স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে লড়াইয়ের আভাস দিলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়ে বড় পরাজয় এড়াতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। তবে হারলেও বাংলাদেশের আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতায় মুগ্ধ সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বিশেষ করে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্তকে সাহসী ও ইতিবাচক হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
বাংলাদেশের কোচ হিসেবে নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে ডোনাল্ড বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের সবচেয়ে ইতিবাচক দিক ছিল টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত। ২০২২ সালে ডারবানে আমি যখন বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলাম, তখন আমরা টস জিতেও বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। অথচ উইকেটটি আগে ব্যাটিংয়ের জন্য উপযুক্ত ছিল।’
দ্বিতীয় টেস্টের আগে পেসার হাসান মাহমুদের ছিটকে যাওয়াকেও বাংলাদেশের জন্য বড় ধাক্কা মনে করছেন ডোনাল্ড। তাঁর মতে, টানা ক্রিকেট খেলার ধকলই হাসানের চোটের অন্যতম কারণ হতে পারে। কাউন্টি ক্রিকেটে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিও তাঁর ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
ডোনাল্ড বলেন, ‘হাসানের কাউন্টি ক্রিকেট এবং এর আগে-পরে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কথা বিবেচনা করুন। তাই তার চোটের খবর শুনে অবাক হইনি। টেনিস এলবো অত্যন্ত যন্ত্রণাদায়ক সমস্যা। হাসানের ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য বড় ক্ষতি।’
তবে বাংলাদেশের দল নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মাত্র তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলার সিদ্ধান্তকে ঠিক মনে করছেন না তিনি। তাঁর মতে, এতে বোলারদের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া কঠিন হয়ে যায়।
ডোনাল্ডের ভাষায়, ‘দক্ষিণ আফ্রিকায় আপনি তিনজন পেসার নিয়ে খেলতে পারেন না। এতে ওই তিনজনের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এটা ভালো সিদ্ধান্ত ছিল না। দক্ষিণ আফ্রিকায় তিন পেসার ও একজন স্পিনার নিয়ে এই চারজনের কাছ থেকে ২০ উইকেট আশা করতে পারেন না।