নোয়াখালীর স্বর্ণদ্বীপে নেমে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পাশের আসনে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ মঙ্গলবার স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণের কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীকে সামরিক যান চালাতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১১টার দিকে তার হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে পৌঁছালে সেনাপ্রধান তাকে স্বাগত জানান।
এর আগে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম জানান, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত বিশেষ যৌথ প্রশিক্ষণের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।
এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। গত এক যুগের বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন হয়েছে।
মহড়া পরিদর্শন শেষে বিকালে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা আছে।