স্পোর্টস ডেস্ক : স্যান্ডপেপার কেলেঙ্কারির পুরোনো বিতর্কে যখন অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন করে অস্থিরতা, তখন অধিনায়ক প্যাট কামিন্সের ওপরই আস্থা রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ডের সর্বসম্মত সমর্থন পেয়েছেন এই অজি পেসার।
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপার দিয়ে বল টেম্পয়ারিংয়ের ঘটনা নতুন করে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই শুক্রবার সিডনিতে কামিন্সের সঙ্গে বৈঠক করেন সিএ চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।-- ডেইলি ক্রিকেট
বৈঠকে কামিন্সের ব্যক্তিগত সুস্থতা, দলের প্রয়োজনীয় সহায়তা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বৈঠক শেষে এক বিবৃতিতে কামিন্সের প্রতি বোর্ডের পূর্ণ সমর্থনের কথা জানানো হয়।
বিবৃতিতে বুন বলেন, ‘আমরা অত্যন্ত কঠিন এই সময়ে অস্ট্রেলীয় ক্রিকেটকে দায়িত্বশীলতা ও ধৈর্যের সঙ্গে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সবার কথা শুনতে চাই, শিখতে চাই। এ কারণেই স্বাধীন ফোরামটি গঠন করা হয়েছে। ২০১৮ সালের সফরের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিজেদের অভিজ্ঞতা সেখানে তুলে ধরতে উৎসাহিত করছে বোর্ড।
কামিন্সের নেতৃত্ব নিয়ে ওঠা প্রশ্নও সরাসরি নাকচ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বুনের ভাষ্য, ‘আমরা প্যাটের প্রতি সমর্থন জানিয়েছি। গত আট বছরে প্যাট ও দলের অন্য নেতারা যে সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমন যেকোনো ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’
এদিকে কামিন্সও জানিয়েছেন, ২০১৮ সালের সফর নিয়ে গঠিত ফোরামে অংশ নেবেন তিনি।
অজি অধিনায়ক বলেন, ‘আমি ফোরামকে শতভাগ সমর্থন করি। সেখানে আমি উপস্থিত থাকব। যেসব খেলোয়াড় ও স্টাফের সঙ্গে কথা হয়েছে, তারাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে, তবে সেটাই প্রয়োজন।’
এর আগে জশ হ্যাজলউড জানিয়েছিলেন, কামিন্সকে অধিনায়কত্ব থেকে সরানো হলে অস্ট্রেলিয়া দলে নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে তাঁকে। আগামী ৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। আপাতত সেই সিরিজেই মনোযোগ দিতে চান কামিন্স।