২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী খুলনায় নিজেদের আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা।
এবার সেই অস্ত্র ফেরত পেতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন তাদের কয়েকজন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে জমা দেওয়া অস্ত্র ফেরত চেয়েছেন তারা। আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগসংশ্লিষ্ট নেতারাও রয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সাড়া দিয়ে খুলনা নগরীর বিভিন্ন এলাকার লাইসেন্সধারীরা তাদের আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানায় জমা দেন। জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, শটগান ও বন্দুক।
সম্প্রতি তাদের মধ্যে ১৮ জন অস্ত্র ফেরত চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। তাদের আবেদনে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন কেসিসির সাবেক প্যানেল মেয়র ও সাবেক এমপি রুনু বিথারের ভাই এস এম রফিউদ্দিন আহমেদ, খালিশপুর থানার কাশিপুরের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. সুলতান মাহমুদ পিন্টু, দুবলারচরের কামাল উদ্দিন আহমেদ, খালিশপুর পুরাতন কলোনির তাহিদুল ইসলাম, চরের হাটের এস এম রাজু আহমেদ এবং মোহাম্মদনগরের শেখ সেলিম। এছাড়া চাঁনমারীর মো. সেলিম হাওলাদার, হাজি ইসমাইল রোডের বদরুল আলম মনীর, খালিশপুর হাউজিং এলাকার আব্দুল হালিম মোল্লা, মুজগুন্নি আবাসিক এলাকার আব্দুল হোসেন, দিঘলিয়ার চন্দনীমহলের আবদুল্লাহ এবং দাকোপের শাহিনুজ্জামান সানা।
অস্ত্র ফেরত দেওয়ার বিষয়ে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম বলেন, থানা পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অস্ত্র ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।