স্পোর্টস ডেস্ক : সিরিশকাগজ কাণ্ড নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়ে চাপে পড়েছেন উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। এবার সেই বিতর্কের জেরে অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম ফক্স স্পোর্টসের ধারাভাষ্য প্যানেল থেকেও সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে দুজনকে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের ধারাভাষ্যে ফেরানো হবে না বলে জানিয়েছে চ্যানেলটি।
খাজা ও ওয়ার্নার দুজনই ফক্স স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ ধারাভাষ্যকার। তবে সাম্প্রতিক বিতর্কের পর শনিবার তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ফক্স স্পোর্টসের প্রধান নির্বাহী স্টিভ ক্রলি জানিয়েছেন, আপাতত কয়েক সপ্তাহের জন্য ধারাভাষ্য থেকে বিরতি দেওয়া হয়েছে দুজনকে।
ক্রলি বলেন, ‘সাম্প্রতিক ঘটনার পর আগামী কয়েক সপ্তাহের জন্য উসমান ও ডেভিডকে ধারাভাষ্যের দায়িত্ব থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমরা সব সময় আমাদের ধারাভাষ্যকারদের পাশে থাকি। ক্রিকেটের গ্রীষ্মকালীন মৌসুমে মতের বৈচিত্র্যকেও সম্মান করি। তবে সাম্প্রতিক মন্তব্যের কারণে দুজনকে যে চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেটিও আমরা বুঝতে পারছি।’
তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দেওয়া কঠিন। দুজনকে এভাবে চাপের মধ্যে রেখে কাজ করানো ঠিক হবে না। অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ক্রিকেটের সেরা সম্প্রচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
খাজার আত্মজীবনীতে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সিরিশকাগজ কাণ্ড নিয়ে নতুন কিছু তথ্য উঠে এসেছে। তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ওয়ার্নারও। তবে তাঁদের বক্তব্যের সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়াও খাজার অভিযোগ নাকচ করে অধিনায়ক প্যাট কামিন্সের পাশে দাঁড়িয়েছে।
এদিকে নেতৃত্ব ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলে শনিবার স্পষ্ট জানিয়েছেন কামিন্স। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন, প্রধান নির্বাহী টড গ্রিনবার্গসহ শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেন। সেখানে কামিন্সের নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া জল্পনাও আলোচনায় আসে। বিষয়টি পর্যালোচনার জন্য একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, অস্ট্রেলীয় ক্রিকেটের মর্যাদা ও সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। বোর্ড সর্বসম্মতিক্রমে কামিন্সের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার সিডনিতে কামিন্সের সঙ্গে কথা বলেছেন বুন ও গ্রিনবার্গ। তাঁর ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কামিন্স।
বৈঠক শেষে বুন বলেন, ‘আমরা কামিন্সের পাশে আছি। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের প্রতিই আমাদের উদ্বেগ রয়েছে।’ একই সঙ্গে ক্রিকেটারদের চলমান বিতর্ক পেছনে ফেলে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
কামিন্সও ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বুন ও গ্রিনবার্গের সঙ্গে কথা বলে আমি খুশি। অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব অনেক বড় দায়িত্ব। কখনোই এটিকে হালকাভাবে নিইনি। এই পরিস্থিতিতে ক্রিকেটকে এগিয়ে নেওয়া তাঁদের জন্যও কঠিন। শুধু আমার সঙ্গে নয়, ২০১৮ সালের দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গেও তাঁরা কথা বলেছেন। এ জন্য দুজনকেই ধন্যবাদ।’