শিরোনাম
◈ সাপ পালন থেকে অ্যান্টিভেনম তৈরি, নেওয়া হচ্ছে ৪৪ কোটি টাকার প্রকল্প ◈ কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান, চালু ১ ডিসেম্বর ◈ পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন ◈ ডাকটিকিটের বদলে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য, ১১ মাসে ৫০ কোটি টাকা আয়! ◈ মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ◈ গোপালগঞ্জে নাশকতার আশঙ্কা, আটক এসআরবির কোম্পানি কমান্ডার: গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা ◈ বেলিংহ্যামের অবিশ্বাস্য গোলে ঘুরে দাঁড়াল রিয়াল মা‌দ্রিদ, পিএসভিকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত  ◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৫৭ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপ পালন থেকে অ্যান্টিভেনম তৈরি, নেওয়া হচ্ছে ৪৪ কোটি টাকার প্রকল্প

প্রতি বছর সর্পদংশনে আক্রান্ত হন দেশের প্রায় চার লাখ মানুষ। মারা যান সাড়ে সাত হাজারের বেশি। অথচ দেশে তৈরি হয় না সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম। ভারত থেকে আমদানি করা এই প্রতিষেধকও বাংলাদেশের সব প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে সমান কার্যকর নয়। এতে চিকিৎসায় তৈরি হচ্ছে জটিলতা।

এমন পরিস্থিতিতে দেশেই স্থানীয় সাপের বিষের ধরন অনুযায়ী নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টারকে শক্তিশালী করতে নেওয়া হচ্ছে ৪৪ কোটি টাকার প্রকল্প।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে দেশে কোথাও অ্যান্টিভেনম তৈরি হয় না। ভারত থেকে আমদানি করতে হয়। ১০ ভায়ালের এক সেট অ্যান্টিভেনমের আমদানি খরচ ১৪ হাজার টাকা। একজন মানুষকে বিষধর সাপে কাটলে সাধারণত ১৪ হাজার টাকার ডোজ লাগে। পুরোপুরি আমদানিনির্ভর অ্যান্টিভেনম ব্যয়বহুল হওয়ার পরও শতভাগ কার্যকর নয়।

ভারতের অ্যান্টিভেনম সব সাপের বিষের বিরুদ্ধে কার্যকর নয়

Advertisement

আমদানি করা অ্যান্টিভেনম ভারতের চারটি প্রধান প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে তৈরি। বৈজ্ঞানিকভাবে এটি বাংলাদেশের স্থানীয় সাপের বিষ নিষ্ক্রিয় করার ক্ষেত্রে পুরোপুরি কার্যকর নয়। মাত্র ৪০ থেকে ৬০ শতাংশ বিষক্রিয়া নিষ্ক্রিয় করতে সক্ষম। ফলে স্থানীয়ভাবে উপযোগী, অধিক কার্যকর, সাশ্রয়ী ও নিরাপদ অ্যান্টিভেনম তৈরির প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক প্রভাবের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সর্পদংশনকে সবচেয়ে অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় সমস্যাগুলোর একটি হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। বিশ্ব স্বাস্থ্য পরিষদও এ বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে। এতে প্রতিটি সদস্যরাষ্ট্রকে সর্পদংশনে আক্রান্ত লাখো মানুষের কষ্ট লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং ২০৩০ সালের মধ্যে মৃত্যুহার ৫০ শতাংশ কমানোর আহ্বান জানানো হয়েছে।

৪৪ কোটি টাকার প্রকল্পে সাপ পালন থেকে অ্যান্টিভেনম তৈরি

ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসিবি) চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে অবস্থিত দেশের প্রথম ও একমাত্র সাপের বিষ ও অ্যান্টিভেনম গবেষণাকেন্দ্র। এই কেন্দ্রকে শক্তিশালী করতে ‘ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসিবি) শক্তিশালীকরণ’ প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি টাকা। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

২০১৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হয় ভিআরসিবি। কেন্দ্রটি প্রায় তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত। সেখানে রয়েছে সাপের ঘর, ইঁদুর প্রজনন কক্ষ, সাপের ক্লিনিক, কোয়ারেন্টাইন রুম, ল্যাবরেটরি রুমসহ প্রয়োজনীয় অন্য সুবিধা।

কেন্দ্রটি দেশের বিভিন্ন ভৌগোলিক অঞ্চল থেকে সাপ সংগ্রহ করে লালন-পালন করছে। সেগুলো থেকে বিষ সংগ্রহ করছে নিয়মিত। বর্তমানে কেন্দ্রটিতে বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকে সংগৃহীত ৩৭০টিরও বেশি সাপ রয়েছে। এর মধ্যে রয়েছে কোবরা, গোখরা, রাজ গোখরা, কিং কোবরা, ক্রেইট, কালাচ, সবুজবোড়া ও চন্দ্রবোড়া।

বৈজ্ঞানিকভাবে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে কেন্দ্রটিতে ১১ প্রজাতির বিষধর সাপ থেকে এরই মধ্যে মোট এক হাজার ৪৪৩ গ্রাম শুকনা বিষ সংগ্রহ করা হয়েছে। ভিআরসিবি ইতোমধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের অ্যান্টিভেনম তৈরির ৫০ থেকে ৬০ শতাংশ অগ্রগতি অর্জন করেছে। তবে পর্যাপ্ত তহবিলের অভাবে কাজটি সম্পন্ন করা যাচ্ছে না।

আমরা ১১টি বিষধর সাপের ভেনম কালেক্ট করেছি। এরপর প্রসেসিং করে অ্যান্টিভেনম তৈরি করা হবে। আমদানি করা অ্যান্টিভেনমের চেয়ে আমাদের অ্যান্টিভেনম বেশি কার্যকর হবে। কারণ, ভারতের সাপের বৈশিষ্ট্য আর আমাদের দেশের সাপের বৈশিষ্ট্য এক নয়।-ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশের গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ

ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশের গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জাগো নিউজকে বলেন, ‘আমরা ১১টি বিষধর সাপের ভেনম কালেক্ট করেছি। এরপর প্রসেসিং করে অ্যান্টিভেনম তৈরি করা হবে। আমদানি করা অ্যান্টিভেনমের চেয়ে আমাদের অ্যান্টিভেনম বেশি কার্যকর হবে। কারণ, ভারতের সাপের বৈশিষ্ট্য আর আমাদের দেশের সাপের বৈশিষ্ট্য এক নয়।’

অনেক সময় একই প্রজাতির সাপের বিষ সিলেটে এক ধরনের, চট্টগ্রামে অন্য ধরনের থাকে জানিয়ে তিনি বলেন, ‘সাপের কামড় থেকে মানুষকে রক্ষা করতে দেশে অ্যান্টিভেনম তৈরি ছাড়া উপায় নেই। প্রকল্পের মাধ্যমে আমরা জ্ঞানের দিক থেকে স্বাবলম্বী হবো। এ ছাড়া অ্যান্টিভেনম আমদানি করারও প্রয়োজন হবে না।’

গবেষণা, প্রশিক্ষণ ও তথ্যভান্ডার তৈরি

সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যান্টিভেনম তৈরির গবেষণার জন্য ভিআরসিবিতে পাঁচজন দক্ষ গবেষক নিয়োজিত আছেন। সফলভাবে অ্যান্টিভেনম উৎপাদন করা গেলে দেশে সর্পদংশনে মৃত্যুহার কমবে। পাশাপাশি ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও তা রপ্তানি করা সম্ভব হবে।

ভিআরসিবিকে শক্তিশালী করার মাধ্যমে প্রতিরোধমূলক ও গ্রামীণ স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দেওয়া সম্ভব হবে। কেন্দ্রটির সমন্বিত কাজের মডেলে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ, জার্মানির গ্যাটে বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় প্রাণিবিদ্যা বিভাগ ও সংস্থাগুলো। বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ।

সর্পদংশনের বিষক্রিয়া ব্যবস্থাপনায় মানসম্মত ক্লিনিক্যাল গাইডলাইন ও প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে। নেই পর্যাপ্ত রোগতাত্ত্বিক তথ্যভান্ডার ও বিষ গবেষণাকেন্দ্র। ফলে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অনেকাংশে অনুমাননির্ভর চিকিৎসা দিতে হয়।

এই প্রকল্পের মাধ্যমে বিষক্রিয়া ব্যবস্থাপনায় ক্লিনিক্যাল গাইডলাইন উন্নয়ন, জনবল প্রশিক্ষণ, কমিউনিটি সচেতনতা ও রোগতত্ত্বভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলা হবে। এর মাধ্যমে সর্পদংশনজনিত মৃত্যুহার কমানোর পাশাপাশি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা এবং ২০৩০ সালের মধ্যে সর্পদংশনে মৃত্যুহার কমানোর লক্ষ্যমাত্রা অর্জনেও প্রকল্পটি সহায়ক হবে।

চট্টগ্রামেই কেন গবেষণাকেন্দ্র

প্রকল্প এলাকা নির্বাচনের যৌক্তিকতা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রকল্পের মূল অবকাঠামোগত ও গবেষণা কার্যক্রমের কেন্দ্র হবে চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত বিদ্যমান ভেনম রিসার্চ সেন্টার। প্রধান কার্যক্রম এলাকা হিসেবে চট্টগ্রাম বিভাগ নির্বাচন ভৌগোলিক, রোগতাত্ত্বিক, বৈজ্ঞানিক, প্রাতিষ্ঠানিক ও কৌশলগত বিবেচনায় অত্যন্ত যৌক্তিক।

চট্টগ্রাম বিভাগের বিশেষ করে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ পাহাড়, বন, উপকূল ও গ্রামীণ এলাকাগুলো সর্পদংশনের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল। এ অঞ্চলের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও সমৃদ্ধ জীববৈচিত্র্য বিভিন্ন প্রজাতির বিষধর সাপের প্রাকৃতিক আবাসস্থল তৈরি করেছে। পাশাপাশি ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী অবস্থানের কারণে এ অঞ্চলে বিষধর সাপের প্রজাতিগত বৈচিত্র্যও উল্লেখযোগ্য।

ফলে চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ স্থানীয় বিষধর সাপের প্রজাতি শনাক্তকরণ, সংগ্রহ, লালন-পালন, বিষ সংগ্রহ ও বিশ্লেষণ এবং অঞ্চলভেদে বিষের বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য চট্টগ্রাম অত্যন্ত উপযোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০১৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত ভিআরসিবিতে ইতোমধ্যে সাপ লালন-পালন, বিষ সংগ্রহ ও সংরক্ষণ এবং গবেষণার প্রাথমিক অবকাঠামো ও অভিজ্ঞতা গড়ে উঠেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত বিভিন্ন প্রজাতির বিষধর সাপ নিয়ে কেন্দ্রটিতে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আমদানিনির্ভর অ্যান্টিভেনম পুরোপুরি কার্যকর নয়। অথচ বাড়তি টাকা দিয়ে এগুলো আমদানি করা হচ্ছে। এ জন্য ১১ প্রজাতির বিষধর সাপ থেকে মোট এক হাজার ৪৪৩ গ্রাম শুকনা বিষ সংগ্রহ করা হয়েছে। এগুলোর মাধ্যমে অ্যান্টিভেনম তৈরি করা হবে, যা আমাদের দেশের জন্য শতভাগ কার্যকর হবে।-ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশের সহযোগী গবেষক মোহাম্মদ নোমান

তাই সম্পূর্ণ নতুন স্থানে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার পরিবর্তে বিদ্যমান গবেষণা সক্ষমতা, অবকাঠামো, অভিজ্ঞ জনবল ও প্রাতিষ্ঠানিক জ্ঞান কাজে লাগিয়ে কেন্দ্রটিকে একটি পূর্ণাঙ্গ জাতীয় বিষ গবেষণাকেন্দ্র বা ন্যাশনাল ভেনম রিসার্চ সেন্টার হিসেবে শক্তিশালী করা অধিক ব্যয়-সাশ্রয়ী, বাস্তবসম্মত ও টেকসই হবে।

একই সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন চিকিৎসা, শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত গবেষণা, প্রাণিবিদ্যা ও ভেটেরিনারি সহায়তা, ল্যাবরেটরি বিশ্লেষণ, জনবল প্রশিক্ষণ এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের সুযোগ রয়েছে। এর মাধ্যমে একটি কার্যকর আন্তঃপ্রাতিষ্ঠানিক গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব।

প্রকল্পের মূল উদ্দেশ্য ও কার্যক্রম

প্রকল্পের মূল উদ্দেশ্য নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যের স্থানীয় অ্যান্টিভেনম বা সাপের বিষের প্রতিষেধক উদ্ভাবনের লক্ষ্যে একটি জাতীয় বিষ গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা।

প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে- ২০২৯ সালের মধ্যে একটি সুসজ্জিত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর জাতীয় বিষ গবেষণাকেন্দ্র স্থাপন; আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্থানীয়ভাবে বিষধর সাপ লালন-পালন, বিষ সংগ্রহ, বিশ্লেষণ ও টক্সিকোলজিক্যাল গবেষণা পরিচালনা; নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যের অ্যান্টিভেনম উদ্ভাবন ও মান নির্ধারণে সক্ষম ল্যাবরেটরি স্থাপন।

এ ছাড়া সর্পদংশন ও বিষক্রিয়া ব্যবস্থাপনায় ক্লিনিক্যাল গাইডলাইন উন্নয়ন, জনবল প্রশিক্ষণ এবং রোগতত্ত্বভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলার মাধ্যমে সর্পদংশনজনিত মৃত্যুহার কমানো ও জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা করাও প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

আমদানিনির্ভরতা কমানোর আশা গবেষকদের

ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশের সহযোগী গবেষক মোহাম্মদ নোমান জাগো নিউজকে বলেন, ‘আমদানিনির্ভর অ্যান্টিভেনম পুরোপুরি কার্যকর নয়। অথচ বাড়তি টাকা দিয়ে এগুলো আমদানি করা হচ্ছে। এজন্য ১১ প্রজাতির বিষধর সাপ থেকে মোট এক হাজার ৪৪৩ গ্রাম শুকনা বিষ সংগ্রহ করা হয়েছে। এগুলোর মাধ্যমে অ্যান্টিভেনম তৈরি করা হবে, যা আমাদের দেশের জন্য শতভাগ কার্যকর হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে অ্যান্টিভেনম আমদানির প্রয়োজন হবে না।’

সূত্র : জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ