ভারতের প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় নজরদারি চালাচ্ছেন পাকিস্তানের গোয়েন্দা এজেন্টরা। দেশটির সামরিক ও নিরাপত্তা সংস্থার ভেতরে একের পর এক গুপ্তচরবৃত্তির অভিযোগ সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে।
এবার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) ও প্রতিরক্ষা কর্মকর্তাদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানি গোয়েন্দাদের অনুপ্রবেশের সন্দেহ করা হচ্ছে। ভারতের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, অন্তত ১৪টি গ্রুপে এ ধরনের অনুপ্রবেশ ঘটেছে।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানের বেশ কয়েকজন সন্দেহভাজন এজেন্টকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ‘সোনিয়া’ নামের এক নারী, যিনি নিজেকে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিজ্ঞানী হিসেবে পরিচয় দিয়েছিলেন।
অভিযোগ রয়েছে, পাকিস্তানি এই নারী ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে তাদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করেন। এসব ঘটনা তদন্ত করছে ভারতের প্রতিরক্ষা ও আধাসামরিক সংস্থাগুলো।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনী, সিএপিএফ ও প্রতিরক্ষাসংশ্লিষ্ট কাজে নিয়োজিত বেসামরিক কর্মীদের ব্যবহৃত প্রায় ১৩ থেকে ১৪টি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানি গোয়েন্দাদের প্রবেশের সন্দেহ তৈরি হয়েছে।
তদন্তকারীদের দাবি, প্রায় ৫০টি অনানুষ্ঠানিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অনুপ্রবেশ করেছিল পাকিস্তানভিত্তিক গোয়েন্দা অপারেটিভরা। ভারতীয় মোবাইল নম্বরের পরিচয় জাল করে অথবা অন্যের নম্বর হাতিয়ে নিয়ে এই গ্রুপগুলোতে ঢুকেছিল তারা।
গ্রুপের সদস্য হলেও তারা নিজেদের উপস্থিতি প্রকাশ করতেন না। নীরবে সদস্য হয়ে অন্যদের কথোপকথন, বার্তা ও আদান-প্রদান করা নথির ওপর নজর রাখতেন। এভাবে সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চলছিল বলে সন্দেহ তদন্তকারীদের।
এই চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘সোনিয়া’। দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ‘অল ইন্ডিয়া ডিফেন্স সিভিলিয়ান মিউচুয়াল ট্রান্সফার পোস্টিং’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিআরডিওর বিজ্ঞানী পরিচয়ে যোগ দিয়েছিলেন ওই নারী।
এরপর তিনি এক বেসামরিক প্রতিরক্ষা কর্মীর সঙ্গে কথাবার্তা শুরু করেন। ধীরে ধীরে ওই কর্মীর বিশ্বাস অর্জন করে তার কাছ থেকে প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। এমনকি অর্থের বিনিময়ে সংবেদনশীল তথ্য সরবরাহ করা হয়েছিল বলেও দাবি তদন্তকারীদের।
তবে ঠিক কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, তার বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি।
ঘটনাটি সামনে আসার পর ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ), সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশসহ (আইটিবিপি) বিভিন্ন বাহিনীর কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিটি গ্রুপের সদস্যদের পরিচয় যাচাই করতে বলা হয়েছে। অজানা বা সন্দেহজনক নম্বর অবিলম্বে সরিয়ে দেওয়ার পাশাপাশি আপাতত কোনো সরকারি বা গোপনীয় তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা হোয়াটসঅ্যাপে আদান-প্রদান না করার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে এ ঘটনা সাইবার নিরাপত্তার দুর্বলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ, আধুনিক যুদ্ধে শুধু সীমান্তে গোলাগুলি বা ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, তথ্য সংগ্রহ ও পাচারও গুরুত্বপূর্ণ কৌশল।
সেনাদের অবস্থান, বদলি, দায়িত্ব, সামরিক অবকাঠামো কিংবা গুরুত্বপূর্ণ অভিযানের তথ্য শত্রুপক্ষের হাতে পৌঁছালে তার পরিণতি গুরুতর হতে পারে। সাধারণ পরিচয়ের আড়ালে গোয়েন্দা সদস্যরা কত সহজে নিরাপত্তাব্যবস্থার ভেতরে প্রবেশ করতে পারেন, এ ঘটনা আবারও তা সামনে এনেছে।
চলতি বছর পাকিস্তানসংশ্লিষ্টতার অভিযোগে একাধিক গুপ্তচরবৃত্তির ঘটনা সামনে এসেছে। অক্টোবরে অন্ধ্রপ্রদেশের কাউন্টার ইন্টেলিজেন্স ‘অপারেশন ফায়ারওয়াল-২০২৬’ শুরু করে। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১৮ জনের ভূমিকা খতিয়ে দেখা হয়। তাদের মধ্যে ১৩ জন নৌসেনার কর্মী বলে সন্দেহ করা হচ্ছে।
অন্যদিকে, আগস্টে ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের গ্রেপ্তারের ঘটনাও সামনে আসে। নভেম্বরে দিল্লি পুলিশের চার্জশিটে অভিযোগ করা হয়, ওই আধিকারিক পাকিস্তানি অপারেটিভের কাছে গোপন সামরিক তথ্য পাঠিয়েছিলেন। এমনকি পাঁচ অধস্তন কর্মীর ডিভাইসে সন্দেহজনক স্পাইওয়্যার ইনস্টল করার নির্দেশও পেয়েছিলেন বলে অভিযোগ।
সূত্র : এশিয়া পোস্ট