নিউইয়র্ক টাইমস: দক্ষিণ কোরিয়ার মিরিয়াং শহরে প্রায় এক লাখ মানুষের বাস। দেশটিতে প্রজনন হার নারীপ্রতি একটি সন্তানেরও কম। মিরিয়াংয়ের শেষ প্রসূতি ওয়ার্ডটি সম্প্রতি বন্ধ হয়ে গেছে। সেখানে কর্মরত দুই চিকিৎসকের বয়স ছিল ৭৩ ও ৬৪ বছর। ওয়ার্ডটি চালু রাখতে তাদের দিনরাত ডাকের অপেক্ষায় থাকতে হতো। অথচ বেশির ভাগ দিনে, বেশির ভাগ রাতে প্রসব করানোর মতো কোনো শিশুই থাকত না।
ওয়ার্ড বন্ধ হলেও শিশুর জন্ম থেমে থাকবে না। সেই শিশুদের যত্নেরও প্রয়োজন হবে। প্রসববেদনায় থাকা মায়েদের এখন গাড়িতে করে অন্য কোথাও নিয়ে যেতে হবে। আর পথে যদি এমন কোনো জরুরি পরিস্থিতি দেখা দেয় যে সি-সেকশন (সিজারিয়ান) জরুরি হয়ে পড়ে, তাহলে অ্যাম্বুলেন্সের কর্মীরা প্রাথমিক সেবা দিতে পারবেন ঠিকই, কিন্তু অস্ত্রোপচার করতে পারবেন না।
গ্রিসের দ্রাকোত্রিপা গ্রামে একসময় তিনটি বিদ্যালয় ছিল। ১৯৬০-এর দশকে সেখানে শিক্ষার্থী ছিল দুই শতাধিক। কিন্তু কয়েক দশক ধরে নিম্ন প্রজনন হার আর মানুষের অন্যত্র চলে যাওয়ার ফলে ২০২৫ সালে দ্রাকোত্রিপার শেষ প্রাথমিক বিদ্যালয়টিও বন্ধ হয়ে যায়। বিদায় অনুষ্ঠানে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী সশরীরে হাজির হন, অন্যরা যোগ দেন ভিডিও কলে। শেষ ব্যাচের হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী একটি বিদায়ী কবিতা আবৃত্তি করে।
উরুগুয়েতে প্রজনন হার নেমে এসেছে নারীপ্রতি প্রায় ১.৪ সন্তানে। দেশটির সামনে এমন এক ভবিষ্যৎ, যেখানে অবসরপ্রাপ্ত মানুষ বাড়বে আর কর্মক্ষম মানুষ কমবে। সরকার এরইমধ্যে অর্থনীতির বিশাল একটি অংশ পেনশনের পেছনে ব্যয় করছিল—মোট জিডিপির প্রায় ১০ শতাংশ। তাই পার্লামেন্ট অবসরের বয়স পাঁচ বছর বাড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে তীব্র লড়াই হয়। সিদ্ধান্তটি বাতিলের আশায় শ্রমিক ইউনিয়নগুলো দেশব্যাপী গণভোট আদায় করে নেয়। কিন্তু সিদ্ধান্ত বাতিলের সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে দেশটিতে তরুণ প্রজন্মের শ্রমিকদেরই এখন বার্ধক্যের দিকে এগোনো সমাজের বাড়তি খরচের বেশির ভাগ বহন করতে হবে।
জনসংখ্যা হ্রাস উদ্যাপন করার মতো কোনো আশীর্বাদ নয়। এ এমন এক চ্যালেঞ্জ, যার মোকাবিলা করতে হবে। এবং এটি অনিবার্য। অনেক জায়গায় এরইমধ্যে পাঁচ বছর বয়সি শিশুর চেয়ে নবজাতকের সংখ্যা কম, ১০ বছর বয়সিদের চেয়ে পাঁচ বছর বয়সিদের সংখ্যা কম, আর ১৫ বছর বয়সিদের চেয়ে ১০ বছর বয়সিদের সংখ্যা কম। যুক্তরাষ্ট্রে এ চিত্র সত্য, সত্য আর্জেন্টিনা, ইউরোপ, ভারত, জাপানসহ আরও নানা জায়গায়।
শিগগিরই 'বেবি বুম' (জন্মহারের ব্যাপক বৃদ্ধি) ঘটবে, এমনটা আশা করার কোনো কারণ নেই। জন্মহার বাড়াতে সরকারগুলো নানা নীতি নিয়েছে—সন্তান জন্মের জন্য এককালীন নগদ ভাতা, করছাড়, শিশুযত্নে ভর্তুকি, এমনকি জোরজবরদস্তিও।
কিন্তু কোথাও এসব নীতি প্রজনন হারে বড় ও টেকসই বৃদ্ধি আনতে পারেনি। আর দূর ভবিষ্যতের কোনো প্রজন্মে মানুষ যদি বড় পরিবার গড়তে চায়ও, তাতে আজকের সমস্যার সমাধান হবে না। ভবিষ্যতে কোনো একদিন বেশি শিশু জন্মালেও আজকের নির্মাণশ্রমিক, উদ্ভাবক, সেবাকর্মী বা করদাতার চাহিদা মিটবে না। পৃথিবী জনসংখ্যা হ্রাসের দিকে এগোচ্ছে, এ কথা স্বীকার করার এবং সেই বাস্তবতার জন্য প্রস্তুতি নেওয়ার সময় এসেছে এখন।
প্রথম করণীয়টি বলা সহজ, যদিও করা কঠিন। যেসব দেশে জনসংখ্যার ঘাটতি দেখা দিচ্ছে, তাদের উচিত অস্থায়ী ও স্থায়ী—দুই পথেই আরও বেশি অভিবাসীকে স্বাগত জানানো। আজ জন্ম নেওয়া একটি শিশু কাজের উপযোগী হতে কয়েক দশক লাগবে। কিন্তু অন্য দেশে জন্ম নেওয়া একজন প্রাপ্তবয়স্ক মানুষ এখনই অবদান রাখতে পারেন, সঙ্গে নিজের জীবনেরও উন্নতি ঘটাতে পারেন।
বিষয়টি শুধু অর্থনৈতিক নয়। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ জন চিকিৎসক ও সেবা সহকারীর মধ্যে প্রায় তিনজনই অভিবাসী। গবেষকেরা দেখেছেন, যুক্তরাষ্ট্রে যখনই অভিবাসন কমেছে, দেশটির চিকিৎসাসেবার মান খারাপ হয়েছে। নার্সিং হোমে পূর্ণকালীন সেবাকর্মী কমে গেলে সংক্রমণ বাড়ে, রোগীদের বারবার হাসপাতালে ভর্তি হতে হয় এবং মৃত্যুও বাড়ে।
বিদেশি কর্মীদের জন্য বৈধ পথ সংস্কার ও সম্প্রসারণ করতে নতুন নিয়ম যেমন লাগবে, তেমনি লাগবে নতুন প্রাতিষ্ঠানিক সক্ষমতা—যাতে অভিবাসন মানবিকভাবে পরিচালনা করা যায় এবং একে আড়াল থেকে প্রকাশ্যে আনা যায়। তবে প্রথম ও সবচেয়ে বড় বাধা রাজনৈতিক। উদাহরণ হিসেবে ইউরোপের কথাই ধরা যাক। মহাদেশটিতে জনসংখ্যা এরইমধ্যে কমতে শুরু করেছে। তবু জার্মানির উগ্র ডানপন্থি দল এএফডির মতো অভিবাসনবিরোধী দলগুলো ভোট পেয়েই চলেছে।
তাছাড়া যে পৃথিবীতে প্রায় সব জায়গায় কর্মক্ষম জনগোষ্ঠী কমছে, সেখানে অভিবাসনও চিরকালের সমাধান হতে পারবে না। গত তিন দশকে লাতিন আমেরিকায় প্রজনন হার যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে কমেছে—১৯৯০ সালে নারীপ্রতি ৩.২টি জন্ম থেকে বর্তমানে ১.৮। যেসব দেশ এখন অভিবাসী পাঠায়, তাদেরও নিজস্ব জনসংকটে পড়তে হবে একসময়।
কীভাবে সেবা কমানো ও একীভূত করা হবে, সে সিদ্ধান্ত জনগোষ্ঠীগুলোর এখনই নেওয়া উচিত। জনসংখ্যা কমলে বিদ্যালয় ও ক্লিনিক বন্ধ হবেই—কিন্তু কাদেরটা? কোনো এলাকাই স্বেচ্ছায় প্রথম হতে চাইবে না। সরকারি সেবা পেতে স্বেচ্ছায় বাড়তি পথ পাড়ি দিতে রাজি হবে না কেউই। আপনা থেকেই ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে, এমনটা আশা করার কোনো কারণ নেই।
ছোট পরিসরে সেবা চালু রাখতে খরচ বেশি পড়ে, অথচ ফল মেলে কম। অল্প জনসংখ্যার জন্য চালু রাখা জরুরি বিভাগ ব্যয়বহুল, টিকে থাকতে ভর্তুকি লাগে—এবং জীবন বাঁচানোয় সেগুলো তুলনামূলক কম কার্যকর। ছোট পানি সরবরাহব্যবস্থায় প্রতি গ্যালনে খরচ বেশি হয়, আর সরবরাহ করা পানিও হয় বেশি অপরিষ্কার। বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেলে মাথাপিছু শিক্ষাব্যয় নাটকীয়ভাবে বেড়ে যায়। একসময় ব্যয়বহুল সেবা টেনে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়।
ফলে হাসপাতাল বন্ধ হবে। বন্ধ হবে গ্রন্থাগার এবং আরও নানা সরকারি-বেসরকারি সেবা, যেগুলোর পর্যাপ্ত রোগী, গ্রাহক বা নাগরিক থাকবে না। বিদ্যালয়গুলো এরইমধ্যে নিম্ন জন্মহারের ধাক্কা সামলাচ্ছে। কারণ জন্ম কমা থেকে শিক্ষার্থী কমা পর্যন্ত পৌঁছাতে মাত্র কয়েক বছর লাগে। যুক্তরাষ্ট্রে জন্মসংখ্যা ২০০৭ সালের ৪৩ লাখ থেকে কমে ২০২৫ সালে ৩৬ লাখে নেমেছে।
প্রযুক্তিগত অগ্রগতি কিছু স্থানীয় ভৌগোলিক সীমাবদ্ধতা কমাবে। দোকানপাট বন্ধ হয়ে গেলে ব্যাংকিং ও কেনাকাটার আরও বড় অংশ অনলাইনে হতে পারে। হয়তো সরাসরি সাক্ষাতের কম সুযোগ নিয়েই আমরা চালিয়ে নেব। দূরবর্তী চিকিৎসকের সঙ্গে ভিডিও কল কিংবা এআইয়ের মাধ্যমে রোগনির্ণয় একজন চিকিৎসকের কাজের কিছু অংশের বিকল্প হতে পারে। কিন্তু কখনো কখনো লসিকাগ্রন্থি (লিম্ফ নোড) হাত দিয়ে পরীক্ষা করার জন্য একজন মানুষেরই প্রয়োজন হয়।
সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীগুলো হয়তো এই বন্ধ হয়ে যাওয়ার দায় অন্য এলাকা বা অন্য গোষ্ঠীর ঘাড়ে চাপিয়ে দিতে পারবে। কিন্তু এসব বন্ধ হওয়া আর ক্ষতির বোঝা কারও না কারও ওপর পড়বেই। এই মুহূর্তে টেক্সাস থেকে ভারমন্ট পর্যন্ত বিদ্যালয় একীভূতকরণ নিয়ে রাজনৈতিক বিরোধ চলছে। চীনে বিদ্যালয় বন্ধ হওয়া শুরু হয়েছিল কয়েক দশক আগে।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ পরিবার, নৃতাত্ত্বিক সংখ্যালঘু ও মেয়েরা। আপনার জনগোষ্ঠী কী রাখবে আর কী বন্ধ করতে বাধ্য হবে, তা অন্য কোনো জনগোষ্ঠীর করণীয়র সঙ্গে না-ও মিলতে পারে। তবে কোনো সংকীর্ণ স্বার্থগোষ্ঠীকে আগে পদক্ষেপ নিতে দেওয়ার জন্য অপেক্ষা না করে আগেভাগেই পরিকল্পনা করা ভালো—কোন সেবা ভাগাভাগি করা যায়, আর কোন সেবা বন্ধ করতেই হবে।
প্রতিটি দেশের সরকারকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে—কে বেশি দিন কাজ করবে, কে বেশি অর্থ দেবে, কে কম পাবে। খুব সম্ভব তিনটিই করতে হবে। বিশেষজ্ঞরা কয়েক দশক ধরেই এ বিষয়ে স্পষ্ট বলে আসছেন। আধুনিক কল্যাণরাষ্ট্র গড়ে উঠেছিল অপেক্ষাকৃত তরুণ এক পৃথিবীর জন্য। পূর্বাভাস অনুযায়ী, আজ জন্ম নেওয়া একটি শিশু যখন প্রথম শ্রেণিতে উঠবে, তত দিনে মার্কিন সোশ্যাল সিকিউরিটির অবসর ট্রাস্ট ফান্ড নিঃশেষ হয়ে যাবে। কংগ্রেস পদক্ষেপ না নিলে তখন স্বয়ংক্রিয়ভাবে ভাতা ২২ শতাংশ কমে যাবে।
জনসংখ্যা পরিবর্তনের আর্থিক খরচ কেবল পেনশনের চেক বা স্বাস্থ্যসুবিধায় সীমাবদ্ধ নয়। ২০৬০ সালের মধ্যে ৫০ বছরের বেশি বয়সি ৬০ লাখের বেশি মার্কিন নাগরিকের জীবিত কোনো সঙ্গী, সন্তান, ভাইবোন বা মা-বাবা থাকবে না। ২০১৫ সালে এ সংখ্যা ছিল প্রায় ২০ লাখ।
দায়িত্ব ভাগ করে নেওয়ার মতো পরিবারের সদস্য কমে যাওয়ায় সবাইকেই অর্থের বিনিময়ে সেবা নেওয়ার জন্য আরও বেশি প্রস্তুত থাকতে হবে। আর সমাজ যদি বাড়তি করের মাধ্যমে এর খরচ জোগাতে রাজি না হয়, তাহলে এ কাজ করবে কে? বাধ্য হয়ে শেষ আত্মীয়টি? নাকি কেউই না? অতীতে পরিবারের মূল্যবান অবদানগুলো আসত ভালোবাসা ও কর্তব্যবোধ থেকে। এ কাজের কোনো পারিশ্রমিক ছিল না, তাই জাতীয় হিসাবে কখনো এটি ধরা পড়েনি। কিন্তু এর অনুপস্থিতি শিগগিরই ধরা পড়বে—হয় বাজেটে, নয়তো না-পাওয়া সেবায়।
দীর্ঘমেয়াদি সেবা ও প্রতিবন্ধিতাজনিত সেবার জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হলে আর্থিক ঘাটতি বর্তমান পেনশন হিসাবে যা দেখা যাচ্ছে, তার চেয়েও গভীর হবে। আর শুধু সরকারি ব্যয় বাড়ালেই চলবে না। সেই ব্যয় ন্যায্য ও দক্ষ করতে নতুন নিয়ন্ত্রক অবকাঠামোও লাগবে। এআইয়ের ঝুঁকি, বিদেশের যুদ্ধ আর গণতন্ত্রের পশ্চাদপসরণের মতো বিষয়ের সঙ্গে প্রতিযোগিতা করে সেবাকাজের দিকে মনোযোগ টানা কঠিন হবে। তবে একে অপরের যত্ন নেওয়ার নতুন পদ্ধতি—যা একাধারে সহমর্মী ও ন্যায্য—হবে উদ্যাপন করার মতো অর্জন।
আমরা যা-ই আশা করি না কেন, জনসংখ্যা হ্রাসের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সহজও হবে না। বিষয়টি আপনাআপনিও ঘটবে না। তবু আমাদের রাজনীতি, সৃজনশীলতা, দূরদর্শিতা ও সহমর্মিতার সামনে সুযোগ আছে পরিস্থিতির দাবি মেটানোর এবং কঠিন সিদ্ধান্তগুলো ভালোমতো নেওয়ার। মানুষ যা করে ও যা দেয়, তার বড় অংশের বিকল্প যদি মানবজাতি খুঁজে পায়, সেটি হবে এক ধরনের সাফল্য। কিন্তু গুরুত্বপূর্ণ সবকিছু তাতে ধরা পড়বে না।
ছোট হয়ে আসতে থাকা পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষতিটিই হয়তো সবচেয়ে কম চোখে পড়বে। এমন শত শত কোটি জীবন সম্ভব ছিল, যেগুলো সুন্দর হতে পারত। জনসংখ্যা হ্রাসের ভবিষ্যতে সেই জীবনগুলো আর যাপিত হবে না।
তাই বাজেট ও সেবা একীভূতকরণের ব্যবহারিক প্রশ্নের বাইরেও একটি প্রশ্ন রয়ে যায়: কোনটি আসলে গুরুত্বপূর্ণ? শত শত কোটি কম মানুষ যদি ভবিষ্যৎ দেখার সুযোগ পায়, তাতে কি কিছু আসে-যায়? এ প্রশ্ন আমাদের প্রত্যেকেরই ভেবে দেখা উচিত। মানুষ—তাদের জীবন ও অভিজ্ঞতা—নিজেরাই মূল্যবান। জনসংখ্যা হ্রাসের ভবিষ্যতে আমরা হয়তো অনেক কিছুই অর্জন করতে পারব। কিন্তু যে জীবন কখনো যাপিতই হলো না, তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কোনো উপায় নেই। অনুবাদ: টিবিএস