শিরোনাম
◈ লিও‌নেল মে‌সি আর্জেন্টিনায় বন্ধুর বিদায়ী ম্যাচে খেলবেন  ◈ রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায়, বাধা মরক্কো  ◈ ১২ মাসের কারাদণ্ড ফুটবলার রাহিম স্টার্লিংয়ের ◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায়, বাধা মরক্কো 

স্পোর্টস ডেস্ক : ২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের লড়াই জমে উঠেছে। স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা নিজেদের মাঠে বিশ্বকাপের মহারণ আয়োজন করতে চায়। রিয়ালের লক্ষ্য সান্তিয়াগো বার্নাব্যু, বার্সেলোনার পছন্দ ক্যাম্প ন্যু। তবে দুই স্প্যানিশ ক্লাবের এই স্বপ্নপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মরক্কো। কাসাব্লাঙ্কায় নতুন স্টেডিয়াম নির্মাণ করে ফাইনালের আয়োজক হতে মরিয়া দেশটি।

স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ। তবে ফাইনাল আয়োজন নিয়ে পর্তুগালের তেমন আগ্রহ নেই। বিপরীতে মরক্কো প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ে কাসাব্লাঙ্কায় নির্মাণ করছে হাসান-২ স্টেডিয়াম। বিশ্বকাপের ফাইনাল আয়োজনের লক্ষ্যেই নেওয়া হয়েছে এই বিশাল অবকাঠামোগত উদ্যোগ।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে মরক্কোর উত্থানও তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলার পর ২০২৪ আফ্রিকান কাপ অব নেশনসে রানার্সআপ হয়েছে দলটি। মাঠের এসব সাফল্যকে পুঁজি করেই ২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিজেদের দেশে আয়োজনের স্বপ্ন দেখছে মরক্কো।

মরক্কোর এই তৎপরতা ভালোভাবে নিচ্ছে না স্পেন। ফাইনাল আয়োজনের দায়িত্ব না পেলে বিশ্বকাপের আয়োজক হিসেবে নিজেদের স্বত্ব ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছে দেশটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মরক্কোর ঘনিষ্ঠ সম্পর্ক স্পেনের উদ্বেগ আরও বাড়িয়েছে। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের আশঙ্কা, ইনফান্তিনোর সঙ্গে মরক্কোর সম্পর্ক ফাইনাল আয়োজনের দৌড়ে স্পেনকে পিছিয়ে দিতে পারে।

Advertisement

মরক্কোর ফুটবল ফেডারেশনকে ইনফান্তিনোর অন্যতম সমর্থক হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা প্রকাশের পর থেকে মরক্কোর রাজধানী রাবাতে ফিফার নতুন আঞ্চলিক সদর দপ্তরে দীর্ঘ সময় কাটিয়েছেন ফিফা সভাপতি। আগামী মার্চে মরক্কোতেই অনুষ্ঠিত হওয়ার কথা ফিফা কংগ্রেস। সেখানে পুনর্নির্বাচনে ইনফান্তিনোর জয়ের সম্ভাবনাও প্রবল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের।

তবে ফাইনাল আয়োজনের দৌড়ে স্পেন নিজেদের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী। দেশটির ফুটবল ফেডারেশনের মহাসচিব আলভারো দে মিগেলের যুক্তি, মরক্কোর একটি স্টেডিয়ামের বিপরীতে স্পেনের হাতে রয়েছে দুটি সম্ভাব্য ভেন্যু। ফলে ফাইনাল আয়োজনের ক্ষেত্রে স্পেনের সম্ভাবনাই বেশি।

এ ছাড়া রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ইনফান্তিনোর সুসম্পর্ককেও নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন স্প্যানিশ কর্মকর্তারা। তাঁদের বিশ্বাস, পেরেজের প্রভাব কাজে লাগিয়ে ফিফা সভাপতিকে স্পেনের পক্ষে রাজি করানো সম্ভব। ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত যৌক্তিক বিবেচনাতেই আয়োজক নির্বাচন করা হবে বলে আশা তাঁদের।

স্প্যানিশ কর্মকর্তাদের চোখে অবশ্য বার্সেলোনার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতায় মাদ্রিদের পাল্লা ভারী। ২০১৮ সালে আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের কোপা লিবার্তাদোরেস ফাইনাল হয়েছিল মাদ্রিদে। সমর্থকদের সহিংসতার কারণে আর্জেন্টিনা থেকে সরিয়ে ম্যাচটি আয়োজন করা হয়েছিল স্পেনের রাজধানীতে।

সব মিলিয়ে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের লড়াই এখন আর শুধু স্পেনের দুই ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নেই। বার্নাব্যু ও ক্যাম্প ন্যুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যোগ হয়েছে কাসাব্লাঙ্কার নির্মাণাধীন স্টেডিয়ামও। শেষ পর্যন্ত বিশ্বফুটবলের সবচেয়ে বড় ম্যাচটির মঞ্চ কোথায় বসবে, সেই সিদ্ধান্ত নেবে ফিফা।

  • সর্বশেষ