শিরোনাম
◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে গত চার বছরে নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। একই সঙ্গে দারিদ্র্যসীমার সামান্য ওপরে রয়েছেন আরও প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ। প্রাকৃতিক দুর্যোগ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি কিংবা যেকোনো অর্থনৈতিক ধাক্কায় তাঁদেরও দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে দেশের দারিদ্র্য পরিস্থিতি বিশ্লেষণ করে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বিশ্বব্যাংকের হিসাবে, টানা চার বছর ধরে দেশে দারিদ্র্যের হার বাড়ছে। সংস্থাটির প্রতিবেদন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং বেসরকারি উন্নয়ন সংস্থাসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণের ব্যয় বিবেচনায় নিয়ে দারিদ্র্য পরিমাপ করে বিবিএস। একজন মানুষের দৈনিক গড়ে ২ হাজার ১২২ ক্যালরি খাদ্যগুণসম্পন্ন খাবার কেনা এবং খাদ্যবহির্ভূত প্রয়োজনীয় ব্যয় মেটানোর মতো আয় না থাকলে তাঁকে দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। তবে অঞ্চলভেদে খাবারের দাম ও জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য রয়েছে।

সূত্রমতে, ২০০১ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ তখন প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করতেন। পরবর্তী দুই দশকে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। ২০২২ সালে দারিদ্র্যের হার কমে ১৮ শতাংশে নেমে আসে। কিন্তু ওই বছরের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। দারিদ্র্য কমার ধারাবাহিকতা থেমে গিয়ে আবার বাড়তে থাকে।

Advertisement

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ৯ শতাংশে। ওই বছর নতুন করে দরিদ্র হন প্রায় ৮ লাখ মানুষ। ২০২৪ সালে দারিদ্র্যের হার বেড়ে ২০ দশমিক ৫ শতাংশে পৌঁছায়। ওই বছর নতুন করে দরিদ্র হন প্রায় ৩৭ লাখ মানুষ। ২০২৫ সালে দারিদ্র্যের হার ২১ শতাংশ ছাড়িয়ে যায়; ওই বছর নতুন দরিদ্রের সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ। আর চলতি বছরে নতুন করে আরও প্রায় ২১ লাখ মানুষ দরিদ্র হয়েছেন। ফলে দারিদ্র্যের হার বেড়ে প্রায় ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। চলতি অর্থবছর শেষে এ হার আরও বেড়ে ২২ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিএসের জনশুমারি অনুযায়ী, ২০২২ সালে দেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ। তখন পরিবার ছিল ৪ কোটি ১০ লাখ। পরবর্তী সময়ে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিলে দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে। বিশ্বব্যাংকের হিসাবেও বর্তমানে দরিদ্র মানুষের সংখ্যা কয়েক কোটি।

সংশ্লিষ্টরা বলছেন, গত চার বছরে দেশে আয়বৈষম্য বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশেষ করে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। আয় বাড়ার তুলনায় ব্যয় বেড়েছে বেশি। অন্যদিকে কাজের সুযোগ সীমিত হওয়ায় অনেক পরিবার নিয়মিত আয় ধরে রাখতে পারছে না। ফলে সামান্য অর্থনৈতিক সংকটেও তাদের দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ, কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়া—এসব কারণে ঝুঁকিতে থাকা পরিবারগুলো দ্রুত আর্থিক সংকটে পড়ছে। আগামী অর্থবছরে প্রায় ৬ লাখ ৩০ হাজার নিট কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হলেও, এত সংখ্যক কর্মসংস্থান দ্রুত দারিদ্র্য কমানোর জন্য যথেষ্ট হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বেসরকারি উন্নয়ন সংস্থাসংশ্লিষ্টদের মতে, দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা এখনো মূলত মানুষ দরিদ্র হয়ে পড়ার পর সীমিত সহায়তা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। ঝুঁকিপূর্ণ পরিবারকে আগেভাগে সুরক্ষা দেওয়া, সামাজিক বিমা এবং আয়-ঝুঁকি মোকাবিলার কার্যকর ব্যবস্থা এখনো দুর্বল। ফলে দারিদ্র্য বৃদ্ধির পেছনে শুধু সাময়িক অর্থনৈতিক সংকট নয়, প্রবৃদ্ধির গুণগত দুর্বলতা ও শ্রমবাজারের কাঠামোগত সমস্যাও ভূমিকা রাখছে।

তাঁদের মতে, শুধু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দিয়ে অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন করলে চলবে না। ওই প্রবৃদ্ধি কতটা কর্মসংস্থান সৃষ্টি করছে, মানুষের প্রকৃত আয় বাড়াচ্ছে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিচ্ছে—সেদিকেও গুরুত্ব দিতে হবে।

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বিশ্বব্যাংক। উচ্চ মূল্যস্ফীতি, বিশেষ করে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির চাপ, প্রকৃত মজুরি কমে যাওয়া, দুর্বল বেসরকারি বিনিয়োগ এবং পর্যাপ্ত উৎপাদনশীল কর্মসংস্থান না হওয়ায় নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা ভেঙে পড়ছে।

তিনি বলেন, দেশের অধিকাংশ কর্মসংস্থান অনানুষ্ঠানিক খাতে। ফলে চাকরি হারানো, অসুস্থতা কিংবা নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার মতো একটি ধাক্কাই অনেক পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।

  • সর্বশেষ