মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গ্রামবাংলার একসময়ের সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল কাচারি ঘর। অতিথি আপ্যায়ন, পথচারীর আশ্রয়, বিচার-সালিশ, গল্প-আড্ডা, পুঁথিপাঠ ও জারিগানের আসর—সবকিছুরই প্রাণকেন্দ্র ছিল এই ঘর। স্বচ্ছল গৃহস্থের বাড়িতে কাচারি ঘর থাকা ছিল আভিজাত্য ও সামাজিক মর্যাদার প্রতীক। তবে সময়ের বিবর্তনে নবীনগরসহ গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই স্থাপনা।
একসময় নবীনগরের অধিকাংশ স্বচ্ছল ও মধ্যবিত্ত গৃহস্থের বাড়িতে মূল বসতঘর থেকে কিছুটা দূরে খোলামেলা জায়গায় নির্মাণ করা হতো কাচারি ঘর। চারদিকে ঢেউটিনের বেড়া, কাঠের কারুকাজ এবং ওপরে টিন কিংবা ছনের ছাউনি থাকত। পর্যাপ্ত জানালা ও প্রাকৃতিক বাতাসের কারণে গরমেও ঘরগুলো থাকত শীতল। বাড়িতে অতিথি কিংবা পথচারী এলে তাঁদের বসার পাশাপাশি প্রয়োজনে রাতযাপনের ব্যবস্থাও করা হতো সেখানে।
কাচারি ঘর ছিল গ্রামের সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। সেখানে বসত বিচার-সালিশ, সামাজিক বৈঠক ও গল্প-আড্ডা। বর্ষাকালে পুঁথিপাঠ ও জারিগানের আসর জমত। পারিবারিক অনুষ্ঠানে লোকসমাগম বেশি হলে পুরুষ অতিথিদের থাকার ব্যবস্থা হতো এসব ঘরে। অনেক বাড়িতে লজিং মাস্টার ও আরবি শিক্ষকদের থাকার জায়গা হিসেবেও ব্যবহৃত হতো কাচারি ঘর। কোনো কোনোটি সকালে মক্তব হিসেবেও ব্যবহৃত হতো। জমিদারি আমলে গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের কাচারি ঘরে খাজনা আদায়ের কার্যক্রম পরিচালিত হতো বলেও জানা যায়।
শ্যামগ্রাম গ্রামের প্রবীণ ব্যক্তি মো. রোকন উদ্দিন বলেন, ‘একসময় গ্রামের মানুষের সামাজিক জীবনের অন্যতম কেন্দ্র ছিল কাচারি ঘর। বিকেল হলেই পরিচিতজনেরা সেখানে জড়ো হতেন। চলত গল্প-আড্ডা ও নানা বিষয়ে আলোচনা। দূরদূরান্ত থেকে আসা অতিথি ও পথচারীরাও সেখানে আশ্রয় পেতেন। এখনকার মতো আলাদা অতিথিকক্ষ ছিল না। কাচারি ঘরই ছিল অতিথিদের জন্য নির্ধারিত জায়গা। সময়ের সঙ্গে সেই পরিবেশ ও সামাজিক বন্ধন অনেকটাই বদলে গেছে।’
স্থানীয় ইতিহাসবিদ, সংস্কৃতিকর্মী ও কবি অধ্যক্ষ কামরুল হুদা পথিক বলেন, ‘কাচারি ঘর শুধু একটি স্থাপনা নয়, এটি গ্রামবাংলার সামাজিক ইতিহাস ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই ঘরকে কেন্দ্র করে একসময় সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক চর্চা ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ গড়ে উঠত। এসব স্থাপনা হারিয়ে গেলে গ্রামীণ ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ও হারিয়ে যাবে। তাই অবশিষ্ট কাচারি ঘরগুলো চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
আধুনিক বসতবাড়ি, পাকা ভবন ও আলাদা অতিথিকক্ষ নির্মাণের ফলে কাচারি ঘরের প্রয়োজনীয়তা কমেছে। পাশাপাশি যৌথ পরিবারের ভাঙন, জীবনযাত্রার পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্থাপনা বিলুপ্তির পথে। অনেক জায়গায় পুরোনো কাচারি ঘর ভেঙে নির্মাণ করা হয়েছে নতুন ভবন।
নবীনগরের রতনপুর, শ্যামগ্রাম, রছুল্লাবাদ, ইব্রাহিমপুর, শ্রীরামপুর, বিটঘর ও বিদ্যাকুটসহ কয়েকটি ঐতিহ্যবাহী গ্রামে এখনো জীর্ণ-শীর্ণ অবস্থায় কাচারি ঘরের অস্তিত্ব রয়েছে। কোথাও টিনের চাল নষ্ট, কোথাও বেড়া ভেঙে পড়েছে। যথাযথ সংরক্ষণের উদ্যোগ না নিলে এসব স্থাপনাও একসময় হারিয়ে যাবে।
কাচারি ঘর হারিয়ে যাওয়া মানে শুধু একটি স্থাপনার বিলুপ্তি নয়; এর সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামীণ সমাজের আতিথেয়তা, সামাজিক বন্ধন ও লোকজ সংস্কৃতির স্মৃতিও। তাই স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগে অবশিষ্ট কাচারি ঘরগুলো সংরক্ষণ করা জরুরি।