সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত এস্কেভেটর, পাঁচটি শ্যালো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাতামুহুরী সেতু, চকরিয়া-পেকুয়া সীমান্তবর্তী বাগুজরা সেতু এবং বাটাখালী সেতুসংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, মাতামুহুরী একটি ঐতিহ্যবাহী নদী। এ নদীর পরিবেশ, প্রতিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশবিধ্বংসী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোথাও অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা কিংবা পরিবেশ ধ্বংসের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছি। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতায় প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষা করা সম্ভব।