ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের ঐতিহ্যবাহী 'চাঁপাই বিল' বা পদ্মবিল এখন শুধু প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের আকর্ষণ নয়, গ্রামীণ অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এই বিলে ফোটা গোলাপি পদ্মফুলের ডাঁটা থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে বিশ্ববাজারে অত্যন্ত মূল্যবান ও পরিবেশবান্ধব সুতা। আন্তর্জাতিকভাবে 'লোটাস সিল্ক' বা 'পদ্মরেশম' নামে পরিচিত এই সুতার উৎপাদনে যুক্ত হয়েছেন রনকাইল গ্রামের নারীরা। তাদের হাতে তৈরি এই সুতা স্থানীয় কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গবেষণা প্রতিষ্ঠান বিপিআরডি-এর গৃহীত 'পদ্মফুলের বৈচিত্র্য, ব্যবহার উপযোগিতা ও সংরক্ষণ' শীর্ষক প্রকল্পের আওতায় এবং পদ্ম-গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দীনের উদ্যোগে কানাইপুরের রনকাইল গ্রামের নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। মাত্র তিন দিনের প্রশিক্ষণেই তারা পদ্মের ডাঁটা থেকে মানসম্মত সুতা কাটতে সক্ষম হন। পরবর্তী সময়ে নিয়মিত চর্চার মাধ্যমে তারা অত্যন্ত মিহি ও বিশ্বমানের সুতা তৈরি করছেন। এই সুতা দিয়ে সোনারগাঁয়ের ওস্তাদ কারিগরদের মাধ্যমে জামদানি বুননে দৃষ্টিনন্দন স্কার্ফ ও কাপড় তৈরি করা হয়েছে।
কানাইপুরের চাঁপাই বিলের গোলাপি পদ্মের ডাঁটা এই সুতা তৈরির জন্য সবচেয়ে আদর্শ। তাজা পদ্মের ডাঁটা প্রতি এক ইঞ্চি পরপর আলতো করে ভেঙে টান দিলে ভেতরের ক্ষুদ্র কূপ থেকে প্রাকৃতিক আঠালো কষ বা তন্তু বেরিয়ে আসে। বাতাসের সংস্পর্শে এলে এই তন্তু দ্রুত শুকিয়ে যায়। ফলে আলাদাভাবে রোদে শুকানোর প্রয়োজন পড়ে না। পরে নারীরা হাতের তালু দিয়ে পাকিয়ে এই তন্তু থেকে উজ্জ্বল হলুদ রঙের মিহি সুতা তৈরি করেন। কোনো ধরনের রাসায়নিক ব্যবহার বা কীটপতঙ্গের ক্ষতি ছাড়াই উৎপাদিত হয় বলে এটি শতভাগ পরিবেশবান্ধব।
ফরিদপুর ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের তথ্যমতে, মিয়ানমার, ভিয়েতনাম বা কম্বোডিয়ায় এক কেজি পদ্মরেশম সুতা তৈরিতে প্রায় ৩০ হাজার পদ্মের ডাঁটা প্রয়োজন হয়। কিন্তু ফরিদপুরের উর্বর পলিমাটিতে জন্মানো পদ্ম থেকে মাত্র ১৫ হাজার ডাঁটাতেই এক কেজি সুতা পাওয়া সম্ভব। এ ছাড়া আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বিলে প্রচুর পদ্ম পাওয়া যায়। ডাঁটা কাটার পরও দ্রুত নতুন ডাঁটা গজায়।
আরও জানা যায়, সাধারণ রেশম বা সুতি কাপড়ের চেয়ে পদ্মরেশম অনেক বেশি টেকসই, শতভাগ পানিরোধী এবং সহজে কুঁচকে যায় না। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি লোটাস সিল্ক সুতা ২,০০০ থেকে ৩,৫০০ মার্কিন ডলারে বিক্রি হয়। এই সুতা দিয়ে তৈরি কাপড় প্রতি গজ মানভেদে ২৫ থেকে ১ হাজার ডলার পর্যন্ত বিক্রি হয়।
এলাকার কারিগরেরা জানান, ২০২২ সালে দেশে পদ্মফুলের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু হয়। সেই গবেষণার অংশ হিসেবে ফরিদপুরের চাঁপাই বিলের পাড়ে নারীদের প্রশিক্ষণ দিয়ে লোটাস সিল্ক তৈরির কাজ শেখানো হয়েছিল। তবে তৎকালীন সরকারের উদাসীনতায় সেই কাজ আর এগোয়নি। এই কাজ শেখা রাজবংশী পরিবারটির বর্তমান অবস্থা দৈন্যদশায়। অন্যদিকে, বিলের মূল্যবান সম্পদটির পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বদলে তা ধ্বংসের দিকে যাচ্ছে।
রনকাইল গ্রামের নারী কারিগর রেখা রানী বলেন, সংসারের কাজের পাশাপাশি বিলের অবহেলিত পদ্মের ডাঁটা থেকে সুতা তৈরি করে তারা বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন। তবে এ কাজ থেকে তারা আশানুরূপ লাভ পাচ্ছেন না।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, 'পদ্মফুলের মধ্যে যে এমন জিনিস লুকিয়ে আছে, তা আমরা কখনো জানতেই পারিনি। এই বিলে যে পদ্মফুল হয়, এটিকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে অর্থনৈতিকভাবে এই এলাকাকে আমরা সমৃদ্ধ করে তুলতে পারব।'
এ বিষয়ে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ সম্প্রতি বিলের পদ্মফুল ও এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বলেন, 'গত সরকার এমন সুন্দর উদ্যোগকে থমকে দিয়েছিল। বর্তমান সরকার এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের পাশে দাঁড়াবে। আমি তাদের সব ধরনের সহযোগিতা দিয়ে এ শিল্পকে বিশ্ববাজারে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।'
বাণিজ্যিকভাবে এই সুতা উৎপাদন ও বাজারজাত করতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক চরকা এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এসব উদ্যোগ নেওয়া গেলে ফরিদপুরের পদ্মবিল 'লোটাস সিল্ক' শিল্পের প্রধান কেন্দ্রে পরিণত হতে পারে।
সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড