তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক হায়া সোফিয়ার নিচে খননকাজ চালিয়ে নতুন একগুচ্ছ সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ কক্ষের সন্ধান পাওয়া গেছে। এসব সুড়ঙ্গের কোনো কোনোটি কয়েকশ মিটার দীর্ঘ। খননকাজ চলমান থাকায় সামনে আরও নতুন কিছু উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আবিষ্কার। ষষ্ঠ শতাব্দীর এই বিশাল ও দৃষ্টিনন্দন স্থাপনাটি মূলত একটি রোমান মন্দিরের ওপর গির্জা হিসেবে নির্মিত হয়েছিল। পরবর্তীতে এটি মসজিদ এবং তারপর জাদুঘরে রূপান্তরিত হয়। ২০২০ সাল থেকে এটি পুনরায় মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আগের একটি মন্দির ও দুটি গির্জার পর ওই স্থানে চতুর্থ উপাসনালয় হিসেবে বর্তমান স্থাপনাটি ৫৩৭ খ্রিস্টাব্দে নির্মিত হয়। তবে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, বর্তমানে মাটির নিচে যে গোপন অংশগুলো উন্মোচিত হচ্ছে, সেগুলো বর্তমান স্থাপনাটির চেয়েও প্রাচীন বলে ধারণা করা হচ্ছে।
গত বছর হায়া সোফিয়ায় তিন বছর মেয়াদী একটি সংরক্ষণ প্রকল্প শুরু হয়েছে। এর আওতায় স্থাপনাটির কেন্দ্রীয় গম্বুজ সংস্কার করা হবে এবং এর ভূমিকম্প সহনশীলতা আরও বাড়ানো হবে। পূর্ব রোমান (বা বাইজেন্টাইন) এবং অটোমান—উভয় সাম্রাজ্যের আমল পেরিয়ে টিকে থাকা এই স্থাপনার প্রায় ১,৫০০ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সংস্কার কাজ।
হায়া সোফিয়ার নিচে গোপন সুড়ঙ্গ থাকার গুঞ্জন শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত ছিল। এর আগে ১৯৪০-এর দশকে সেখানে চার কক্ষবিশিষ্ট একটি রোমান সমাধিস্থল বা 'হাইপোজিয়াম'-সহ বেশ কিছু ভূগর্ভস্থ অবকাঠামো আবিষ্কৃত হয়েছিল।
২০২৫ সালের শুরুর দিকে হায়া সোফিয়ার প্রাঙ্গণের নিচে খিলানযুক্ত ভূগর্ভস্থ কক্ষগুলোতে পরিচ্ছন্নতার কাজ চলার সময় আগে অজানা থাকা এসব কাঠামোর সন্ধান মেলে।
এখন পর্যন্ত সরানো হয়েছে প্রায় ৩ হাজার টন আবর্জনা
তখন থেকেই এসব অংশ পরিষ্কার, নথিভুক্ত ও সংরক্ষণের কাজ চলছে। এর মধ্যে রয়েছে সুড়ঙ্গ, পানির নালা, খিলানযুক্ত কক্ষ, একটি সমাধিস্থল এবং একটি পথ। ধারণা করা হচ্ছে, এই পথটি পঞ্চম শতাব্দীর একটি রোমান রাস্তার সঙ্গে যুক্ত ছিল।
পরিচ্ছন্নতার পুরো কাজটি ধাপে ধাপে স্থলজ লেজার স্ক্যানিংয়ের মাধ্যমে নথিভুক্ত করা হচ্ছে। হায়া সোফিয়া বৈজ্ঞানিক কমিটির সদস্য হাসান ফিরাত ডিকার ২০২৬ সালের মার্চে প্রকাশিত এক গবেষণায় লিখেছেন, কাজটি যত এগোবে, 'এই অনন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার অবকাঠামোগত ব্যবস্থাটি পুরোপুরি সামনে আসবে'।
ভূগর্ভস্থ এই ব্যবস্থা থেকে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার টন আবর্জনা সরানো হয়েছে। পাশাপাশি ৪২০ মিটার বা প্রায় এক-চতুর্থাংশ মাইল সুড়ঙ্গ পরিষ্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব সুড়ঙ্গ আরও কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে।
সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২০ নভেম্বর এক ঘোষণায় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
অনূদিত এক বিবৃতিতে এরসয় বলেন, 'ইতিহাসজুড়ে এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক পানি সরবরাহ ও বৃষ্টির পানি নিষ্কাশনের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের কাজের মাধ্যমে হায়া সোফিয়ার ভূগর্ভস্থ কাঠামো উন্মোচনের পাশাপাশি আমরা ইস্তাম্বুলের ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা সম্পর্কেও আরও ভালোভাবে জানতে পারছি।'
ইতিহাসের পরতে পরতে
এখন পর্যন্ত নয়টি সুড়ঙ্গের মাধ্যমে যুক্ত ছয়টি ভূগর্ভস্থ কক্ষের সন্ধান মিলেছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গটির প্রায় ৬০০ ফুট (১৮০ মিটার) অংশ পরিষ্কার করা হয়েছে। সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় বলেন, 'আমাদের ধারণা, এই পথটি একটি রোমান রাস্তার সঙ্গে যুক্ত ছিল। এটি হায়া সোফিয়ার সামনের অংশের সমান্তরালে ফাতিহ মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে দর্শনার্থীদের প্রবেশপথের দিকে এগিয়ে গেছে।'
রোমান সমাধিস্থল বা 'হাইপোজিয়াম'-টি হায়া সোফিয়ার 'ভিজিয়ার্স গার্ডেন' (উজিরের বাগান) হিসেবে পরিচিত এলাকার নিচে অবস্থিত। সেখানে পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে কর্মীরা কাদামাটিতে ঢাকা মেঝের পাঁচ ফুট নিচে নেমে যান। এরসয় বলেন, 'আমাদের বিশ্বাস, এই অংশটি বর্তমান হায়া সোফিয়া স্থাপনার চেয়েও পুরোনো। এভাবে আমরা স্থাপনাটির নিচে থাকা বিভিন্ন আমলের নির্মাণস্তরগুলো সামনে নিয়ে আসছি।'
এরসয় জানান, সংরক্ষণ ও নথিভুক্তকরণের পাশাপাশি উপযুক্ত অংশগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার মাধ্যমে 'হায়া সোফিয়ার মাটির নিচের ঐতিহাসিক সম্পদ সবার সামনে তুলে ধরাই' তাদের লক্ষ্য। তবে কবে নাগাদ তা খোলা হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।
ইতিহাসবিদ ও ট্যুর গাইড হাসান বারিশ পার্তাল বলেন, এটি হবে 'সাম্প্রতিক বছরগুলোতে ইস্তাম্বুলের সাংস্কৃতিক পর্যটনের অন্যতম বড় অগ্রগতি'। তিনি বলেন, 'এই বিশাল স্থাপনার নিচে লুকিয়ে আছে তৎকালীন কনস্টান্টিনোপল সাম্রাজ্য এবং শহরটির বিস্তৃত বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার আরেকটি চমকপ্রদ ইতিহাস।'
তিনি আরও জানান, মাটির নিচের এই জলপথগুলো সম্ভবত প্রাচীন শহরটির বিশাল জলবাহী সেতুগুলোর (অ্যাকুয়াডাক্ট) সঙ্গে যুক্ত ছিল। এটি কনস্টান্টিনোপলের অসাধারণ প্রকৌশলগত দক্ষতার প্রমাণ দেয়।
পার্তাল বলেন, 'আমার মনে হয়, ভূগর্ভস্থ এই স্থানগুলোর ভেতর দিয়ে হাঁটলে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে অবস্থিত ভ্যাটিকান গ্রোটোসে নামার মতোই অনুভূতি হবে, যেখানে অনেক পোপকে সমাহিত করা হয়েছে। ঐতিহাসিকভাবে এগুলোর ব্যবহার ভিন্ন হলেও দুটি স্থানই একটি বিখ্যাত স্থাপনার নিচে আরেকটি জগৎ দেখার অসাধারণ অভিজ্ঞতা দেয়।'
কনস্টান্টিনোপল যখন পূর্ব রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল, তখন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে বর্তমান হায়া সোফিয়া নির্মিত হয়। এর আগে ওই জায়গায় দুটি গির্জা ছিল, যা একটি প্রাচীন মন্দিরের ওপর তৈরি করা হয়েছিল।
৫৩২ খ্রিস্টাব্দ থেকে শুরু হওয়া পাঁচ বছরের নির্মাণকাজ চলাকালে জাস্টিনিয়ান তার প্রাদেশিক গভর্নরদের নির্দেশ দিয়েছিলেন, নিজ নিজ এলাকার প্রাচীন ধ্বংসাবশেষ থেকে সেরা নিদর্শনগুলো কনস্টান্টিনোপলে পাঠাতে, যাতে সেগুলো হায়া সোফিয়ায় ব্যবহার করা যায়। সে সময় এটি নির্মাণে প্রায় সাড়ে সাত কোটি ডলার খরচ হয়েছিল বলে জানা যায়, যা বর্তমান বাজারমূল্যে প্রায় ১৩০ কোটি ডলারের সমান।