স্পোর্টস ডেস্ক : আগের দিন বায়ার্ন মিউনিখের হোঁচটে তৈরি হওয়া সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে তারা।
পয়েন্ট টেবিলের তলানির দলটির মাঠে শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে ডর্টমুন্ড। ম্যাচের ৮০তম মিনিটে একমাত্র গোলটি করেন জার্মান মিডফিল্ডার ফিলিক্স এনমেচা। গত রাউন্ড শেষে বায়ার্ন ও ডর্টমুন্ড ছিল পয়েন্টের হিসেবে সমতায়, তবে গোল ব্যবধানে এগিয়ে উপরে ছিল জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন।
কিন্তু আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফেরার পর, শুক্রবার কোলনের সঙ্গে ১-১ ড্র করে বসে বায়ার্ন, তাতে চূড়ায় বসার সুযোগ পেয়ে যায় ডর্টমুন্ড।
এবারের বুন্ডেসলিগায় এই দুই দলই এখন পর্যন্ত অপরাজিত। ১০ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট ডর্টমুন্ডের। সমান ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে গত দুইবারের চ্যাম্পিয়নরা বায়ার্ন।
বায়ার্নের সমান ২২ পয়েন্ট নিয়ে তিনে ফ্রেইবুর্ক।