গ্রিসের প্রতি চারটি পরিবারের প্রায় তিনটিতেই নেই কোনো সন্তান। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের নতুন এক পরিসংখ্যানে উঠে এসেছে এমন চিত্র। দেশটিতে সন্তান রয়েছে এমন পরিবারের সংখ্যা মাত্র ২৬ শতাংশ।
কেন কমছে সন্তান থাকা পরিবারের সংখ্যা?
ইউরোপের অন্যতম জনপ্রিয় অভিবাসন ও পর্যটন গন্তব্য গ্রিস। তবে দেশটির পারিবারিক চিত্রে দেখা যাচ্ছে ভিন্ন এক বাস্তবতা। অধিকাংশ পরিবারেই নেই ১৮ বছরের কম বয়সী কোনো সন্তান।
ইউরোস্ট্যাটের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, গ্রিসে মোট পরিবারের সংখ্যা প্রায় ৪০ লাখ ৫৫ হাজার। এর মধ্যে প্রায় ২৯ লাখ ৯৩ হাজার পরিবারে ১৮ বছরের কম বয়সী কোনো সন্তান নেই। যা মোট পরিবারের ৭৩ দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে, সন্তান রয়েছে এমন পরিবারের সংখ্যা মাত্র ১০ লাখ ৬২ হাজার। অর্থাৎ মাত্র ২৬ দশমিক ২ শতাংশ পরিবারে রয়েছে অন্তত একজন সন্তান।
সন্তান রয়েছে এমন পরিবারগুলোর মধ্যেও বড় পরিবারের সংখ্যা তুলনামূলক কম। প্রায় ৪ লাখ ৯৫ হাজার পরিবারে রয়েছে একজন সন্তান। দুই সন্তান রয়েছে ৪ লাখ ১৮ হাজার পরিবারে। আর তিন বা তার বেশি সন্তান রয়েছে মাত্র ১ লাখ ৪৯ হাজার পরিবারে।
শুধু গ্রিস নয়, পুরো ইউরোপীয় ইউনিয়নেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের ৭৬ দশমিক ৬ শতাংশ পরিবারে ছিল না কোনো অপ্রাপ্তবয়স্ক সন্তান।
জনসংখ্যা বিশেষজ্ঞদের কাছে এ ধরনের পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। কারণ, সন্তান থাকা পরিবারের সংখ্যা কমে যাওয়ার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে ভবিষ্যৎ জনসংখ্যা, কর্মক্ষম মানুষের সংখ্যা এবং বয়স্ক জনগোষ্ঠীর অনুপাতের ওপর।
সব মিলিয়ে, ইউরোপের অন্যান্য দেশের মতো গ্রিসেও বদলে যাচ্ছে পারিবারিক কাঠামো। আর এই পরিবর্তন ভবিষ্যতে দেশটির জনসংখ্যার চিত্রে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।