শিরোনাম
◈ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এলো ইনানীর গ্যাসের আগুন, এবার এক হাজার ফুট গভীরে খননের প্রস্তুতি ◈ ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ লিও‌নেল মে‌সি আর্জেন্টিনায় বন্ধুর বিদায়ী ম্যাচে খেলবেন  ◈ রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায়, বাধা মরক্কো  ◈ ১২ মাসের কারাদণ্ড ফুটবলার রাহিম স্টার্লিংয়ের ◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০৪ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩১ দিন পর নিয়ন্ত্রণে এলো ইনানীর গ্যাসের আগুন, এবার এক হাজার ফুট গভীরে খননের প্রস্তুতি

দীর্ঘ ৩১ দিনের প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় বেরিয়ে আসা গ্যাসের আগুন। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কারিগরি তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আজ শুক্রবার সকালে ৩০ ইঞ্চি ব্যাসের কেসিং পাইপ স্থাপনের মাধ্যমে ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থান দিয়ে বেরিয়ে আসা গ্যাসের আগুন বন্ধ করা হয়। 

কেসিংয়ের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্দিষ্ট পথে বের করে দেওয়ায় আগুন নিয়ন্ত্রণের অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে বাপেক্স।

এবার ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে এক হাজার ফুট গভীর পর্যন্ত খননের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে ভূতাত্ত্বিক ও ভূকম্পন জরিপের মাধ্যমে ওই এলাকায় গ্যাসের সম্ভাবনা যাচাই করা হবে।

Advertisement

বাপেক্স জানিয়েছে, পরবর্তী ধাপে নলকূপের ভেতরে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। খননকালে বিশেষ ধরনের তরল মিশ্রণ (ড্রিলিং মাড) ব্যবহার করা হবে। এর মাধ্যমে ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রেখে অনিয়ন্ত্রিত গ্যাস উদ্গিরণ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

এরপর ওই এলাকায় ভূতাত্ত্বিক জরিপ (জিওলজিক্যাল সার্ভে) ও ভূকম্পন জরিপ (সিসমিক সার্ভে) পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও মূল্যায়নের ভিত্তিতে গ্যাস অনুসন্ধানের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে বাপেক্স।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকালে হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে গ্যাসে আগুন ধরে যায়। এরপর টানা এক মাস ধরে সেখানে গ্যাসের আগুন জ্বলতে থাকে।

দীর্ঘদিন ধরে গ্যাস উদ্গিরণ ও আগুন জ্বলতে থাকার ঘটনায় ইনানী এলাকায় প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে সেখানে কী পরিমাণ গ্যাস রয়েছে, গ্যাসের উৎস কোথায় এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কি না, তা বিস্তারিত অনুসন্ধান ও জরিপ ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

আপাতত আগুন নিয়ন্ত্রণে এলেও ভূগর্ভস্থ গ্যাসের চাপ পুরোপুরি নিয়ন্ত্রণে আনাই বাপেক্সের পরবর্তী লক্ষ্য। এরপরই নির্ধারিত হবে ইনানীতে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের ভবিষ্যৎ কার্যক্রম।

  • সর্বশেষ