স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিনের বন্ধু ও সাবেক জাতীয় দলের সতীর্থ কার্লোস তেভেজের পাশে থেকে আরেকবার লা বোম্বোনেরায় ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি। ‘এল অ্যাপাচে’ নামে পরিচিত এই কিংবদন্তি স্ট্রাইকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, আগামী মাসে তার বহু প্রতীক্ষিত বিদায়ী বা সম্মানসূচক ম্যাচে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইন্টার মায়ামির এই মহাতারকা।
বুয়েনস আইরেসে এক আবেগঘন সন্ধ্যা দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। কারণ এর মধ্য দিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের আনুষ্ঠানিক যবনিকা টানবেন তেভেজ। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক এই ফরোয়ার্ড পাঁচ বছর আগেই পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছিলেন, তবে তার আনুষ্ঠানিক সম্মানসূচক ম্যাচটি এতদিন ধরে আটকে ছিল। --- টি স্পোর্টস
বোকা জুনিয়র্সের চিরচেনা আঙিনায় আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই ম্যাচে মেসির খেলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আয়োজনটিকে ঘিরে উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে।
জেনেজে’ নামে পরিচিত বোকা জুনিয়র্সের অনুগত সমর্থকদের কাছে সর্বকালের সেরা খেলোয়াড়ের উপস্থিতি এই ঐতিহাসিক আয়োজনে বাড়তি মর্যাদা যোগ করছে। তেভেজ নিজেই খবরটি নিশ্চিত করেছেন, যার ফলে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্ব দেওয়া সেই বিখ্যাত জুটির পুনর্মিলন দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে জানানো হয়েছে যে ২০ ডিসেম্বর তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি—যা সমর্থকদের জন্য আর্জেন্টিনার মাটিতে এই কিংবদন্তি প্লেমেকারকে দেখার এক বিরল সুযোগ করে দিচ্ছে।
অংশগ্রহণকারীদের তালিকায় মেসির নাম যুক্ত হওয়ায় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে বলেই নিশ্চিত। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা আর্জেন্টিনা জাতীয় দলের আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়ালেও লা বোম্বোনেরায় তাকে ফুটবল জার্সিতে দেখার সুযোগ স্থানীয় সমর্থকদের জন্য বড় আকর্ষণ হয়ে আছে।
আধুনিক সময়ের ক্লাব আইকন তেভেজকে সম্মান জানানো এবং বৈশ্বিক মহাতারকা মেসিকে আতিথেয়তা দেওয়ার মধ্য দিয়ে এই ম্যাচটি যেন দুই প্রজন্ম ও সময়ের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করছে।
মেসি নিঃসন্দেহে এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ, তবে মূলত বিভিন্ন মেয়াদে বোকা জুনিয়র্সে তেভেজের বিশাল অবদানকে সম্মান জানাতেই এই আয়োজন। কোপা লিবার্তাদোরেসসহ ক্লাবটির হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন এই স্ট্রাইকার এবং আধুনিক ইতিহাসে সমর্থকদের সবচেয়ে প্রিয় মুখগুলোর একটি হয়ে আছেন তিনি।
এক পঞ্জিকাবর্ষে সম্ভাব্য সপ্তম শিরোপার খোঁজে থাকা ক্লাবটির জন্য এই আয়োজন এমন এক খেলোয়াড়কে ফিরে দেখার উপলক্ষ, যিনি পুরো পেশাদার যাত্রায় বোকা এলাকার লড়াকু মানসিকতা ও আবেগকে ধারণ করেছিলেন।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন, বুট জোড়া তুলে রাখার পর কোচিংয়ে নাম লেখানো তেভেজের চূড়ান্ত বিদায়ের মঞ্চ হিসেবে কাজ করবে এই ম্যাচ। দুই মহাতারকাকে শেষবারের মতো একসঙ্গে মাঠে দেখতে সমর্থকদের মধ্যে টিকিটের তীব্র চাহিদা তৈরি হওয়ায় ডিসেম্বরের এই জমকালো আয়োজনের প্রস্তুতি এখন পুরোদমে চলছে।