তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিশেষ করে পূজা রানী নামের এক নারীর নামে একই দিনের আবেদনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করার ঘটনায় পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক ও সাবেক কর্মস্থলের সচিব জাহাঙ্গীরকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ।
অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, যে পূজা রানীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করা হয়েছে, ওই ইউনিয়নের কেউ তাকে চেনেন না। আবেদনপত্রে তার ঠিকানা ‘শংকর ঘোষ’ গ্রাম উল্লেখ করা হলেও গ্রামবাসী জানিয়েছেন, গত ২০ বছরে ওই গ্রামে কোনো সনাতনী ধর্মাবলম্বী পরিবারের বসবাস ছিল না। এছাড়া নিবন্ধনে ওই নারীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা ঢাকার কেরানীগঞ্জ দেখানো হলেও অনলাইনে যাচাই করে মূল ঠিকানা বরিশাল ও পটুয়াখালীতে পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রবীণ মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন তালুকদার বলেন, আমার জানা মতে এমন (পূজা রানী) নামে কোন মেয়ে নাই। আমাদের শংকরঘোষ ভারেরা ৯ নং ওয়ার্ড এ কোন হিন্দু অধ্যূষিত পরিবারই নেই।
শংকর ঘোষ গ্রামের যুবক মাসুদ উদ্দিন দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান আশিক ও সচিবের সহায়তায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন দিচ্ছে। কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা বা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা মায়ানমারের রোহিঙ্গারা গোসাইপুর ইউনিয়ন অফিস থেকে এসব ভুয়া সনদ সংগ্রহ করে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করছে এবং বিদেশে পাড়ি জমাচ্ছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হলেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সচেতন মহলের মতে, এ ধরনের অবৈধ নিবন্ধন দেশের সার্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা একে অপরের ওপর দোষ চাপিয়ে অভিযোগ অস্বীকার করেছেন। ইউনিয়ন আইটি সেন্টারের উদ্যোক্তা রাজু আহমেদ জানান, সনদটি কীভাবে ইস্যু হয়েছে তা তিনি জানেন না; তবে নিবন্ধনের পাসওয়ার্ড মাঝে মাঝে তার কাছে থাকে বলে তিনি স্বীকার করেন।
অন্যদিকে সাবেক কর্মস্থলের ইউপি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর মোবাইল ফোনে জানান, তিনি তিন দিনের প্রশিক্ষণে মধুপুরে অবস্থান করছেন এবং কাগজপত্র না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।
অভিযোগ অস্বীকার করে গোসাইপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষেই প্রকৃত ঘটনা প্রকাশ করা হবে।
এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ বলেন, “ঘটনাটি জানার পরপরই ভুয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন দুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান এবং সচিবকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।