ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ডাকাতের কবলে পড়ে ভয়ে আতঙ্কিত হয়ে এ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছিল এক প্রসূতি, এরপর ওই নবজাতকের মৃত্যু হয়েছে। ডাকাতদের হামলার শিকার ওই প্রসূতি হলেন চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমানের স্ত্রী।
ডাকাতদল তাদের কাছে থাকা প্রায় এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।
রোববার রাত তিনটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রাম এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ব্যাপারে প্রসূতির স্বামী আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা তার স্ত্রী ও পরিবারের আরও তিনজন সদস্যকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে এ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশের গাছ কেটে সড়কের উপর রেখে ব্যারিকেড দেয় ৭-৮ জনের একদল ডাকাত। তারা এ্যাম্বুলেন্সটি থামিয়ে প্রসূতির স্বামী, মা ও শাশুড়ির কাছে থাকা প্রায় এক লক্ষ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তিনি আরো জানান, ডাকাতির ঘটনার সময় তার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই ভয় আতঙ্কের মধ্যেই তিনি এ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসব করেন। পরে ভূমিষ্ট হওয়া নবজাতককে মৃত্যু হয়। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে পুলিশের একটি টিম আসে। তারা বিষয়টি শুনে জেনে চলে যায়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চন্ডিপুর পুলিশ ক্যাম্পে উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখি। বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, ঘটনাস্থলে টহল টিম গিয়েছিল। রাস্তার ওপর গাছ ফেলা ছিল।একটি ট্রাক ও একটি এ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। কিছু টাকা ও সোনাদানা নিয়ে গেছে। তিনি বলেন, এ্যাম্বুলেন্সে গর্ভবতী এক রোগী ছিল। তার প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল ও সন্তান প্রসব কর। প্রসূতির বাচ্চাটা মারা গেছে কিনা তা জানা নেই।
ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ডাকাতির ঘটনা সত্যতা স্বীকার বলেন, প্রসূতির নবজাত শিশুটিও মারা গেছে বলে শুনেছি।
তিনি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দাদের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। কালীগঞ্জ থানায় মামলা করার কথা বলেছি। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।