শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:১৮ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে কখনো তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম : দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস কেউ পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার ২১ নভেম্বর সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় জনগণ, গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও দেশপ্রেমের সমন্বয় অত্যন্ত জরুরি। ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই বাংলাদেশকে পরাধীনতা কিংবা তাঁবেদারত্বের দিকে ঠেলে দিতে পারবে না।

স্বাধীনতার ইতিহাসে সশস্ত্র বাহিনীর অনন্য ভূমিকা

Advertisement

বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন। ঐতিহাসিক কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য ও অসাধারণ।

তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার অপচেষ্টা হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ৭ নভেম্বরের পরাজিত অপশক্তি পরবর্তী সময়ে মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল। এর ভয়াবহ পরিণতি দেশবাসীর জানা।

তিনটি ঐতিহাসিক অধ্যায়ে সশস্ত্র বাহিনীর ভূমিকা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।

লাখো শহীদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে দুটি প্রধান দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর মধ্যে প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে শহীদদের কাঙ্ক্ষিত নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

আধুনিক প্রযুক্তিতে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্থলভাগের পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সরকার নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে।

সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রচলিত সামরিক সক্ষমতার পাশাপাশি প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে সরকার। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দেশের আকাশসীমা, সমুদ্রসীমা ও সাইবার অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করাই এ পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

 ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’

সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ এবং জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে।

আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা-সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর প্রশংসা

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

দেশের ভেতরে ও বিদেশে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বীর সেনানীদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। একই সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে আহত সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান।

  • সর্বশেষ