শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিআরটিএতে ইন্টার্নশিপের সুযোগ : মাসে ভাতা ১০ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হচ্ছে। তিন মাস মেয়াদি এ ইন্টার্নশিপে নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতার পাশাপাশি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

২০২৬-২৭ অর্থবছরে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একজনকে এ ইন্টার্নশিপের জন্য নির্বাচন করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সম্প্রতি বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

Advertisement

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসব পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
আবেদনকারীদের স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে থাকতে হবে।

ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী, একজন প্রার্থী কেবল একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জমা দিতে হবে।

ইন্টার্নশিপের সুযোগ-সুবিধা ও শর্ত

নির্বাচিত প্রার্থী তিন মাস ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। এ সময়ে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। তবে এ ভাতার বাইরে অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না।

নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী ঘোষণাপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। মন্ত্রণালয় বা অধিদপ্তর নির্ধারিত সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। প্রতি মাসের ভাতা পেতে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মসম্পাদনের প্রত্যয়ন জমা দিতে হবে।

ইন্টার্নশিপ চলাকালে প্রার্থীকে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকার প্রত্যয়ন দেওয়া হবে না। তবে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করলে সনদ দেওয়া হবে। এই সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো ধরনের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে না। ইন্টার্নশিপ শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কিংবা এর অধীন কোনো দপ্তর-সংস্থাসহ অন্য সরকারি প্রতিষ্ঠানে চাকরির দাবিও করা যাবে না।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিআরটিএর ওয়েবসাইটের নোটিশ বিভাগ থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদন ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ ভবন (ষষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২ ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন আগামী ৬ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদন যাচাই-বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের লিখিত বা মৌখিক অথবা উভয় পরীক্ষায় অংশ নিতে হতে পারে। পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের ই-মেইল, ওয়েবসাইট অথবা মুঠোফোনের মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ ভাতা (টিএ) ও দৈনিক ভাতা (ডিএ) দেওয়া হবে না।

মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লেখ করা তথ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি এসব কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • শিক্ষাগত যোগ্যতার সব সনদ
  • বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সক্রিপ্ট
  • সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ বা প্রশংসাপত্র
  • জাতীয় পরিচয়পত্র
  • নাগরিকত্বের সনদ, সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি
  • ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে বিআরটিএর ওয়েবসাইটে। 

  • সর্বশেষ