শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সস্তায় সোনা কিনতে পারবেন যে ৭ দেশ থেকে

দেশের বাজারে টানা দরপতনের কারণে ১৪ মাস পর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ টাকার নিচে নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ও বিভিন্ন দেশের কর-শুল্কের হিসাব বলছে, বিশ্বের বেশ কয়েকটি দেশে বাংলাদেশের তুলনায় কম খরচে সোনা কেনার সুযোগ রয়েছে।

বিনিয়োগের জন্য সোনার বার ও কয়েনের ওপর কর ও আমদানি শুল্ক না থাকায় এসব দেশে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে সোনা পাওয়া যায়। এমন ৭টি দেশে প্রতি ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা।

আন্তর্জাতিক বাজারে সোনার মূল দাম সব দেশেই প্রায় একই। তবে আমদানি শুল্ক, ভ্যাট, বিক্রয়কর, মুদ্রার বিনিময় হার এবং স্থানীয় বাজারের অতিরিক্ত খরচের কারণে একেক দেশে সোনার চূড়ান্ত দামে পার্থক্য তৈরি হয়।

দেশভিত্তিক কর ও শুল্কের তুলনামূলক তথ্য অনুযায়ী, ৩০ দেশে বিনিয়োগের জন্য সোনার বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট বা আমদানি শুল্ক নেই। এসব দেশে সোনা কিনতে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে মূলত বিক্রেতার মুনাফা বা অতিরিক্ত প্রিমিয়াম যোগ হয়। করমুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে।

Advertisement

সংযুক্ত আরব আমিরাত: স্বর্ণ কেনার জন্য বিশ্বের অন্যতম পরিচিত গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এখানে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে কম দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৫৬ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।

হংকং: হংকংয়ে স্বর্ণ কেনার ক্ষেত্রে ভ্যাট বা বিক্রয়কর নেই। এ কারণে বিনিয়োগের জন্য স্বর্ণের বার ও কয়েন কেনা তুলনামূলক সাশ্রয়ী। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা।

সিঙ্গাপুর: সিঙ্গাপুরে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো জিএসটি বা আমদানি শুল্ক নেই। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা।

সুইজারল্যান্ড: বিনিয়োগযোগ্য স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট নেই সুইজারল্যান্ডে। ফলে আন্তর্জাতিক বাজারের দামের কাছাকাছি স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ১২২ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৮ দশমিক ১ শতাংশ ভ্যাট রয়েছে।

যুক্তরাজ্য: যুক্তরাজ্যে বিনিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতার স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। এ কারণে স্বর্ণের বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ পান। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম এখানেও ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা।

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর সাধারণভাবে কোনো কেন্দ্রীয় বিক্রয়কর নেই। তবে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী বিক্রয়কর প্রযোজ্য হতে পারে। আন্তর্জাতিক বাজারদরের হিসাবে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৬৮ টাকা।

জার্মানি: জার্মানিতে বিনিয়োগের জন্য নির্ধারিত স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ১৯ শতাংশ ভ্যাট প্রযোজ্য।

তবে কোনো দেশে স্বর্ণের দাম কম হলেই সেখানে গিয়ে কেনা লাভজনক হবে, এমন নয়। আন্তর্জাতিক বাজারদর, স্থানীয় কর, গয়না তৈরির মজুরি, মুদ্রার বিনিময় হার এবং নিজ দেশে স্বর্ণ আনার ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক—সবকিছু হিসাবে আসবে। সেই হিসেবে দাম কম মনে হলেও দেশে আনার ক্ষেত্রে তা বেড়ে যেতে পারে।

 

  • সর্বশেষ