ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে দুটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী উপজেলার সারইল গ্রামে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে মো. শাহীন আলী এবং একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে পিংকি খাতুন।
পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি দল চেকপোস্টে তল্লাশি চালায়। এ সময় শাহীন আলীর পরিহিত জিন্স প্যান্টের দুই পাশের কোমর থেকে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ, ৭.৬৫ এমএম), চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. শাহীন (৫৬) নামে আরও একজন পলাতক রয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের ভিকুর ছেলে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শাহীন আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। পলাতক শাহীন-এর বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।