মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফিল্মক্লাব লিমিটেডের অতিরিক্ত সাধারণ সভা।
শনিবার ২১ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের বর্তমান কমিটির নেতাদের পাশাপাশি সাধারণ সদস্যরা অংশ নেন। সভায় ক্লাবের বর্তমান অবস্থান পরিবর্তন, সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং আয় বৃদ্ধিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ক্লাবের বর্তমান স্থান পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অধিকাংশ সদস্য ক্লাবটি গুলশানে স্থানান্তরের পক্ষে মত দেন।
ক্লাবের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যরা ফিল্মক্লাবের ২৮ বছরের ঐতিহ্য ও কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল এবং সদস্যবান্ধব করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সদস্যরা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফিল্মক্লাবকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। দেশের অন্যান্য প্রতিষ্ঠিত ক্লাবের মতো সদস্যদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে। পাশাপাশি ক্লাবের নিজস্ব নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ এবং ক্লাব কালচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সদস্যদের পক্ষ থেকে ক্লাবের ড্রেস কোড মেনে চলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অফিস স্টাফদের দায়িত্ব পালনে আরও পেশাদার, স্মার্ট ও ক্লাবের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক-পরিচ্ছদ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।
সভায় ক্লাবের আয় বৃদ্ধির জন্য নতুন উদ্যোগ গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। অতীতে যেসব অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলোর বিষয়ে কোনো ধরনের শৈথিল্য না দেখানোর আহ্বান জানান সদস্যরা। প্রয়োজনে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িতদের সদস্যপদ বাতিলের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া যেসব সদস্যের বকেয়া রয়েছে, তাঁদের বকেয়া অর্থ আদায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সদস্যপদ বিক্রির অর্থ ও বকেয়া আদায়ের বিষয়েও স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলেন তাঁরা। এ ধরনের বিষয় নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান ঘটিয়ে ক্লাব পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণের আহ্বান জানানো হয়।
ক্লাবের অবস্থান পরিবর্তনের বিষয়টি সভার অন্যতম আলোচিত বিষয় ছিল। অধিকাংশ সদস্য বর্তমান অবস্থান থেকে ক্লাবটি সরিয়ে রাজধানীর গুলশানে নেওয়ার পরামর্শ দেন। তাঁদের মতে, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং ক্লাবের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে স্থান পরিবর্তন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সদস্যপদ পরিবর্তনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের জন্য বর্তমান কমিটির প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, মোহাম্মদ জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার কামারুজ্জামান, এ জে রানা, এম এ রহিম, মাহমুদুল হক পলাশ, টমাস, নজরুল ইসলাম খান ও সাংবাদিক মনিরুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্য।
উল্লেখ্য, বাংলাদেশ ফিল্মক্লাব লিমিটেডের সাংগঠনিক কার্যক্রমে চলতি বছরের শুরুতে নেতৃত্বের পরিবর্তন আসে। ২০২৬ সালের ৫ জানুয়ারি বিএফডিসিতে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে ২৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন শামসুল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়ন নজরুল ইসলাম চৌধুরী পান ১৯৮ ভোট।
নির্বাচনে শামসুল আলম ও জাহাঙ্গীর সিকদার সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জাহাঙ্গীর সিকদার মেম্বার অ্যাডমিন এবং মোজাহারুল ইসলাম ওবায়েদ কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনে মোট ৬৭৬ জন ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে ফিল্মক্লাবের আরেকটি অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ক্লাবের অবস্থান, গচ্ছিত অর্থের ব্যবহার, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সাংগঠনিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়েছিল।
সংশ্লিষ্টদের মতে, ২৮ বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশ ফিল্মক্লাবকে আরও আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের ক্ষেত্রে এবারের অতিরিক্ত সাধারণ সভার আলোচনা ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।