শিরোনাম
◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি!

দ্য গার্ডিয়ান: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে একের পর এক ডাকাতি করে ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগ উঠেছে ১৪ জনের বিরুদ্ধে। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত অন্তত ৩৬টি ট্রেনে অভিযান চালিয়ে নাইকির হাজার হাজার জুতা, বিভিন্ন যন্ত্রপাতিসহ বিপুল পরিমাণ পণ্য চুরি করে কালোবাজারে বিক্রি করেছে চক্রটি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রেলপথে ডাকাতি ও চুরির অভিযোগ এনেছে দেশটির বিচার বিভাগ।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা বলছেন, চুরির পরিমাণ অবিশ্বাস্য রকমের বিশাল। তদন্তকারীদের মতে, চক্রটি এমন কৌশলে ডাকাতি চালাত, যা যুক্তরাষ্ট্রের পুরোনো পশ্চিমাঞ্চলের দস্যুদের কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দেয়।

অভিযোগ অনুযায়ী, ‘লস ত্রেনেস’ নামের এই চক্রের কথিত প্রধান ছিলেন ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল। তার বাবা ও দুই চাচাসহ সহযোগীরা চলন্ত মালবাহী ট্রেনে উঠে পড়তেন। এরপর তাদের কয়েকজন ট্রেনের ভেতরে অবস্থান করে নজরদারি করতেন, আর অন্যরা ট্রেনের বায়ু সরবরাহের পাইপ কেটে দিতেন।

এতে ট্রেনের বায়ুচাপ হঠাৎ কমে গিয়ে জরুরি ব্রেক কার্যকর হতো এবং পুরো ট্রেন থেমে যেত। এ পদ্ধতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এতে ট্রেন লাইনচ্যুত হওয়ার আশঙ্কা থাকে।

Advertisement

ট্রেন থেমে গেলে চক্রের অন্য সদস্যরা সেখানে পৌঁছে পণ্য লুট করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে সেগুলো লুকিয়ে রাখতেন বলে অভিযোগ করেছেন কৌঁসুলিরা।

আদালতের নথিতে যুক্ত করা ২০২৪ সালের ফেব্রুয়ারির একটি ছবিতে দেখা যায়, নাইকির পণ্যে ভর্তি কয়েকটি বাক্সের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন অ্যাঞ্জেল। ছবিতে তাকে দুই আঙুল তুলে বিজয়চিহ্ন দেখাতেও দেখা যায়।

অভিযোগ অনুযায়ী, কয়েক মাস পর ২০২৪ সালের অক্টোবরে ২৭ বছর বয়সী দন্তা হেজম্যান চলন্ত একটি নাইকিবাহী ট্রেনের পণ্যবাহী কনটেইনারের তালা করাত দিয়ে কেটে ফেলেন। এ ঘটনার পক্ষে ভিডিও প্রমাণ রয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

২০২৫ সালে চক্রটির লুটপাট আরও বেড়ে যায়। তবে এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে শুরু করে। ওই বছরের ১৭ এপ্রিল অজ্ঞাতপরিচয় এক সহযোগী ২৩ বছর বয়সী কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজকে বার্তা দিয়ে জানান, চোরাই পণ্য গ্রহণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই ব্যক্তি বার্তায় লেখেন, পুলিশ তার কাছে জানতে চাইছে কার কাছ থেকে তিনি পণ্যগুলো পেয়েছেন এবং অন্য জুতাগুলো কার কাছে ছিল। জবাবে মার্তিনেজ তাকে এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে বলেন।

এর ১২ দিন পর চক্রটি মিলওয়াকি টুলের একটি চালান থেকে ১ হাজার ১৭০টি যন্ত্রপাতি ও ১৭ হাজার যন্ত্রাংশ লুট করে বলে অভিযোগ রয়েছে।

২০২৫ সালের শেষ দিকে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য কেনা একটি প্রতিষ্ঠানের আশপাশে পুলিশকে তৎপর হতে দেখা যায়। তখন আরেক সহযোগী মার্টিনেজকে সতর্ক করে বার্তা পাঠান। সেখানে বলা হয়, ‘শুভকামনা রইলো। মামলার তদন্ত হলে তোমাদের রক্ষা নেই।’

২০২৬ সালের ১৬ জানুয়ারি অ্যাঞ্জেল ও ২৫ বছর বয়সী ফ্রেডি মারকিনা পুলিশের হাতে আরেক সহযোগীর ধরা পড়ার বিষয়টি নিয়ে বার্তা আদান-প্রদান করেন। সেখানে বলা হয়, ‘তারা জর্জকে চোরাই পণ্য কেনা ও গ্রহণের অভিযোগে ধরে ফেলেছে।’

গ্রেপ্তারের ঝুঁকি বাড়লেও চক্রটি লুটপাট বন্ধ করেনি বলে অভিযোগ রয়েছে। ২০২৬ সালের জুলাইয়ে ২৪ বছর বয়সী অ্যাঞ্জেল সানচেজ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ছবি শেয়ার করেন। ছবিতে মুখোশধারী কয়েকজন ব্যক্তিকে বার্লিংটন নর্দার্ন সান্তা ফে রেলওয়ের একটি চলন্ত ট্রেন থেকে নাইকির জুতা বিলাসবহুল গাড়িতে ছুড়ে ফেলতে দেখা যায়। গাড়িগুলোতে ‘লস ত্রেনেস’ লেখা ছিল। ওপরে একটি হেলিকপ্টার থেকে তল্লাশির আলো ফেলা হচ্ছিল।

অভিযোগ প্রমাণিত হলে ষড়যন্ত্রের দায়ে অভিযুক্তদের অন্তত পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। আন্তঃনগর রেলপথে চুরির অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আর রেল পরিবহন সংস্থার বিরুদ্ধে সহিংসতার অভিযোগে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

কৌঁসুলিরা জানিয়েছেন, ১৪ মাসের তদন্তের পর চলতি সপ্তাহে অভিযুক্তদের বিরুদ্ধে এ বিস্তৃত অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পণ্য যেন কালোবাজারে না গিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

  • সর্বশেষ