শিরোনাম
◈ ডোনাল্ড ও সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ইংল্যান্ডের ৮ উইকে‌টে জয় ◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:২০ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়ের রং নিয়ে বিদ্রূপ থেকে মিস ইউনিভার্সের মঞ্চে সামিরা খান মাহি

একসময় গায়ের রং শ্যামলা বলে শুনতে হয়েছে নানা কটূক্তি। কেউ বলেছেন, তিনি সুন্দর নন; কেউ তাঁকে কুৎসিত ও মোটা বলে বিদ্রূপ করেছেন। সেই সব অপমান আর আত্মবিশ্বাসের সংকট পেছনে ফেলে এবার আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। নিজের এই পথচলার মধ্য দিয়ে বিশ্বের নারীদের আত্মবিশ্বাসী হওয়ার এবং স্বপ্নপূরণের সাহস জোগাতে চান তিনি।

মাহি বলেন, ‘সারা জীবন মানুষ আমার গায়ের রং নিয়ে উপহাস করেছে। বলেছে, আমি সুন্দর নই। আমাকে কুৎসিত ও মোটা বলেও বিদ্রূপ করেছে। এসব বাধা পেরিয়ে এসেছি। আমি চাই, বিশ্বের নারীরা নিজেদের ওপর বিশ্বাস রাখুক এবং প্রমাণ করুক, তাঁরাও যেকোনো কিছু অর্জন করতে পারেন।’

সিলেটের একটি ছোট শহর থেকে উঠে আসা মাহির জন্য বাংলাদেশের গণমাধ্যমে নিজের অবস্থান তৈরি করাও সহজ ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট থেকে এসে বাংলাদেশের গণমাধ্যমে কাজ করা সত্যিই কঠিন। নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করা সহজ ছিল না। তবে আন্তর্জাতিক এই মঞ্চে আসার পর বুঝতে পারছি, কতটা পথ পেরিয়ে এসেছি।’

মিস ইউনিভার্সের মঞ্চেও নিজের কিছু সীমাবদ্ধতা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল মাহিকে। তাঁর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। অথচ প্রতিযোগিতায় অংশ নেওয়া অধিকাংশ প্রতিযোগীর উচ্চতা প্রায় ৬ ফুট। তাঁদের অনেকের গায়ের রংও ফর্সা। তবে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের স্বতন্ত্র পরিচয়কে গ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি। মাহির ভাষায়, ‘তাঁদের সঙ্গে নিজেকে তুলনা করলে নিজের প্রতিই অসম্মান করা হবে। আমি যেমন, সেটাই আমার পরিচয়। আমার যা আছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে।’

Advertisement

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাহির যাত্রাটাও ছিল বেশ নাটকীয়। পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়ার মাত্র চার দিন আগে তাঁকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়। ফলে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাননি তিনি। মাহি বলেন, ‘মহড়া দেওয়ার মতো সময়ই পাইনি। মুকুট জয়ের পরপরই আমাকে যাত্রা করতে হয়েছে। এখানে পৌঁছাতে প্রায় ৩০ ঘণ্টা লেগেছে।’

দেরিতে পৌঁছানোর কারণে প্রতিযোগিতার বেশ কয়েকটি আয়োজনেও অংশ নিতে পারেননি তিনি। তবে সেখানে পৌঁছানোর পর দর্শক ও আয়োজকদের ভালোবাসা তাঁর অভিজ্ঞতাকে স্মরণীয় করে রেখেছে। মাহি বলেন, ‘এখানকার মানুষ আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন। অনেক আলোকচিত্রী ছিলেন। তাঁরা বাংলাদেশ, বাংলাদেশ বলে চিৎকার করছিলেন।’

সান হুয়ানের প্রচণ্ড গরম আর একের পর এক আয়োজনের ব্যস্ততায় প্রতিযোগীদের বিশ্রামের সুযোগও কম। চুল ও সাজসজ্জার দায়িত্ব নিজেদেরই সামলাতে হচ্ছে। পাশাপাশি আলোকচিত্রের আয়োজন, দাতব্য কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় নিজেদের লাগেজও বহন করতে হচ্ছে তাঁদের।

প্রতিযোগিতার একটি আয়োজনে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান প্রতিযোগীরা। শিশুদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য নিলামের আয়োজন করা হয়। এতে প্রত্যেক প্রতিযোগী নিজ দেশের একটি উপহার নিয়ে আসেন। বাংলাদেশের হয়ে মাহি বেছে নেন হাতে তৈরি গয়নার একটি সেট। কানের দুল, আংটি ও লকেটের এই সেটে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নকশা।

এদিকে মিস ইউনিভার্সে মাহির জাতীয় পোশাকও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পোশাকটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। পোশাকটির বিশেষ আকর্ষণ মাথার ওপরের বিশাল অলংকরণ। সেখানে হাতির দাঁতের রঙের আদলে তৈরি কিছু অবয়বে দেখা যায়, মায়েরা সন্তানকে কোলে ধরে আছেন। চারপাশে রয়েছে ছোট ছোট অবয়ব ও লাল ফুলের নকশা। বাংলাদেশের জাতীয় ফুল শাপলার আদলে তৈরি বড় সবুজ ও সাদা পাপড়ি পুরো কাঠামোটিকে ঘিরে রেখেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার লাল রঙের বৃত্তাকার নকশা।

জাতীয় পোশাকটির শাড়ি তৈরি হয়েছে খাদি কাপড় দিয়ে। শাড়ির পাড়ে রয়েছে লাল সুতির ভাঁজ করা নকশা, ব্লকপ্রিন্ট এবং প্যাঁচানো নকশায় ফুটিয়ে তোলা শাপলার কারুকাজ। পোশাকটি তৈরি করেছেন বিশ্বজিৎ মজুমদার ও তাঁর দল। গয়না সরবরাহ করেছে ক্যানভাস।

তবে প্রতিযোগিতার জন্য পোশাকটি প্রস্তুত করা ছিল বেশ চ্যালেঞ্জের। ৮ নভেম্বর পুয়ের্তো রিকোয় পৌঁছালেও মাহির জাতীয় পোশাকটি তাঁর হাতে আসে ২২ নভেম্বর, যেদিন ছিল জাতীয় পোশাক প্রদর্শনের আয়োজন। কাঠের তৈরি বিশাল মাথার অলংকরণটি একসঙ্গে পাঠানো সম্ভব না হওয়ায় আটটি আলাদা অংশে পাঠানো হয়েছিল।

মাহি বলেন, ‘ব্যাকস্টেজে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই স্ক্রু ড্রাইভার দিয়ে নিজেকেই সবকিছু জোড়া লাগাতে হয়েছে। এতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।’

ভারী অলংকরণটির কারণে হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল তাঁর। মঞ্চে ওঠার মাত্র তিন মিনিট আগে এর একটি পাশের অংশ খুলে পড়ে। মাহি বলেন, ‘হাঁটার সময় আমাকে সেটি ধরে রাখতে হয়েছিল।’

শেষ মুহূর্তের এই বিপত্তি সত্ত্বেও পোশাকটির পেছনের গল্প দর্শকদের কাছে তুলে ধরতে পেরে খুশি মাহি। তাঁর পোশাকের মূল ভাবনা মাতৃত্বের চক্র। একজন মা সন্তানকে গর্ভে ধারণ করেন, কন্যাসন্তানের জন্ম দেন, তাকে বড় করেন ও শিক্ষিত করে তোলেন। একসময় সেই মেয়েই মায়ের বয়স হলে তাঁর যত্ন নেয়।

মাহি বলেন, ‘পোশাকটির গল্প জানার পর অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। বেশির ভাগ মানুষ কেঁদেছেন। তাঁরা আমার সঙ্গে ছবিও তুলেছেন এবং বলেছেন, পোশাকটির ভাবনা খুব অর্থবহ। ধারণাটি তাঁদের ভালো লেগেছে।’

সাঁতারের পোশাক পর্বে বিকিনির পরিবর্তে বুরকিনি বেছে নিয়েছেন মাহি। নিজের সাংস্কৃতিক পরিচয় ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাহির ভাষায়, ‘আমি বুরকিনি পরতে চেয়েছি, কারণ এটি আমার বাংলাদেশি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এতে আমি আত্মবিশ্বাসী বোধ করেছি। গর্ব নিয়েই মঞ্চে হেঁটেছি।’

সান্ধ্য পোশাক পর্বে তাঁর পরনে ছিল ধাতব রুপালি, উষ্ণ ন্যুড ও সাদা রঙের ভিয়েতনামি গাউন। প্রতিযোগিতার প্রস্তুতির জন্য হাতে সময় কম থাকায় পোশাক সংগ্রহ করতে তাঁর দলকে থাইল্যান্ডেও যেতে হয়েছিল।

তবে মাহির কাছে সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি ছিল বিশাল দর্শকপূর্ণ স্টেডিয়ামে নিজের পরিচয় দেওয়ার সময় বাংলাদেশের নাম ঘোষণা করা। তিনি বলেন, ‘সেই বিশাল স্টেডিয়ামে কয়েক হাজার নয়, কয়েক দশ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের সামনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।’

প্রতিযোগিতার অনলাইন ভোটেও বাংলাদেশের অবস্থান নিয়ে আশাবাদী মাহি। তাঁর ভাষ্য, ভোটের তালিকায় বাংলাদেশ কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় অবস্থানে রয়েছে। ভোটের সময় শেষ হওয়ার আগে দেশের মানুষের আরও বেশি অংশগ্রহণ চান তিনি। মাহি বলেন, ‘এত মানুষ আমাকে সমর্থন করছেন দেখে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। ভোট দেওয়ার জন্য এখনো এক দিন সময় আছে। আমি চাই, আরও বেশি মানুষ ভোট দিন, যাতে আমরা প্রথম স্থানে পৌঁছাতে পারি।’

মিস ইউনিভার্সের প্রচলিত প্রতিযোগিতার বাইরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছেন মাহি। সেটি জলবায়ু পরিবর্তন ও এর ফলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর তৈরি হওয়া সংকট। বিশেষ করে বন্যার বিষয়টি তাঁর প্রচারণার কেন্দ্রে রয়েছে। সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের বন্যাকবলিত মানুষের দুর্ভোগকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান তিনি।

মাহি জানান, ২০২২ সাল থেকেই বন্যা নিয়ে বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বন্যাদুর্গত মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই তাঁকে বিষয়টি মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে অনুপ্রাণিত করেছে।

নিজের এই পথচলায় দেশের মানুষের সমর্থন ও ভালোবাসার ওপর ভরসা রাখছেন সামিরা খান মাহি। শেষ কথায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।’ 

সূত্র : ইনকিলাব 

  • সর্বশেষ