আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি যেখানেই সরিয়ে নেওয়া হোক না কেন, সেগুলো ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতার মধ্যেই থাকবে।
তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বাসিজ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল আলী আবদুল্লাহি এ কথা বলেন।
তিনি বলেন, স্বেচ্ছাসেবী বাহিনী 'বাসিজ সপ্তাহ' হলো বাসিজ বাহিনীর এক বছরের কর্মকাণ্ড তুলে ধরা, জনগণের কাছে তাদের সেবামূলক কার্যক্রম ও অর্জন উপস্থাপন এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাসিজ সদস্যদের প্রচেষ্টার স্বীকৃতি জানানোর একটি মূল্যবান সুযোগ।
আট বছরব্যাপী ইরান-ইরাক যুদ্ধের সময় বাসিজ সদস্যদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ওই সময়ে বাসিজ সদস্যরা স্বেচ্ছায়, আত্মত্যাগের মনোভাব নিয়ে এবং কোনো ব্যক্তিগত প্রত্যাশা ছাড়াই যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন। তাঁদের অনেকেই শহীদ হয়েছেন এবং বিপুলসংখ্যক সদস্য আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। এরপরও তাঁরা একই আত্মনিবেদনের মনোভাব নিয়ে দেশ ও ইসলামি ব্যবস্থার সেবায় কাজ করে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গত ৪৮ বছর ধরে ইরান ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুতা এবং বৈরী কর্মকাণ্ডের মুখোমুখি হয়েছে। এ সময়ে পারস্য উপসাগরের যুদ্ধ, ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করা এবং তাবাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মতো বহু সংঘাত ও ঘটনা ঘটেছে।
মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শত্রুরা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দুর্বল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। বিরোধী শক্তিগুলোর প্রচারণা, অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা এবং ইরানকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা শত্রুদের মধ্যে এমন ধারণা তৈরি করেছিল যে, ইরানের প্রয়োজনীয় শক্তি ও সক্ষমতা নেই। ইসরায়েলি শাসকগোষ্ঠীও ভুল মূল্যায়ন ও বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর করে ইরানের সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিল।
ইরানের শক্তি সম্পর্কে শত্রুদের ভুল হিসাবের বিষয়ে তিনি বলেন, শত্রুরা ইরানের জনগণের ঈমান, ইচ্ছাশক্তি ও ঐক্যকে তাদের হিসাব-নিকাশে যথাযথভাবে বিবেচনা করে না। অতীতেও সাদ্দাম ইরানের জনগণের শক্তি ও সংকল্প সম্পর্কে ভুল হিসাব করে যুদ্ধে নেমেছিলেন। কিন্তু আট বছর পর তাঁকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল।