শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:২৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগাম বন্যার ক্ষতি এড়াতে নতুন ধানের জাত, মিলবে বেশি ফলন

আগাম বন্যা থেকে বোরো ধান রক্ষায় হাওরাঞ্চলের কৃষকের জন্য স্বল্পমেয়াদি ও উচ্চফলনশীল ধানের জাত ব্রি ধান-১১৮ উদ্ভাবন করেছে দেশের বিজ্ঞানীরা।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এসব বীজতলার চারা হাওরাঞ্চলের কৃষক রোপণ করতে পারবেন। প্রাথমিকভাবে ১ হাজার ৬০০টি প্রদর্শনী বীজতলার জন্য ৩০ মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছে।

সাতটি জেলায় প্রদর্শনী প্লটের মাধ্যমে এ জাতের চাষ শুরু হয়েছে। জেলাগুলো হলো সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া।

কর্মকর্তারা বলছেন, এসব প্লটের মাধ্যমে কৃষক এ জাতের চাষ পদ্ধতি, ফলন ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারছেন।

Advertisement

প্রায় প্রতি বছর আগাম বন্যা ও এপ্রিলের ভারী বৃষ্টিতে হাওরের আধাপাকা ও পাকা বোরো ধান তলিয়ে যায়, এতে কৃষকের বড় ক্ষতি হয়।

টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় ২০২৫ সালের ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেশের সাতটি হাওর জেলায় প্রায় ১ হাজার ৪৭ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাওর অঞ্চলের মোট কৃষিজমির ১০ দশমিক ৭৮ শতাংশ, অর্থাৎ ৪৯ হাজার ৭৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।’

তিনি বলেন, ‘এতে বোরো ধানের ক্ষতি হয়েছে প্রায় ২ লাখ ১৩ হাজার টন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২ লাখ ৩৬ হাজার কৃষক।’

গবেষকদের তথ্যমতে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত এ জাতটি প্রচলিত জাতের চেয়ে ৭ থেকে ১০ দিন আগে বপন ও কর্তন করা যায়। জাতটি প্রজনন পর্যায়ে ঠান্ডা সহনশীল। ফলে আগাম বপন করে বন্যার পানি আসার আগেই ধান কেটে ফেলা সম্ভব।

ব্রি মহাপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘হাওর অঞ্চলের ঝুঁকির কথা বিবেচনা করে ব্রি ধান-১১৮ উদ্ভাবন করা হয়েছে, যাতে কৃষক প্রচলিত জাতের তুলনায় ৭ থেকে ১০ দিন আগে ধান কাটতে পারেন এবং বন্যাজনিত ক্ষতির ঝুঁকি কমে।’

‘জাতটি ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে আগাম বপন করলে প্রজনন পর্যায়ে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও হেক্টরপ্রতি প্রায় ৬ টন ফলন দিতে সক্ষম’, বলেন তিনি।

অন্যদিকে, স্বাভাবিক সময়ে (১৫-২০ নভেম্বর) বপন করে পরীক্ষামূলকভাবে ১৪৫ দিনে হেক্টর প্রতি ৬.৯ টন পর্যন্ত ফলন পাওয়া গেছে (বিঘাপ্রতি প্রায় ২৩ মণ)।

রফিকুল বলেন, ‘ব্রি ধান-১১৮-এর গড় ফলন হেক্টরপ্রতি ৬.৭৭ টন। উপযুক্ত পরিবেশে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ জাত থেকে হেক্টরপ্রতি সর্বোচ্চ সাড়ে ৮ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। জাতটির জীবনকাল ১৪৫-১৪৮ দিন। তবে শীতের তীব্রতা অনুযায়ী জীবনকাল ১৫০-১৫৭ দিন পর্যন্ত হতে পারে।’

ধানের জাতটির গাছ শক্ত ও মজবুত হওয়ায় সহজে হেলে পড়ে না। ধান পাকার সময়ও ডিগ পাতা সবুজ থাকে। এ ছাড়া, প্রচলিত জাতের তুলনায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয়। ব্রি’র ফলন পরীক্ষায় ১০টি অঞ্চলে জাতটি ব্রি ধান-২৮-এর তুলনায় প্রায় ২২.৮৩ শতাংশ বেশি ফলন দিয়েছে।

সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃষক আশফাকুর রহমান জানান, গত বছর তিনি ১৪ বিঘা জমিতে চাষ করেছিলেন, কিন্তু চার বিঘার ধান কাটতে পারেননি। এতে তার প্রায় ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এমন ক্ষতি এড়াতে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ পাওয়ার পর তিনি এবার আগাম জাতের বোরো ধান চাষের সিদ্ধান্ত নেন।

‘সম্প্রতি আমি বিষয়টি জানি পারি। এরপর উপজেলা কৃষি অফিসে গিয়ে এই ধানটি চাষ করার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষকরা বলেছেন, এ জাতের ধান মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুর দিকেই কাটা যাবে। তাই এ জাত চাষে আমি আগ্রহী হয়েছি। আমি ৭৫০টি চারার ট্রে তৈরি করেছি, যা প্রায় ২৬ বিঘা জমির জন্য যথেষ্ট’, বলেন তিনি।

বীজতলা ২-৪ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে এবং তিনি আগামী সপ্তাহে চারা রোপণের পরিকল্পনা করছেন।

কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান উদ্যোগটিকে হাওরের কৃষকের জন্য ‘অত্যন্ত উৎসাহব্যঞ্জক’ অভিহিত করে বলেন, প্রায় প্রতি বছরই ব্যাপক ফসলহানির শিকার হন এই কৃষকরা।

তিনি বলেন, ‘হাওরের কৃষকের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ তাদের অনেক স্বস্তি দেবে। জাতটি ব্যাপকভাবে গৃহীত হলে আগামী বছর বা তার পরের বছর থেকে কৃষককে আর এমন সংকটে পড়তে হবে না।’

বোরো হলো শুষ্ক মৌসুমের সেচনির্ভর ধান, যা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত রোপণ করা হয় এবং এপ্রিল থেকে জুনের মধ্যে কাটা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের বার্ষিক ধান উৎপাদনের প্রায় ৫৫ শতাংশ আসে বোরো থেকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত মৌসুমে সাতটি হাওর জেলায় ৪ দশমিক ৫৫ লাখ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। গত অর্থবছরে মোট বোরো আবাদ ছিল ৫০ দশমিক ৫০ লাখ হেক্টর।

সূত্র : দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ