শিরোনাম
◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে!

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ১২:০৩ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

দলীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা-নৈরাজ্য মোকাবিলা, দলীয় ঐক্য প্রতিষ্ঠা ও স্থানীয় সরকার নির্বাচনের আগে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে বহিষ্কৃত হওয়া নেতাদের আবারও দলে ফেরানোর কাজ চলছে। এরই মধ্যে বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশ নেতাকর্মী দলে ফেরার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে অন্তত ৫ শতাধিক নেতাকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। সূত্র: কালবেলা

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। তাদের মধ্যে হেভিওয়েট ৯১ জন নেতাই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন। সেই সময়ে তাদের সমর্থন দেওয়ায় অনেকেই হাইকমান্ডের শাস্তির মুখে পড়েন। তবে এবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। এর মধ্য দিয়ে দলের অভ্যন্তরীণ গ্রুপিং-কোন্দল মিটিয়ে তৃণমূলের মাঠ আরও শক্ত করার দিকে মনোযোগী বিএনপি। 

তাদের মধ্যে অন্তত ৮০-৮৫ জন বিদ্রোহী এমপি প্রার্থী রয়েছেন। পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতারাও আছেন। শিগগিরই এসব নেতার কাছে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হতে পারে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। ঠিক একইভাবে বাকিদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসবে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।

Advertisement

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ৪৫টি আসনে কেন্দ্রীয় ও তৃণমূলের ৯১ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করে দলটি। এদের মধ্যে সাতজন বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন। অন্যদিকে তাদের সমর্থন করায় তৃণমূলের আরও তিন শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। গত আগস্টে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ১৭ নভেম্বর নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।

বিএনপির দপ্তর সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত বড় একটি অংশকে জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে ফিরিয়ে নেওয়া হয়। সেই সময়ে কিছু নেতাকর্মী আবেদন করলেও তাদের ফেরানো সম্ভব হয়নি। এবার দলের বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থনকারীদের সঙ্গে তাদেরও ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং কালবেলাকে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে নেওয়ার অংশ হিসেবে বহিষ্কৃতদের দলে ফেরানোর আলোচনা চলছে। কয়েকটি ধাপে পর্যায়ক্রমে সবাইকে দলে ফিরিয়ে নেওয়া হবে।

ফেরার তালিকায় যারা থাকতে পারেন বিএনপিতে ফেরার তালিকায় যারা থাকতে পারেন তাদের মধ্যে রয়েছেন সংসদ নির্বাচনে বহিষ্কৃত বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থী। তারা হলেন- ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)। এ ছাড়া থাকতে পারেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ আলী, যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।

এ ছাড়াও ওই তালিকায় থাকতে পারেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী প্রমুখ।

এদের মধ্যে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রথম সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান।

এ বিষয়ে সাইফুল আলম নিরব কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিসহ বিএনপির সব রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছি। দলের সব কর্মসূচি আমার নির্বাচনি এলাকায় পালন করছি। দলের সঙ্গে ছিলাম এবং আছি। আগামী দিনেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি করে যাব। তবে দলে ফেরার বিষয়টি হাইকমান্ড বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু কালবেলাকে বলেন, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছি তারা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মী ছিলাম। দলের দুঃসময়ে মাঠে সাহসী ভূমিকা রেখেছি। তাই তারা কেন নির্বাচনে দাঁড়াল তা দলের খুঁজে বের করা উচিত। দলের বাইরে গিয়েও তারা প্রত্যেকে অনেক ভোট পেয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ এখনো তাদের সঙ্গে রয়েছেন। দল এখন আমাদের কীভাবে কাজে লাগাবে এটা বিবেচনা করবে।

বহিষ্কার হওয়া একাধিক নেতা কালবেলাকে জানান, কেউ কেউ দলে ফেরার জন্য আবেদন করেছেন। আবার অনেকেই দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। দলের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে তারা আবেদন করবেন। কারণ হিসেবে তারা বলেন, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি, সবাই বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন দলে ফেরার আবেদন করলে অনেকে এটা নিয়ে কটূক্তি করবে, এটা আমরা চাই না। আবেদন করা শুধু একটা ফরমালিটি। কিন্তু হাইকমান্ড চাইলে যে কোনো নেতাকে দলে ফিরিয়ে নিতে পারেন।

অবশ্য কেউ কেউ অভিযোগ করেন, দলের ভেতরে ও বাইরে সাংগঠনিক নেতাকর্মীদের কোণঠাসা করে রাখা হচ্ছে। এ জন্য আজকে আওয়ামী লীগ রাজপথে সুযোগ পাচ্ছে। সাংগঠনিক লোকদের দায়িত্ব দিলে আওয়ামী লীগকে রাজপথেই মোকাবিলা করা আরও সহজ হবে বলে মনে করেন তারা।

নাশকতা মোকাবিলা ও স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলে ঐক্যের উদ্যোগ জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ, বিদ্রোহী প্রার্থী এবং পরবর্তীতে বহিষ্কারের ক্ষত এখনো পুরোপুরি কাটেনি বিএনপিতে। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় ফিরলেও তৃণমূলে দলটির পূর্ণাঙ্গ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় নির্বাচনেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির নীতিনির্ধারকরা।

তাদের ভাষ্যমতে, জাতীয় নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় বিএনপি। বহিষ্কৃত অনেক নেতা এখনো স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তারা দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এবং রাজনৈতিক কর্মসূচিতেও ভূমিকা রাখছেন। তাদের দলে ফিরিয়ে আনতে পারলে সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করেন তারা।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বিগ্ন বিএনপি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটছে। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখার প্রয়োজনীয়তাও অনুভব করছে ক্ষমতাসীন দলটি।

দলের স্থায়ী কমিটির একজন সদস্য কালবেলাকে বলেন, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার এ উদ্যোগ সফল হলে তৃণমূলের দীর্ঘদিনের বিরোধ অনেকটাই কমে আসবে। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলা করার জন্য সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে তৃণমূলের বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করা গেলে রাজনৈতিক ও সাংগঠনিক- দুই ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়া যাবে।

  • সর্বশেষ