ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের
অষ্টম চালান এসেছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধান ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জ্বালানিবাহী তিনটি বিশেষ লরি প্রকল্প এলাকায় ঢোকে।
এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের সাতটি চালান মিলিয়ে মোট আটটি চালান প্রকল্পে পৌঁছাল।
সংশ্লিষ্ট সূত্রের খবর, মোট ৯টি চালানে এই জ্বালানি দেশে আনার কথা রয়েছে। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে আবার জ্বালানি ভরতে আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনার কথা জানিয়েছিল।
রাশিয়ার কারিগরি সহায়তায় গড়ে ওঠা এই প্রকল্পে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট আছে; প্রতিটি ইউনিট ১ হাজার ২০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। অন্যদিকে প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার কাজ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এ ধাপ শুরু হয়। এই পর্বে ১০ থেকে ২৪ ঘণ্টা ধরে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হবে।
এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল রূপপুরের প্রথম ইউনিট। সাড়ে আট ঘণ্টার বেশি সময় উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়; সেদিন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গিয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্ত হয়েছে, যা পুরো জাতির জন্য বড় আনন্দের খবর। দীর্ঘ অপেক্ষা, ধাপে ধাপে কারিগরি কাজ ও জটিল পরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে এসেছে।
পরীক্ষামূলক সরবরাহের অগ্রগতি জানিয়ে মন্ত্রী আরও বলেন, গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে এবং ফল সন্তোষজনক। পরে গ্রিডের ভারসাম্য ঠিক রাখতে সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে রাখা হয়েছে। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, সোমবার সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় দফায় প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ গ্রিডে যাচ্ছে, যা ১০ থেকে ২৪ ঘণ্টা চলবে। এ সময় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে।
রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পুরোদমে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। এ সময় রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রথম ইউনিটের দায়িত্ব প্রভিশনাল টেকওভারের মাধ্যমে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এরপর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
দুটি ইউনিট পুরোপুরি চালু হলে রূপপুর প্রকল্প থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে। বাড়তি বিদ্যুতের চাহিদা মেটানো, জ্বালানির নিরাপত্তা এবং দেশের অর্থনীতিতে নতুন গতি আনতে এ কেন্দ্র বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।