স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও মনজুরুল ইসলাম টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে বিব্রতকর এক পরিসংখ্যানে জায়গা করে নিয়েছেন। টেস্ট ইতিহাসে অন্তত ৩৩ ইনিংস ব্যাট করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন খালেদ। আর পুরো ক্যারিয়ারের গড় বিবেচনায় চতুর্থ অবস্থানে আছেন সাবেক পেসার মনজুরুল।
এই তালিকায় সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ক্রিস মার্টিন।
১০৪ ইনিংসে ১২৩ রান করে তাঁর ক্যারিয়ার ব্যাটিং গড় ২.৩৬। অন্যদিকে, ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন খালেদ আহমেদ। ৩৩ ইনিংসে তাঁর সংগ্রহ ৬০ রান, ব্যাটিং গড় ২.৫০।
তবে প্রথম ৩৩ ইনিংসের পরিসংখ্যান বিবেচনায় সবচেয়ে কম ব্যাটিং গড় খালেদেরই।
এই সময়ে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। এ ছাড়া পাঁচবার শূন্য রানে অপরাজিত ছিলেন। একই টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়ার ঘটনা বা পেয়ার হয়েছে চারবার। টেস্ট ইতিহাসে এই তালিকায় তাঁর ওপরে কেবল ক্রিস মার্টিন, যিনি সাতবার পেয়ার হয়েছেন।
পুরো ক্যারিয়ারের ব্যাটিং গড় বিবেচনায় তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের সাবেক বাঁহাতি পেসার মনজুরুল ইসলাম। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ১৭টি টেস্টের ৩৩ ইনিংসে ৮১ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৩.৬৮। সর্বোচ্চ ইনিংস ২১ রানের। ক্যারিয়ারে ১০ বার শূন্য রানে আউট হয়েছেন মনজুরুল।
এই তালিকায় খালেদ ও মনজুরুলের মাঝখানে রয়েছেন শ্রীলঙ্কার আসিতা ফার্নান্দো। ৪৪ ইনিংসে ৬৬ রান করে তাঁর ব্যাটিং গড় ৩.০০।
এদিকে, প্রথম ৩৩ ইনিংস শেষে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের আরেক পেসার ইবাদত হোসেন। ওই সময়ে তাঁর ব্যাটিং গড় ছিল ৩.৩১। একই পর্যায়ে অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার গড় ছিল ৩.২৮। তবে পরবর্তী সময়ে ব্যাটিংয়ে উন্নতি করে ক্যারিয়ার গড় ৭.৩৬-এ নিয়ে যান ম্যাকগ্রা। ইবাদত ও খালেদের সামনে অবশ্য নিজেদের ব্যাটিং পরিসংখ্যান উন্নত করার সুযোগ রয়েছে।