স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ রাইজিং স্টার্সে রুদ্ধশ্বাস লড়াই শেষে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শেষ দিকে ইকবাল হোসেন ইমনের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রায় হারতে বসা ম্যাচে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে সাইফ হাসানের দল। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে শুরু থেকেই চাপে ছিল আফগানিস্তান। রিপন মন্ডলের পেস আক্রমণে ২৮ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় তারা। পরে আরেক ওপেনার ইমরান মীরকেও ফেরান রিপন। ইকবাল হোসেন ইমন তুলে নেন আব্দুল রসুলের উইকেট। এরপর ফয়সাল খানকে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার পূর্ণ করেন রিপন।
পেসারদের পর স্পিনাররাও চেপে ধরেন আফগান ব্যাটারদের। রাকিবুল হাসানের উইকেট শিকারের পর শেষ দিকে ইমন ও মোহাম্মদ রুবেলের আঘাতে দ্রুত গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। রুবেল নেন দুটি উইকেট। শেষ পর্যন্ত ১৭৪ রানেই অলআউট হয় আফগানিস্তান ‘এ’ দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রিপন। সাইফ হাসান, রুবেল ও ইমন পান দুটি করে উইকেট।
১৭৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুত অধিনায়ক সাইফকে হারালেও দ্বিতীয় উইকেটে ইয়াসির আলী ও পারভেজ হোসেনের ৫৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। কিন্তু পারভেজের বিদায়ের পর ব্যাটিংয়ে ধস নামে। ৮৬ রানে দুই উইকেট থেকে মাত্র তিন রান যোগ করতেই আরও তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে সাব্বির রহমান ও সাইফউদ্দিনের ৪৯ রানের জুটি কিছুটা স্বস্তি ফেরায়। সাব্বির ২৮ রান করে ফিরলেও লড়াই চালিয়ে যান সাইফউদ্দিন। তবে শেষ দিকে আবারও দ্রুত উইকেট হারিয়ে জয়ের পথ কঠিন করে ফেলে বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে আফগানিস্তান।
শেষ মুহূর্তে দৃশ্যপট পাল্টে দেন ইকবাল হোসেন ইমন। একের পর এক চার ছক্কায় আফগান বোলারদের ওপর ঝড় বইয়ে দেন তিনি। পরপর চারটি ছক্কা হাঁকিয়ে এক উইকেটের নাটকীয় জয় নিশ্চিত করেন এই ব্যাটার। তাঁর অবিশ্বাস্য ফিনিশিংয়েই শেষ হাসি হাসে বাংলাদেশ ‘এ’ দল। সেই সঙ্গে নিশ্চিত হয় রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট।