শিরোনাম
◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি ◈ ১৫০০ বছরের প্রাচীন স্থাপনা তুরস্কে অবস্থিত হায়া সোফিয়ার নিচে সুড়ঙ্গের রহস্য, শতাব্দী পর মিলল সন্ধান ◈ লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি ◈ রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বসিলা সেতুর পাশে ৩ হাজার একরের বিশাল আবাসন প্রকল্প ◈ আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি ◈ সংশোধনাগারে গিয়ে আরও বেপরোয়া কিশোরেরা, খাবার ও চিকিৎসার সংকট: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বড় ভাই’ সংস্কৃতির দাপট! ◈ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এলো ইনানীর গ্যাসের আগুন, এবার এক হাজার ফুট গভীরে খননের প্রস্তুতি ◈ ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ লিও‌নেল মে‌সি আর্জেন্টিনায় বন্ধুর বিদায়ী ম্যাচে খেলবেন  ◈ রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায়, বাধা মরক্কো 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০২:৩৭ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি

দেশে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি-তে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষের রোগ এখনো শনাক্ত হয়নি। ফলে তাদের চিকিৎসা শুরু হতে দেরি হচ্ছে। এতে বাড়ছে লিভার সিরোসিস, ক্যানসার ও অকালমৃত্যুর ঝুঁকি।

গতকাল ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অ্যাবট ও মেডিপ্যাক আয়োজিত 'এলিভেটিং হেপাটাইটিস ডায়াগনোসিস ইন বাংলাদেশ: ফ্রম কারেন্ট চ্যালেঞ্জেস টু নেক্সট জেনারেশন সলিউশনস' শীর্ষক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, দেশ থেকে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জন করতে কয়েকটি বিষয় জরুরি। এগুলো হলো: রোগনির্ণয়ের নির্ভুলতা বাড়ানো, মানসম্মত পরীক্ষার সুযোগ সম্প্রসারণ এবং রোগ শনাক্তের পর চিকিৎসা নিশ্চিত করা।

অনুষ্ঠানে তথ্য উপস্থাপন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অভ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফা আকরাম বর্ণা। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীর মধ্যে হেপাটাইটিস বি-র প্রকোপ আনুমানিক ৪ শতাংশ এবং হেপাটাইটিস সি-র প্রকোপ ০.৭ শতাংশ।

তিনি জানান, রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এই হার উল্লেখযোগ্যভাবে বেশি। তাদের মধ্যে হেপাটাইটিস বি-র প্রকোপ ৭ শতাংশ ও হেপাটাইটিস সি-র প্রকোপ ২২ শতাংশ।

Advertisement

উপস্থাপনার তথ্যমতে, ২০২২ সালে দেশে হেপাটাইটিস বি-জনিত কারণে ১১ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়। একই বছর হেপাটাইটিস সি-জনিত কারণে মারা যান আরও ৭ হাজার ৬৪০ জন।

আরিফা বলেন, 'লিভারের রোগ জটিল পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত অনেকের কোনো উপসর্গই দেখা দেয় না।' তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে সময়মতো চিকিৎসা ও ফলো-আপের মাধ্যমে মৃত্যুহার কমানো সম্ভব।

নীরব সংক্রমণ

আরিফা জানান, বিশ্বজুড়ে প্রায় ২৪ কোটি মানুষ দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও ৫ কোটি মানুষ দীর্ঘমেয়াদি হেপাটাইটিস সি নিয়ে বেঁচে আছেন। ভাইরাল হেপাটাইটিসে প্রতি বছর প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয়।

হেপাটাইটিস বি টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য, এর চিকিৎসাও আছে। তবু অনেক রোগী জানেনই না যে তারা আক্রান্ত।

বাংলাদেশ ২০০৩ সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) হেপাটাইটিস বি-র টিকা অন্তর্ভুক্ত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুসারে ২০১৯ সালের মধ্যে পাঁচ বছর বয়সি শিশুদের মধ্যে হেপাটাইটিস বি-র প্রকোপ ১ শতাংশের নিচে নেমে আসে।

অন্যদিকে হেপাটাইটিস সি কোনো লক্ষণ ছাড়াই কয়েক দশক শরীরে থেকে যেতে পারে। এটি মূলত রক্তের সংস্পর্শে ছড়ায়। এই রোগের কোনো টিকা নেই। তবে আধুনিক অ্যান্টিভাইরাল ওষুধের মাধ্যমে এটি পুরোপুরি সারানো যায়।

আরিফা বলেন, দুটি সংক্রমণই বিভিন্নভাবে ছড়াতে পারে। এর মধ্যে রয়েছে অনিরাপদ রক্ত সঞ্চালন, একই সূচ একাধিকজনের ব্যবহার, দূষিত চিকিৎসা সরঞ্জাম, ঠিকমতো জীবাণুমুক্ত না করা অস্ত্রোপচার বা দাঁতের চিকিৎসার যন্ত্রপাতি, সুইয়ের খোঁচায় আঘাত, মা থেকে শিশুতে সংক্রমণ এবং যৌন সংস্পর্শ।

র‍্যাপিড টেস্টের ঘাটতি

বাংলাদেশে একটি বড় উদ্বেগের বিষয় হলো র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট (দ্রুত ফল দেওয়া রোগনির্ণয় পরীক্ষা) সব ক্ষেত্রে সমান কার্যকর নয়। ফলে কিছু সংক্রমণ শনাক্ত না-ও হতে পারে।

আরিফা বলেন, কয়েকটি কারণে র‍্যাপিড টেস্টে সংক্রমণ ধরা না-ও পড়তে পারে। এর মধ্যে রয়েছে শরীরে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের মাত্রা কম থাকা, সংক্রমণের প্রাথমিক পর্যায়, ভাইরাসের মিউটেশন, টেস্ট কিটের মানের তারতম্য ও পরীক্ষায় ভুল।

তিনি বলেন, 'র‍্যাপিড টেস্টের ফল নেগেটিভ এলেই যে হেপাটাইটিস বি সংক্রমণ নেই, তা সবসময় ঠিক নয়।' তিনি পয়েন্ট-অভ-স্ক্রিনিংয়ের পরামর্শ দেন। 

হেপাটাইটিস সি-র ক্ষেত্রে তিনি বলেন, অ্যান্টিবডি পরীক্ষার ফল পজিটিভ এলে সক্রিয় সংক্রমণ নিশ্চিত হওয়ার জন্য পিসিআর পদ্ধতিতে এইচসিভি আরএনএ পরীক্ষা করা উচিত।

আরিফা কয়েকটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করেন। এর মধ্যে রয়েছে জনসচেতনতার অভাব, পরীক্ষা ও চিকিৎসার উচ্চ ব্যয়, রোগনির্ণয় সেবায় অসম প্রবেশাধিকার, মলিকুলার টেস্টিংয়ের সীমিত সক্ষমতা ও দুর্বল রেফারেল ব্যবস্থা।

তিনি ল্যাবরেটরির মান ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানান। পাশাপাশি কোভিড-১৯-এর সময় গড়ে ওঠা পিসিআর অবকাঠামো কাজে লাগিয়ে মলিকুলার টেস্টিং সম্প্রসারণ, স্বয়ংক্রিয় ফলো-আপ পরীক্ষার ব্যবস্থা এবং জেলা ও উপজেলা পর্যায়ে সাশ্রয়ী রোগনির্ণয় সেবা চালুর ওপর জোর দেন।

রোগনির্ণয়ের নির্ভুলতা বাড়ানো

অ্যাবটের কোর ডায়াগনস্টিকসের এরিয়া মার্কেটিং ম্যানেজার পঙ্কজ বিশ্বকর্মা বলেন, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে হেপাটাইটিস বি-র প্রকোপ আনুমানিক ৫ থেকে ৬ শতাংশ। আর হেপাটাইটিস সি-র প্রকোপ প্রায় ০.৫ থেকে ১ শতাংশ।

তিনি বলেন, প্রধান চ্যালেঞ্জ শুধু রোগের বোঝা নয়। বিপুলসংখ্যক রোগীর রোগনির্ণয় না হওয়াও বড় সমস্যা।

নির্ভুল রোগনির্ণয় পরীক্ষা বেছে নেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, 'রোগীদের চিকিৎসার আওতায় আনা না গেলে সংক্রমণ ছড়ানো ঠেকানো যাবে না।'

অ্যাবটের কোর ডায়াগনস্টিকসের সংক্রামক রোগ ও ইমিউনোলজি বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর হুসাইন আলী বলেন, শৈশবকালীন টিকাদানের মাধ্যমে হেপাটাইটিস বি প্রতিরোধে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে স্ক্রিনিং ও রোগনির্ণয়ে এখনো ঘাটতি রয়ে গেছে।

তিনি হেপাটাইটিস বি-র তিনটি মার্কার পরীক্ষার সুপারিশ করেন: এইচবিএসএজি, অ্যান্টি-এইচবিএস ও অ্যান্টি-এইচবিসি। এ পরীক্ষার মাধ্যমে বর্তমান সংক্রমণ, আগের সংক্রমণ ও রোগ প্রতিরোধক্ষমতার মধ্যে পার্থক্য করা যায়। সেইসঙ্গে কারা টিকা নিলে উপকৃত হতে পারেন, তা-ও চিহ্নিত করা সম্ভব হয়।

অনুষ্ঠানে অ্যাবট তাদের সর্বশেষ প্রজন্মের অ্যান্টি-এইচসিভি নেক্সট ও এইচবিএসএজি নেক্সট রোগনির্ণয় টেস্ট কিট বাজারে আনার ঘোষণা দেয়। সূত্র: টিবিএস

  • সর্বশেষ