে।

যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রটির অতীত রেকর্ডে উঠে এসেছে সংঘর্ষ, নির্যাতন, পালিয়ে যাওয়া ও মৃত্যুর মতো একাধিক ঘটনা। গত এক দশকে ছোট-বড় আটটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাত নিবাসী প্রাণও হারিয়েছে। এছাড়া আত্মহত্যা করেছে চারজন। সংঘর্ষে আহতদের প্রায়ই চিকিৎসার জন্য নিতে হয়েছে যশোর জেনারেল হাসপাতালে। সর্বশেষ ২০২০ সালে কেন্দ্রের ভেতরে তিন শিশুকে পিটিয়ে হত্যা করার ঘটনা বেশ আলোচনার জন্ম দেয়।

কেন্দ্রের অব্যবস্থাপনার প্রতিবাদে কাচ দিয়ে নিজেদের শরীর কেটেও ১৫ কিশোর প্রতিবাদ জানিয়েছিল। অন্য এক ঘটনায় সীমানাপ্রাচীরের পাশে থাকা পুরনো পানির পাইপ বেয়ে পালিয়ে যায় ছয় কিশোর। এসব ঘটনা কেন্দ্রটির নিরাপত্তা, ব্যবস্থাপনা ও নিবাসীদের সুরক্ষার বিষয়টিও সামনে আনে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘শিশু উন্নয়ন কেন্দ্রকে “শিশু কারাগার” বানানো গ্রহণযোগ্য নয়। শিশু অপরাধে অভিযুক্ত বা দোষী হলেও তার মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও পুনর্বাসনের অধিকার অক্ষুণ্ন থাকে। রাষ্ট্রকেই এসব অধিকার নিশ্চিত করতে হবে।’

‌প্রতিটি কেন্দ্রে কার্যকর ও স্বাধীন মনিটরিং ব্যবস্থা, আকস্মিক পরিদর্শন, শিশুদের সঙ্গে গোপনে কথা বলার সুযোগ এবং সহজ ও নিরাপদ অভিযোগ জানানোর ব্যবস্থা থাকা প্রয়োজন বলেও জানান এ আইনজীবী। তিনি বলেন, ‘নিশ্চিত করতে হবে খাবার ও পুষ্টি, চিকিৎসাসেবার নির্দিষ্ট মান। নির্যাতনের অভিযোগ উঠলে দ্রুত স্বাধীন তদন্তের ব্যবস্থাও থাকতে হবে। তাহলেই যে উদ্দেশ্যে শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে, তা বাস্তবায়ন সম্ভব হবে।’

কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও সংশোধনের জন্য সেখানে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। নিবাসীদের কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। খেলাধুলার জন্য মাঠের পাশাপাশি ফ্লোরের ভেতরে রয়েছে দাবা, ক্যারম ও লুডু খেলার ব্যবস্থা। মাঠে বিভিন্ন টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। তবে অতিরিক্ত নিবাসী, সীমিত বরাদ্দ ও জনবল সংকটের কারণে এসব কার্যক্রম কতটা নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান বলেন, ‘আমাদের এখানে ধারণক্ষমতার দ্বিগুণ নিবাসী থাকছে। প্রতিজনের খাবারের জন্য বরাদ্দ রয়েছে ১০০ টাকার কিছু বেশি। এর মধ্যে জ্বালানি খরচও রয়েছে। এতে শিশুরা মানসম্মত খাবার সেভাবে পাচ্ছে না। যেহেতু তারা বেড়ে ওঠার বয়সে রয়েছে, তাই তাদের বেশি ও পুষ্টিকর খাবার প্রয়োজন। সেখানে ঘাটতি থাকলে শারীরিক গঠনে সমস্যা হতে পারে।’

‌জনবলের তীব্র সংকটকে সামনে এনে তিনি বলেন, ‘খাবারের বরাদ্দ ও জনবলের চাহিদা জানিয়ে প্রতি বছর মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। কয়েক মাস পরপর বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রণালয়কে অবহিত করা হয়। এসব সংকটের মধ্যেও শিশুদের সার্বিক দেখভালের চেষ্টা চলছে।’ তবে আগের তুলনায় বর্তমানে কিশোরদের পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন এ কর্মকর্তা। 

  • সর্বশেষ