শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, পরিচালনা পর্ষদে পারিবারিক প্রভাব কমানো, খেলাপি ঋণ আদায় জোরদার এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এরইমধ্যে এ-সংক্রান্ত সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

এতে সরকারের মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার পদে থাকা ব্যক্তি, জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংক-কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে।

সংশোধনী কার্যকর হলে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্য থাকার সর্বোচ্চ সংখ্যা তিনজন থেকে কমে দুজন হবে। পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমে ছয় বছর হবে। পাশাপাশি পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো, মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের পরিচালক হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ এবং ব্যাংকের শেয়ার ধারণে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের অনুপস্থিতি, খেলাপি ঋণ আদায়, ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের পরবর্তী কার্যক্রম এবং আইন লঙ্ঘনের জরিমানার পরিমাণেও পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকের সংঘবিধি পরিবর্তনের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

Advertisement

ব্যাংক-কোম্পানি আইন সংশোধনের এসব প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবারের দুজনের বেশি সদস্য থাকা উচিত নয়। পরিচালকদের মেয়াদ ছয় বছর করা এবং মন্ত্রী, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্যায়ে থাকার সুযোগ বন্ধ করাও প্রয়োজন।

তাদের অভিমত, এসব উদ্যোগ অতীতে ব্যাংক খাতে সংঘটিত লুটপাট বন্ধে বাধা হিসেবে কাজ করবে। অতীতে ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের একাংশ ব্যাংক লুটপাট করেছেন। ব্যাংকিং খাতের বর্তমান দুরবস্থার কারণে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারছে না। তাই আর্থিক খাত পুনরুদ্ধারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। এটাই হওয়া উচিত প্রথম কাজ।

এক পরিবার থেকে পরিচালক হবেন সর্বোচ্চ দুজন

আইনের খসড়া পর্যালোচনায় দেখা যায়, ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে আইনের ১৫ ধারার উপধারা (১০) সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি একক পরিবার থেকে সর্বোচ্চ তিনজন সদস্য একই সময়ে কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক থাকতে পারেন। প্রস্তাবিত সংশোধনীতে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে।

পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ থাকলে বিদ্যমান বিধানের কার্যকারিতা ও কঠোরতা কমে যায়। তাই অনাদায়ী ও খেলাপি ঋণ আদায়ের স্বার্থে বিধানটি আরও শক্তিশালী করা প্রয়োজন।

এ ছাড়া একই পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্বের সুযোগও কমানোর প্রস্তাব রয়েছে।

আইনের ২৩ ধারার উপধারা (১)-এর দফা (কক) সংশোধন করে একই পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি পরিচালক থাকার সংখ্যা সর্বোচ্চ দুটি থেকে কমিয়ে একটি করার প্রস্তাব করা হয়েছে।

দীর্ঘ সময় দায়িত্বে থাকলে পরিচালকদের ব্যক্তিগত স্বার্থের বিষয় তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে ইনসাইডার লেন্ডিং বা অভ্যন্তরীণ স্বার্থসংশ্লিষ্ট ঋণ দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই পরিচালকদের মেয়াদ ছয় বছরে সীমিত করার উদ্যোগ সমর্থন করা উচিত।

প্রস্তাবিত পরিবর্তনের যৌক্তিকতা হিসেবে ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শুধু পরিবারের সরাসরি সদস্যদের পরিচালকের সংখ্যা কমানো নয়, পরিবারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা পর্ষদে প্রভাব বিস্তারের সুযোগও সীমিত করতে চায় সংশোধনী প্রস্তাবটি।

এ বিষয়ে অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার জাগো নিউজকে বলেন, এক পরিবার থেকে দুজনের বেশি সদস্যের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকা উচিত নয়। অতীতে এক পরিবার থেকে একাধিক সদস্যের পরিচালক হওয়ার সুযোগ ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেছে। তাই এ সংখ্যা সীমিত করার উদ্যোগ অবশ্যই নেওয়া উচিত।

পরিচালকদের মেয়াদ অর্ধেক করার প্রস্তাব

ব্যাংকের পরিচালনা পর্ষদে দীর্ঘদিন একই ব্যক্তির অবস্থান সীমিত করতে পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে।

আইনের ১৫ক ধারায় এ পরিবর্তনের কথা বলা হয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি একটি ব্যাংক-কোম্পানির পরিচালক পদে একটানা সর্বোচ্চ ১২ বছর থাকতে পারেন। প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে এ সময়সীমা হবে ছয় বছর।

তবে ছয় বছর দায়িত্ব পালনের পরপরই আবার একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ থাকবে না। এ ক্ষেত্রে আগের মতোই তিন বছর বিরতি দেওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া পরিচালক পদে তিন বছরের কম সময় দায়িত্ব পালন করলেও সেই সময়কে একটানা ছয় বছরের মেয়াদ গণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত সংশোধনীর যৌক্তিকতা হিসেবে পরিচালনা পর্ষদে করপোরেট সুশাসন নিশ্চিত করার কথা বলা হয়েছে।

খসড়ার ব্যাখ্যা অনুযায়ী, ২০১৮ সালের সংশোধনীর আগে ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ছিল ছয় বছর। ২০১৮ সালের সংশোধনীতে তা বাড়িয়ে নয় বছর এবং ২০২৩ সালের সংশোধনীতে আরও বাড়িয়ে ১২ বছর করা হয়। এবার আবার ছয় বছরে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবটিকে সমর্থন করে ড. জাইদি সাত্তার বলেন, ছয় বছর পরিচালকের দায়িত্ব পালনের জন্য যথেষ্ট সময়। তিনি নিজেও একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ছয় বছর দায়িত্ব পালন করেছেন। এরপর তার মেয়াদ শেষ হয়েছে। তার প্রশ্ন, একজন পরিচালক ছয় বছরের বেশি সময় দায়িত্বে থাকবেন কেন?

তিনি বলেন, দীর্ঘ সময় দায়িত্বে থাকলে পরিচালকদের ব্যক্তিগত স্বার্থের বিষয় তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে ইনসাইডার লেন্ডিং বা অভ্যন্তরীণ স্বার্থসংশ্লিষ্ট ঋণ দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই পরিচালকদের মেয়াদ ছয় বছরে সীমিত করার উদ্যোগ সমর্থন করা উচিত।

বাড়বে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা

ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আইনের ১৫ ধারার উপধারা (৯) সংশোধন করে এ পরিবর্তন আনার কথা বলা হয়েছে।

বর্তমানে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে সর্বোচ্চ ২০ জন পরিচালক থাকতে পারেন। এ ক্ষেত্রে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক থাকার বিধান রয়েছে। তবে পরিচালকের সংখ্যা ২০ জনের কম হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা অন্তত দুজন হতে পারে।

প্রস্তাবিত সংশোধনীতে পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা ২০ জন হলে অন্তত চারজন স্বতন্ত্র পরিচালক রাখার কথা বলা হয়েছে। আর পরিচালকের সংখ্যা ২০ জনের কম হলে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক রাখতে হবে।

অর্থাৎ পরিচালনা পর্ষদে সদস্যসংখ্যা অনুযায়ী স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা বাড়বে।

পাশাপাশি স্বতন্ত্র পরিচালকের সংজ্ঞায়ও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যক্তি ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা ও শেয়ারধারকদের কাছ থেকে স্বাধীন থেকে নিজস্ব মতামত দেবেন। ব্যাংক বা ব্যাংক-সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে তার অতীতের অন্তত তিন বছরের স্বার্থসংশ্লিষ্টতা থাকলে তাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে বিবেচনা করা যাবে না।

এই পরিবর্তনের উদ্দেশ্য হিসেবে আমানতকারীদের স্বার্থ রক্ষা, পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি এবং অতীত স্বার্থসংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট করার কথা বলা হয়েছে।

রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের পরিচালক হওয়ার সুযোগ থাকছে না

ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব কমাতে পরিচালক নিয়োগের যোগ্যতায় নতুন শর্ত যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

আইনের ১৫ ধারার উপধারা (৬)-এ নতুন একটি দফা যুক্ত করার কথা বলা হয়েছে। এতে সরকারের মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার পদে থাকা ব্যক্তি, জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংক-কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে এ উপধারায় পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কয়েকটি অযোগ্যতার শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে কমপক্ষে ১০ বছরের ব্যবস্থাপনা, ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা না থাকা, ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়া, জালিয়াতি, আর্থিক অপরাধ বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকা, দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য থাকা, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার বিধি লঙ্ঘনের কারণে দণ্ডিত হওয়া এবং ঋণ পরিশোধে ব্যর্থ বা খেলাপি হওয়া।

প্রস্তাবিত সংশোধনীতে এসব শর্ত বহাল রেখে রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের অযোগ্যতার বিষয়টি যুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য হিসেবে ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ নিরুৎসাহিত করার কথা উল্লেখ করা হয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. জাইদি সাত্তার বলেন, মন্ত্রী, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকা উচিত নয়। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি বন্ধ করা প্রয়োজন। তার মতে, অতীতে ব্যাংক খাতে যে লুটপাট হয়েছে, তা বন্ধে এ ধরনের বিধিনিষেধ কার্যকর বাধা হিসেবে কাজ করবে।

কৌশলগত বিনিয়োগকারীদের জন্য শেয়ার ধারণে ছাড়

ব্যাংকের শেয়ার ধারণের ক্ষেত্রে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

আইনের ১৪ক ধারায় বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা একই পরিবারের সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক কিংবা যৌথভাবে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না।

প্রস্তাবিত সংশোধনীতে এ বিধান বহাল রেখেই বিশেষ পরিস্থিতিতে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য শেয়ার ধারণের সর্বোচ্চ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে।

এ ক্ষেত্রে ব্যাংক খাতের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এ সীমা শিথিল করতে পারবে। একই সঙ্গে কৌশলগত বিনিয়োগকারীর যোগ্যতা, উপযুক্ততা ও অন্যান্য শর্ত বাংলাদেশ ব্যাংক সময় সময় নির্ধারণ করতে পারবে।

প্রস্তাবটির যৌক্তিকতায় কৌশলগত বিনিয়োগকারীদের উৎসাহিত করার কথা বলা হয়েছে।

পর্ষদ সভায় অনুপস্থিতির নিয়ম নির্দিষ্ট হবে

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় কোনো পরিচালক কত দিন অনুপস্থিত থাকতে পারবেন, সে বিষয়ে নতুন ধারা সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত ১৭ক ধারায় বলা হয়েছে, কোম্পানি আইন, ১৯৯৪-এর ১০৮ ধারার বিধান যা-ই থাকুক না কেন, পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়া কোনো পরিচালক একটানা তিন মাসের বেশি পর্ষদের সভায় অনুপস্থিত থাকতে পারবেন না।

এ ছাড়া এ ধরনের অনুপস্থিতির অনুমতি বছরে সর্বোচ্চ একবার দেওয়া যাবে।

প্রস্তাবটির যৌক্তিকতায় বলা হয়েছে, বর্তমানে পরিচালকদের অনুপস্থিতির অনুমোদনের বিধান থাকলেও সর্বোচ্চ কত দিনের জন্য অনুমতি দেওয়া যাবে বা একটানা কত দিনের অনুপস্থিতি অনুমোদন করা যাবে, তা স্পষ্ট নয়। পরিচালনা পর্ষদে পরিচালকদের যথাযথ ভূমিকা নিশ্চিত করতেই নতুন বিধানটি যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ বন্ধের প্রস্তাব

ব্যাংকের পরিচালক পদ শূন্য হলে সংশ্লিষ্ট পরিচালকের কাছে পাওনা অর্থ আদায়ের বিধান আরও কঠোর করার প্রস্তাব করা হয়েছে।

আইনের ১৭ ধারার উপধারা (৫)-এর সংশোধনীতে বলা হয়েছে, কোনো পরিচালকের পদ শূন্য হলে তার কাছে পাওনা টাকা সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানিতে তার শেয়ার সমর্পণের মাধ্যমে আদায় করা হবে। এভাবে সমন্বয়ের পরও কোনো টাকা বকেয়া থাকলে তা সরকারি পাওনা হিসেবে গণ্য হবে এবং পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী আদায়যোগ্য হবে।

প্রস্তাবিত সংশোধনীতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট অগ্রিম বা ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ বা আদায় করতে হবে। পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে ওই অগ্রিম বা ঋণ নিয়মিত করা যাবে না।

প্রস্তাবটির যৌক্তিকতায় বলা হয়েছে, পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ থাকলে বিদ্যমান বিধানের কার্যকারিতা ও কঠোরতা কমে যায়। তাই অনাদায়ী ও খেলাপি ঋণ আদায়ের স্বার্থে বিধানটি আরও শক্তিশালী করা প্রয়োজন।

ব্যাংকের পর্ষদ বাতিলের ক্ষমতায় পরিবর্তন

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদ বাতিলের ক্ষমতাসংক্রান্ত ৪৭ ধারায়ও বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

বর্তমান আইনে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের কার্যক্রম আমানতকারীদের স্বার্থের পরিপন্থি বা ক্ষতিকর হলে কিংবা আইনে উল্লিখিত কারণে পর্ষদ বাতিল করা প্রয়োজন মনে হলে বাংলাদেশ ব্যাংক লিখিতভাবে কারণ উল্লেখ করে আদেশের মাধ্যমে পর্ষদ বাতিল করতে পারে।

প্রস্তাবিত সংশোধনীতে পর্ষদ বাতিলের আদেশের কার্যকারিতা ও পরবর্তী কার্যক্রম আরও স্পষ্ট করার কথা বলা হয়েছে।

বর্তমানে পর্ষদ বাতিলের আদেশের মেয়াদ এবং সময় বাড়ানোর পর সর্বোচ্চ মেয়াদ দুই বছরের বেশি হতে পারে না। প্রস্তাবিত সংশোধনীতে এ সর্বোচ্চ সময়সীমা বাড়ানোর প্রস্তাব নেই।

পর্ষদ বাতিলের পর বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য ব্যক্তি বা ব্যক্তিদের নিয়োগ দিতে পারবে। প্রস্তাবিত বিধান অনুযায়ী, নিয়োগপত্রে উল্লেখিত মেয়াদে তারা পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে তাদের নিয়োগের মেয়াদ কমাতে বা বাড়াতে পারবে। তবে বর্ধিত মেয়াদসহ মোট সময় তিন বছরের বেশি হবে না।

এ ছাড়া নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর ওই পর্ষদের মেয়াদ শেষে পরবর্তী সাধারণ সভার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকের সদস্যরা পরিচালক নির্বাচন করবেন। নতুন পর্ষদ গঠনের কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে।

খসড়ায় এ পরিবর্তনের যৌক্তিকতা হিসেবে পর্ষদ বাতিলের আদেশের মেয়াদ, নতুন পর্ষদ গঠন এবং এ-সংক্রান্ত কিছু বিষয় আরও স্পষ্ট করার কথা বলা হয়েছে।

পুনর্গঠন বা একীভূতকরণে জরিমানা মওকুফের সুযোগ

ব্যাংকের পুনর্গঠন, একীভূতকরণ, অবসায়ন বা অধিগ্রহণের মতো কার্যক্রম চলমান থাকলে বিশেষ পরিস্থিতিতে জরিমানা মওকুফের ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আইনের ৩৩ ধারার উপধারা (৫)-এ বলা হয়েছে, কোনো ব্যাংক-কোম্পানি নির্ধারিত বিনিময়যোগ্য সম্পদ সংরক্ষণে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংকের ঋণ প্রদানের জন্য নির্ধারিত হারে জরিমানা দিতে বাধ্য থাকবে।

প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, কোনো ব্যাংক-কোম্পানির পুনর্গঠন, একীভূতকরণ, অবসায়ন বা অধিগ্রহণের কার্যক্রম চলমান থাকলে সংশ্লিষ্ট ব্যাংক বা হস্তান্তরগ্রহীতা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে ওই ধারায় আরোপিত বা আরোপযোগ্য জরিমানা নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে মওকুফ, রহিত কিংবা কমাতে পারবে।

প্রস্তাবটির যৌক্তিকতায় বলা হয়েছে, পুনর্গঠন বা একীভূতকরণের মতো কার্যক্রম চলমান থাকলে ব্যাংক সাময়িক অসুবিধার মুখে পড়তে পারে। সেই পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংককে এ ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

জরিমানার সর্বনিম্ন পরিমাণ বাড়ছে

ব্যাংক-কোম্পানি আইনের বিভিন্ন বিধান লঙ্ঘন এবং বাংলাদেশ ব্যাংকের চাহিদা অনুযায়ী তথ্য বা নথি সরবরাহে ব্যর্থতার ক্ষেত্রে জরিমানার সর্বনিম্ন পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আইনের ১০৯ ধারার উপধারা (৪) অনুযায়ী, কোনো ব্যক্তি প্রয়োজনীয় হিসাব, দলিল, বিবরণ বা তথ্য সরবরাহ করতে ব্যর্থ হলে কিংবা ব্যাংকের ব্যবসা-সংক্রান্ত বিষয়ে তদন্ত বা পরীক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রশ্নের জবাব দিতে অসম্মত হলে বর্তমানে তার ওপর সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা আরোপের বিধান রয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে সর্বনিম্ন জরিমানা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। তবে সর্বোচ্চ জরিমানা পাঁচ লাখ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া আইনটির ১০৯ ধারার উপধারা (৭)-এ অন্য কোনো বিধান, আদেশ, নির্দেশ, শর্ত বা বিধি লঙ্ঘনের ক্ষেত্রে বর্তমানে সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে সর্বনিম্ন জরিমানা ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ জরিমানা পাঁচ লাখ টাকা করার কথা বলা হয়েছে।

উভয় ক্ষেত্রেই অপরাধ বা অসংগতি অব্যাহত থাকলে প্রথম দিনের পর প্রতিদিনের জন্য অতিরিক্ত সর্বনিম্ন এক হাজার টাকা জরিমানার বিধান অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত পরিবর্তনের যৌক্তিকতা হিসেবে টাকার সময়গত মূল্য বিবেচনায় জরিমানার পরিমাণ সমন্বয়ের কথা উল্লেখ করা হয়েছে।

সংঘবিধি পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র বাধ্যতামূলক

ব্যাংক-কোম্পানির সংঘবিধি পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র বাধ্যতামূলক করার জন্য নতুন ১১৭ক ধারা সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত ধারায় বলা হয়েছে, কোম্পানি আইনে যা-ই থাকুক না কেন, বাংলাদেশ ব্যাংকের কোনো আপত্তি নেই—এ মর্মে অনাপত্তিপত্র বা প্রত্যয়নপত্র ছাড়া কোনো ব্যাংক-কোম্পানির সংঘবিধি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

এর মাধ্যমে ব্যাংকের সংঘবিধি পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ও তদারকি নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে।

স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংজ্ঞা যুক্ত হচ্ছে

ব্যাংক-কোম্পানি আইনের বিভিন্ন ধারায় স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উল্লেখ থাকলেও এর একটি সাধারণ সংজ্ঞা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এ জন্য আইনের ৫ ধারায় নতুন দফা ৫(দ) সংযোজনের কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচালক হলে, ওই প্রতিষ্ঠানে ২০ শতাংশের বেশি শেয়ার ধারণ করলে অথবা ঋণের জামিনদার হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে।

খসড়ায় বলা হয়েছে, আইনের বিভিন্ন ধারায় স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উল্লেখ থাকলেও সাধারণ সংজ্ঞা না থাকায় বিষয়টি স্পষ্ট করতে নতুন দফা যুক্ত করা প্রয়োজন।

ঋণখেলাপির সংজ্ঞা ও নিয়োগসংক্রান্ত বিধান হালনাগাদ

আইনের ৫(গ) ধারায় খেলাপি ঋণগ্রহীতার বিদ্যমান সংজ্ঞা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের জারি করা সংজ্ঞা অনুযায়ী, ঋণ বা আর্থিক সুবিধা মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাস অতিবাহিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খেলাপি ঋণগ্রহীতা হিসেবে বিবেচনার বিধান রয়েছে।

এ ছাড়া পরিচালকের অযোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান-সংক্রান্ত আগের আইনের পরিবর্তে ২০২৩ সালের আর্থিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী ফাইন্যান্স কোম্পানির বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। খসড়ায় এর কারণ হিসেবে আগের আইন রহিত করে নতুন আইন প্রণয়ন ও কার্যকর হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সূত্র : জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ