শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে নাশকতার আশঙ্কা, বেড়েছে নজরদারি

মনজুর এ আজিজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেট ঘিরে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের অপেক্ষায় থাকা থার্ড টার্মিনাল এবং বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা হ্যাঙ্গার গেটকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এমন তথ্য পাওয়ার পরপরই দুই স্থাপনা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও ২৪ ঘণ্টা নজরদারি চলছে। দায়িত্ব পালনকারী বেসামরিক কর্মীদের ওপরও বাড়ানো হয়েছে নজরদারি।

গোয়েন্দা সূত্রে জানা যায়, দেশজুড়ে একটি গোষ্ঠী নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি শাহজালাল বিমানবন্দরের প্রবেশপথগুলোতেও একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সূত্রের দাবি, রাজশাহী বিমানবন্দর ঘিরেও বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। সেখানে উচ্চমাত্রার দুটি গ্রেনেড পাওয়া যায়। নাশকতাকারীরা সুযোগ না পেয়ে গ্রেনেড দুটি বাইরে রেখে যায়। যদিও সেগুলো বিমানবন্দরের সীমানার বাইরে পাওয়া গেছে, তবে বিমানবন্দরসংলগ্ন এলাকায় হওয়ায় ঘটনাটি বিমানবন্দরের নামেই সংবাদমাধ্যমে এসেছে।

গোয়েন্দাদের ধারণা, দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পাওয়ার লক্ষ্যেই বিমানবন্দরকে নাশকতার টার্গেট করা হয়েছে। বিশেষ করে থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেটের মতো গুরুত্বপূর্ণ দুটি স্থাপনাকে বেছে নেওয়া হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। থার্ড টার্মিনাল এলাকায় পোশাকধারী ও সাদাপোশাকের সদস্যদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। একইভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে হ্যাঙ্গার গেট এলাকাতেও।

Advertisement

গোয়েন্দা সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে দৃষ্টিনন্দন স্থাপনা থার্ড টার্মিনাল। এটি চালু হওয়া নিয়ে প্রায়শই গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। বিপুল ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই টার্মিনাল নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আগ্রহ রয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে এটি অব্যবহৃত অবস্থায় রয়েছে। সর্বশেষ টার্মিনালটির উদ্বোধনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ১৬ ডিসেম্বর উদ্বোধন সামনে রেখে শেষ মুহূর্তের কাজ দ্রুত শেষ করছেন সংশ্লিষ্টরা।

গোয়েন্দাদের ধারণা, উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালে নাশকতা চালানো গেলে দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হবে। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি গুরুত্ব পাবে। একই সঙ্গে দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ তৈরি হবে। নাশকতা সফল হলে টার্মিনালটির উদ্বোধন পিছিয়ে দেওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। এসব লক্ষ্য থেকেই স্থাপনাটিকে টার্গেট করা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।

বিমানবন্দরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হ্যাঙ্গার গেট। জানা যায়, বিমানবন্দরের হ্যাঙ্গার, কার্গো কমপ্লেক্স এবং সংরক্ষিত বা অপারেশনাল এলাকায় প্রবেশ ও বের হওয়ার অন্যতম প্রধান পথ এটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটটি হ্যাঙ্গার গেট নামে পরিচিত।

এই গেট দিয়ে আমদানি-রপ্তানি পণ্য বা কার্গো বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে বাইরে নেওয়া হয়। বিমানের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ ও কারিগরি সরঞ্জামও এই পথ দিয়ে আনা-নেওয়া করা হয়। বিমানবন্দরের প্রকৌশলী, টেকনিশিয়ান, গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী, কাস্টমস কর্মকর্তা এবং জ্বালানি ও ক্যাটারিং সরবরাহকারী বিশেষ যানবাহন এই গেট দিয়ে বিমানবন্দরের অপারেশনাল এলাকায় প্রবেশ করে।

এ ছাড়া বিমানবন্দরে দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলের যানবাহন দ্রুত প্রবেশের জন্যও গেটটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়।

দেশের বৈদেশিক বাণিজ্যের বড় একটি অংশ আকাশপথে পরিচালিত হয়। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের কাঁচামাল, জরুরি ওষুধ এবং পচনশীল পণ্য দ্রুত খালাসের ক্ষেত্রে হ্যাঙ্গার গেটের ভূমিকা রয়েছে। এ পথ দিয়ে সরাসরি রানওয়ে, হ্যাঙ্গার ও কার্গো এলাকায় যাওয়া যায়। ফলে বিমানবন্দরের নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং বিমানের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্যও এটি গুরুত্বপূর্ণ।

হ্যাঙ্গারে থাকা বিমানের দ্রুত মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহেও গেটটি ব্যবহৃত হয়। এর সঙ্গে ফ্লাইটের সময়সূচি ঠিক রাখার বিষয়টিও জড়িত।

গোয়েন্দাদের ধারণা, এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা চালানো গেলে তা সহজেই দেশ-বিদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। এ কারণেই হ্যাঙ্গার গেটকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

গোয়েন্দাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। এরপর থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেট ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে থার্ড টার্মিনাল এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। টার্মিনালসংলগ্ন সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশে ২৪ ঘণ্টা নজরদারি করা হচ্ছে। এ কাজে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সব সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। পোশাকধারী নিরাপত্তাকর্মীদের পাশাপাশি সাদাপোশাকেও দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা। টার্মিনালে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত বেসামরিক কর্মীদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

থার্ড টার্মিনালের পাশাপাশি হ্যাঙ্গার গেট ঘিরেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঙ্গার গেট পর্যন্ত যাওয়ার সব সড়ক সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সেখানে বসানো হয়েছে এআই ক্যামেরাও।

বেবিচক সদর দফতরের প্রধান ফটক থেকে হ্যাঙ্গার গেট পর্যন্ত সড়কে চলাচলকারীদের তল্লাশি করা হচ্ছে। এমনকি হ্যাঙ্গার গেট ব্যবহার করে ভেতরে দায়িত্ব পালন করতে যাওয়া ব্যক্তিদেরও বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সব বিমানবন্দরে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ