যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের কাছ থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সন্দেহভাজন চীনা গোয়েন্দা সদস্যরা। এভাবে একটি বিস্তৃত গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, সন্দেহভাজন চীনা গোয়েন্দা সদস্যরা বিভিন্ন ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে সেগুলোর মাধ্যমে চাকরির প্রস্তাব দিচ্ছে।
তবে এর পেছনে তাদের মূল লক্ষ্য হলো- যেসব ব্যক্তি সরকারি গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল পেতে পারেন, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করা। এ ধরনের তৎপরতার শিকার হয়েছেন এমন ১২ জনের সাক্ষাৎকার এবং সন্দেহজনক ওয়েবসাইটগুলো বিশ্লেষণ করেছে সিএনএন।
মার্কিন সংবাদমাধ্যমটির অনুসন্ধানে সাবেক ফেডারেল সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বাণিজ্যবিষয়ক পরামর্শকদের লক্ষ্য করে পরিচালিত বৃহত্তর গুপ্তচরবৃত্তির অভিযানের ইঙ্গিত পাওয়া গেছে। সন্দেহভাজন ব্যক্তিরা লিংকডইনের মতো পেশাজীবীদের যোগাযোগমাধ্যম ব্যবহার করে চাকরির প্রস্তাব দিচ্ছে। এসব প্রস্তাব আপাতদৃষ্টিতে বৈধ ও বিশ্বাসযোগ্য মনে হলেও এর আড়ালে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।
গত জুনে সন্দেহভাজন ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি ওয়েবসাইট জব্দ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
পরবর্তী অনুসন্ধানে একই ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন আরো ১০০টির বেশি ডোমেইনের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্র্যাসিসের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার। লেসার সিএনএনকে বলেন, ‘ওই ১৩টি ডোমেইন হিমশৈলের চূড়ামাত্র’ অর্থাৎ বাস্তবতার আড়ালে অনেক বড় ও জটিল অংশ লুকিয়ে থাকে।
সন্দেহজনক অনলাইন নেটওয়ার্কগুলো দ্রুত ভেঙে ফেলার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ওয়েবসাইটগুলো জব্দ করা প্রয়োজনীয় পদক্ষেপ হলেও তা যথেষ্ট নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমলে চাকরি হারানো ফেডারেল কর্মীরা এ ধরনের তৎপরতার শিকার হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছেন। কারণ, চাকরি ছাড়ার পর বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যদের যোগাযোগের বিষয়ে কীভাবে সাড়া দিতে হবে, সে সম্পর্কে তাদের পর্যাপ্ত নির্দেশনা দেওয়া হয়নি।
এ ছাড়া এ ধরনের তৎপরতা থেকে সুরক্ষার ব্যবস্থাও ছিল সীমিত।
এফবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি অভিযোগগুলোর তদন্ত অব্যাহত রেখেছে এবং হুমকি মোকাবিলায় আইনসম্মত পদক্ষেপ নিচ্ছে। এসব পদক্ষেপের কিছু তথ্য গোপন রাখা হতে পারে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও কাজ করছে সংস্থাটি।
তবে চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র সিএনএনকে বলেন, তথাকথিত ‘চীনা গুপ্তচর’ বয়ান ব্যবহার করে চীনকে হেয় করার প্রচেষ্টার বিরোধিতা করে বেইজিং।