শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন বিমানবন্দরে দুই যাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে গেলেন মুখোশধারী অভিবাসন কর্মকর্তারা

শনিবার সকালে সিয়াটেলের বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা ছড়াল। লস অ্যাঞ্জেলেসগামী বিমানে ওঠার মুখে দুই যাত্রীর পথ আটকালেন মুখোশধারী অভিবাসন কর্মকর্তারা! অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অবৈধ ভাবে মার্কিন মুলুকেই থেকে গিয়েছিলেন তাঁরা। সেই কারণে, বিমানে উঠতে দেওয়া হল না তাঁদের। কার্যত টেনেহিঁচড়ে সেখান থেকে নিয়ে যাওয়া হল। কিন্তু, এই ঘটনায় অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধেই ক্ষোভ উগ়রে দিয়েছেন বিমানের অন্য যাত্রীরা। ওই আধিকারিকদের পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট দুই যাত্রীর জন্য জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা দেখানোর দাবি করেন তাঁরা। তবে, অভিবাসন কর্মকর্তারা সে সব কানেও তোলেননি। উল্টে, নির্দিষ্ট দুই যাত্রীকে হাতকড়া পরিয়ে কার্যত সেখান থেকে তুলে নিয়ে যান তাঁরা। সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মার্কিন অভিবাসন এবং শুল্ক বিভাগের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মেক্সিকো থেকে আসা অভিবাসী রিকার্ডো ল্যারেন্ডো মেন্ডোজ়াকে গ্রেফতারের জন্য তাদের কর্মকর্তারা একটি সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছেন। কারণ হিসেবে রিকার্ডোর বিরুদ্ধে আমেরিকার আইন লঙ্ঘন করে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেখানে থেকে যাওয়ার অভিযোগ তোলা হয়েছে। অন্য দিকে, সোফিয়া ফার্নান্দেজ় মেহিয়া নামের এক তরুণীকেও গ্রেফতার করেছেন অভিবাসন কর্মকর্তারা। জানানো হয়েছে, তিনিও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আমেরিকায় থেকে যান। সোফিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ, অভিযান চলাকালীন তিনি অভিবাসন কর্মকর্তাদের গায়ে গরম কফি ছুড়ে মারেন।

এই অভিযানের জেরে বিমানের অন্য যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়েছে। আলাস্কা এয়ারলাইন্সের আলাস্কা ফ্লাইট ১৩০৬-এর যাত্রীদের বিমানে ওঠার সময়ে বিমানবন্দরের জেট ব্রিজে ঘটনাটি ঘটে। বিমানসংস্থার কর্মকর্তারা অভিবাসন বিভাগের এই আচমকা অভিযানে প্রসন্ন নন। উল্টে বিষয়টি নিয়ে আলাস্কা এয়ারলাইন্স উদ্বেগ প্রকাশ করেছে। অনালাইনে বিমানের সময়সূচি পরীক্ষা করে দেখা গিয়েছে, বিমানটির উড়ানের কথা ছিল, স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে। কিন্তু, এই অভিযানের কারণে সেই সময় পিছিয়ে যায়। আলাস্কা এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, বিমানের প্রত্যেক যাত্রীর প্রতি মর্যাদা এবং সম্মানের সঙ্গে আচরণ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু, এই ঘটনায় বিমানের সকল যাত্রীকে সমস্যার মুখে পড়তে হয়েছে, যা তাদের কাছে অত্যন্ত হতাশাজনক। একই সঙ্গে, বিমানসংস্থার তরফে দাবি করা হয়েছে, অভিবাসন কর্মকর্তারা এই অভিযান সম্পর্কে সংস্থাকে আগে থেকে কোনও নোটিস পাঠায়নি।

আলাস্কা এয়ারলাইন্সের তরফে সিয়াটেল বিমানবন্দর পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সমস্ত নিয়মাবলি মেনে অভিযানটি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে তারা। অভিযান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের জন্য মার্কিন অভিবাসন বিভাগের সঙ্গেও যোগাযোগ করা হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন এই অভিযানের তীব্র নিন্দা করেছেন। অভিযানটিকে তিনি ‘গভীর ভাবে আমেরিকাবিরোধী’ বলে সমালোচনা করেছেন। বব জানিয়েছেন, অভিবাসন কর্মকর্তারা নিজেরাই মুখোশ পরে অভিযানে যোগ দিয়ে রাজ্যের আইন লঙ্ঘন করেছেন!

Advertisement

‘আরটি_কম’ নামের এক্স হ্যান্ডল থেকে অভিযানের মুহূর্তের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, জনবহুল বিমানবন্দরের জেট ব্রিজে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এক তরুণী মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন। নীচে বসে রয়েছেন দুই যাত্রী, এক তরুণ এবং তরুণী। তাঁদের ঘিরে দাঁড়িয়ে রয়েছেন দুই মুখোশধারী। নিজেদের অভিবাসন কর্মকর্তা হিসেবে দাবি করছেন তাঁরা। এক অভিবাসন কর্মকর্তার পা জড়িয়ে ধরে অঝোরে কেঁদে চলেছেন নীচে বসে থাকা দুই যাত্রী। তাঁরা কোনও মতেই অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে যেতে রাজি নন। কিন্তু, অভিবাসন কর্মকর্তারাও তাঁদের ছেড়ে যাবেন না। তা নিয়েই যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপর অভিবাসন কর্তা নীচে বসে থাকা দুই যাত্রীকে তোলার চেষ্টা করছেন।

এর পর শুরু হল যাত্রীদের টেনেহিঁচড়ে মেঝে থেকে তোলার চেষ্টা। তরুণী অভিবাসন কর্তাকে জানালেন, তাঁকে টানার দরকার নেই। তিনি নিজেই উঠে যাবেন। ক্যামেরা হাতে দাঁড়িয়ে গোটা ঘটনাটির ভিডিয়ো রেকর্ড করছিলেন এক যাত্রী। তিনি তরুণীকে তাঁর নাম জিজ্ঞেস করলেন। সেই সময় তরুণী নিজের নাম জানিয়ে দাবি করলেন, তাঁর কাছে কাজের অনুমতিপত্র রয়েছে। তা সত্ত্বেও তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। এর পর, যাত্রীর হাত থেকে মোবাইলটি পড়ে যায়। আশপাশ থেকে কেবল চিৎকার ভেসে আসে। ওই যাত্রী মোবাইলটি পুনরায় তুলে ভিডিয়ো রেকর্ড করতে থাকেন। অন্যান্য যাত্রীকেও ঘটনাটি ক্যামেরাবন্দি করতে দেখা গেল। এর পর, দুই যাত্রী কার্যত বশ্যতা স্বীকার করে নেন। অভিবাসন কর্মকর্তারা হাতকড়া পরিয়ে তাঁদের সেখান থেকে নিয়ে চলে যান।

ভিডিয়োটি ইতিমধ্যে প্রায় ১৭ লক্ষ বার দেখে ফেলা হয়েছে। জমা পড়েছে অসংখ্য প্রতিক্রিয়া এবং মন্তব্য। অধিকাংশ নেটাগরিক ভিডিয়োটি দেখে মার্কিন আইনের নিন্দা করেছেন। সেখানকার অভিবাসন কর্মকর্তাদের কাজের ধরন নিয়েও প্রশ্ন তুলেছে নেটপাড়া।

সূত্র : আনন্দবাজার 

  • সর্বশেষ