স্পোর্টস ডেস্ক : বিপিএলে ফিক্সিং বিতর্ক যেন থামছেই না। একাদশ আসরের পর দ্বাদশ আসরেও উঠেছে স্পট ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। তদন্তে অভিযুক্ত ১০ জনের মধ্যে এখন পর্যন্ত সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন। চূড়ান্ত শাস্তির অপেক্ষায় রয়েছেন তাঁরা। বাকি তিনজন অভিযোগ অস্বীকার করায় তাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার হবে।
দ্বাদশ বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত করে তিন দফায় ১০ জনের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত সবাইকে সাময়িক নিষিদ্ধ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তাঁদের মধ্যে সাতজন অভিযোগ স্বীকার করেছেন। অন্য তিনজন নিজেদের নির্দোষ দাবি করেছেন।
দায় স্বীকার করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ। তাঁদের সঙ্গে আরও একজন অভিযুক্ত দায় স্বীকার করেছেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি ও দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। তাঁদের বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে।
তবে বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ এবারই প্রথম নয়। একাদশ আসরে সন্দেহজনক কর্মকাণ্ডের পর গত বছরের ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি গঠন করেছিল তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের বোর্ড। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন সেই কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।
ওই প্রতিবেদনের ভিত্তিতে দ্বাদশ আসরের নিলাম থেকে নয় ক্রিকেটারকে বাইরে রেখেছিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি। তাঁরা হলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।
পরবর্তী সময়ে বোর্ডে পরিবর্তন আসে। তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনকে আগের মতো গুরুত্ব দেয়নি। তবে ওই নয় ক্রিকেটারের ওপর বাড়তি নজরদারি থাকবে বলে জানিয়েছিলেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।
এদিকে দ্বাদশ আসরের তদন্ত শেষ হলেও ফিক্সিংয়ের অভিযোগ ঘিরে অনুসন্ধান থেমে নেই। আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট যে কারও বিরুদ্ধে তদন্ত করতে পারলেও অভিযুক্তদের নাম প্রকাশ ও শাস্তি দেওয়ার চূড়ান্ত এখতিয়ার ক্রিকেট বোর্ডের। ফলে বিপিএলে ফিক্সিংয়ের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক পদক্ষেপ কতটা কার্যকর হচ্ছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।