বিবিসি: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় একটি ফর্সাকারী ক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ওই ক্রিম ব্যবহার করে ১৭ বছর বয়সী এক কিশোরী গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কিশোরীর চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন, ক্রিমটিতে বিপজ্জনক মাত্রায় পারদ থাকার কারণে তার এমন একটি রোগ হয়েছে, যাতে কিডনির রক্ত পরিশোধনের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।
কিশোরীর পরিচয় গোপন রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে ব্রণ ও ত্বকের কালচে দাগ দূর করার জন্য সে ক্রিমটি কিনেছিল বলে জানা গেছে।
ভারতে ত্বক ফর্সা করার ক্রিমের প্রতি মানুষের প্রবল আগ্রহ রয়েছে। এ কারণে দেশটিতে ফর্সাকারী ক্রিম বিক্রি করা বিভিন্ন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। তবে এসব প্রতিষ্ঠানের সবগুলোর কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার নজরদারির আওতায় নেই।
বিশেষজ্ঞরা বলছেন, এসব ক্রিমের কিছুতে পারদ ও সিসার মতো বিষাক্ত ধাতু থাকতে পারে। তবে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এসব ক্রিম বিক্রি হওয়ায় প্রতিষ্ঠানগুলো প্রায়ই কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে যায়।
তারা আরও বলছেন, এসব প্রতিষ্ঠানের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের কাছে তাদের পণ্যের প্রচার চালায়। অথচ এসব পণ্যের অনেকগুলোই অনুমোদিত নয় এবং যথাযথভাবে পরীক্ষাও করা হয়নি।
কেরালার মালাপ্পুরম জেলার অ্যাস্টার এমআইএমএস মাদার হাসপাতালে ওই কিশোরীর চিকিৎসা করা হয়। হাসপাতালটি এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষাগারে ক্রিমটি পরীক্ষা করে প্রতি ১০ লাখ ভাগে ১২ হাজার ৫০০ ভাগ পারদ পাওয়া গেছে। ত্বক ফর্সাকারী প্রসাধনীতে পারদের অনুমোদিত মাত্রা প্রতি ১০ লাখ ভাগে এক ভাগেরও কম। ফলে ক্রিমটিতে পারদের পরিমাণ অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি।
এ ধরনের চর্চার বিরুদ্ধে প্রতিবাদ বাড়লেও ভারতে ফর্সা ত্বকের প্রতি মানুষের পছন্দ এখনো বিয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত, পেশাগত সুযোগ এবং সৌন্দর্যবিষয়ক ধারণাকে প্রভাবিত করে।
হাসপাতালটির কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সতীশ বলেন, কিশোরীটি 'মেমব্রেনাস নেফ্রোপ্যাথি' নামে একটি রোগে আক্রান্ত হয়েছে। এটি প্রাণঘাতী হতে পারে। এ রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার তৈরি কিছু পদার্থ কিডনির রক্ত পরিশোধনকারী পর্দায় জমা হয়। ফলে ওই পর্দা পুরু হয়ে যায় এবং প্রস্রাবের সঙ্গে প্রচুর পরিমাণে প্রোটিন বেরিয়ে যেতে থাকে।
তিনি আরও বলেন, ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করা পারদ কিডনির রক্ত পরিশোধনকারী অংশের ক্ষতি করতে পারে। এর ফলে রক্তে বিষাক্ত পদার্থের মাত্রা বেড়ে যায়। সময়মতো চিকিৎসা না করালে এ ধরনের বিষক্রিয়ায় কিডনি বিকল হতে পারে। পাশাপাশি স্নায়ুতন্ত্রেরও গুরুতর ক্ষতি হতে পারে।
কিশোরীটি জানায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অ্যাপের মাধ্যমে সে প্রথম এই ফর্সাকারী ক্রিম কেনা শুরু করে। গত এক বছরে সে ক্রিমটির তিনটি বোতল কিনেছে।
কিশোরীটি অনমানোরামা সংবাদপত্রকে বলে, 'প্রতিষ্ঠানটি দাবি করেছিল, প্রতি রাতে নিয়মিত ক্রিমটি ব্যবহার করলে ব্রণ ও ত্বকের কালচে দাগ দূর হবে। নিয়মিত ব্যবহারে দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও তারা প্রতিশ্রুতি দিয়েছিল।'
তবে কয়েক মাস ক্রিমটি ব্যবহারের পর তার শরীরে ক্লান্তি, মাথাব্যথা, মাথা ঘোরা ও ঘুমের সমস্যা দেখা দেয়। একই সঙ্গে তার পা ও মুখ ফুলে যেতে শুরু করে। এমনকি সোজা হয়ে দাঁড়াতেও তার কষ্ট হতো বলে সংবাদপত্রটিকে জানায় ওই কিশোরী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, 'শরীর মারাত্মকভাবে ফুলে যাওয়া এবং শারীরিক অবস্থার গুরুতর অবনতির কারণে প্রথমে কিশোরীটিকে তার মা-বাবা হাসপাতালে নিয়ে আসেন।'
হাসপাতালের বিবৃতিতে আরও বলা হয়, 'প্রাথমিক চিকিৎসা শুরু করা হলেও তার শারীরিক অবস্থার অস্বাভাবিক অবনতির কারণে চিকিৎসকদের সন্দেহ হয়, এর পেছনে কোনো বিষাক্ত পদার্থের প্রভাব থাকতে পারে। পরে রক্ত পরীক্ষা ও শারীরিক বিভিন্ন পরীক্ষায় তার শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি পাওয়া যায়।'
চিকিৎসকদের সন্দেহ হয়, ত্বকের মাধ্যমে পারদ কিশোরীটির রক্তে প্রবেশ করেছে। এ কারণে তারা ফর্সাকারী ক্রিমটির একটি নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে, ক্রিমটিতে পারদের পরিমাণ ভারতের প্রসাধনীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রণ সংস্থার নির্ধারিত অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি।
এরপর চিকিৎসকেরা কিশোরীটির শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার জন্য ওষুধ দেন। পাশাপাশি কিডনির জটিলতাগুলোর চিকিৎসাও চালিয়ে যান।
প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর থেকে সে বাড়িতে থেকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছে। সোমবার বিবিসিকে কিশোরীটি জানায়, এখনো তার কিছু শারীরিক সমস্যা রয়েছে। পড়াশোনা করতেও তার অসুবিধা হচ্ছে।
চিকিৎসক সতীশ বলেন, 'চিকিৎসা শুরুর পর থেকে তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। সম্পূর্ণ সুস্থ হতে তার আরও কিছুটা সময় লাগতে পারে।'
এদিকে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কেরালা পুলিশ। পাশাপাশি ফর্সাকারী ক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে কেরালা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনও।
এই ঘটনা আবারও ভারতে ফর্সা ত্বকের প্রতি মানুষের প্রবল আকর্ষণের বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে নারীরা ফর্সা হওয়ার প্রতিশ্রুতি দেওয়া ক্রিম কিনতে আগ্রহী। এসব ক্রিম যথাযথভাবে নিয়ন্ত্রিত কি না, তা নিয়েও তারা অনেক সময় ভাবেন না। এর পেছনে রয়েছে ভারতীয় সমাজে গায়ের রং নিয়ে দীর্ঘদিনের বৈষম্য। যাদের গায়ের রং ফর্সা নয়, তারা প্রায়ই বৈষম্যের শিকার হন।
সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক অধিকারকর্মী এবং বলিউডের অভিনেতারাও ফর্সা ত্বকের প্রতি এই অস্বাস্থ্যকর আকর্ষণের বিরুদ্ধে কথা বলেছেন। ফর্সা হলেই কাউকে বেশি সুন্দর মনে করার দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে তারা চ্যালেঞ্জ জানাচ্ছেন। অনুবাদ: টিবিএস