শিরোনাম
◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয়

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৬:০১ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাক্ষ্যগ্রহণের সব পর্যায় শেষ হয়েছে। এবার মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। অন্য দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, মামলায় জিয়াউল আহসানের পক্ষে-বিপক্ষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী মঙ্গলবার থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। রোববার আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি।

এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের জেরা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনের পর্ব শেষ হয়। পরে আসামিপক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণের কার্যক্রমও শেষ হয়।

Advertisement

মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। রাষ্ট্রপক্ষের সর্বশেষ ও ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল গত ১ অক্টোবর। দীর্ঘ জবানবন্দি ও আসামিপক্ষের জেরা শেষে গত বৃহস্পতিবার তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে গত ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের শাসনামলে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতায় শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার বিচার চলছে। মামলাটিতে একমাত্র আসামি তিনি।

জিয়াউল আহসান সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার তিনি ভার্চ্যুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নেন।

আগামী মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হলে মামলাটি বিচারপ্রক্রিয়ার শেষ পর্যায়ের দিকে এগোবে। উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর রায় ঘোষণার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। তবে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনালের রায়ে।

  • সর্বশেষ