শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করবে কানাডা ◈ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর ◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ ◈ ৩০০ ফুট সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ডাকাতি নয়, আসলে কী ঘটেছিল ভিডিও নিয়ে ডিএমপির ব্যাখ্যা ◈ ডিম, কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন (ভিডিও) ◈ দীর্ঘ ২৪ বছর পর প্যারোলে মুক্তি, পরিবারের কাছে ফিরলেন বাদল ফরাজী ও আফজাল ◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:২০ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করবে কানাডা

বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার আশ্বাস দিয়েছে কানাডা। একই সঙ্গে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়া, নিরাপদ ও নিয়মিত অভিবাসন উৎসাহিত করা এবং সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ এ আশ্বাস দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে অনিয়মিত অভিবাসন রোধ, দক্ষ জনশক্তি রফতানি, সাইবার নিরাপত্তা, যৌথ বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডা দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। জবাবে ওয়েলডন এপ জানান, কানাডা বর্তমানে অভিবাসন নীতিতে ভারসাম্য আনলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা হবে।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নার্সিং, মেডিক্যাল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট ও হসপিটালিটি খাতে বাংলাদেশের বিপুল প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে বাংলাদেশে নিজস্ব প্রশিক্ষক পাঠিয়ে কিংবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি স্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় জনবল তৈরি করে নিতে পারে।

এ প্রস্তাবকে ইতিবাচক হিসেবে অভিহিত করে ওয়েলডন এপ জানান, কানাডার অর্থনীতিতে নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। কোস্টগার্ডের জন্য নদী ও উপকূলীয় টহলযান এবং পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম সংগ্রহে সর্বাধুনিক প্রযুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার জানান, অভিবাসীর সংখ্যা সীমিত করা সত্ত্বেও কানাডা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের পুনর্বাসনের সংখ্যা বাড়িয়েছে। পাশাপাশি সংকট সমাধানে আঞ্চলিক রাষ্ট্রগুলো, বিশেষ করে আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় করতে কাজ করছে কানাডা।

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়ানো প্রয়োজন। যাতে রোহিঙ্গারা নাগরিকত্ব, নিরাপদ ভূমি ও জীবিকার নিশ্চয়তা নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে।

এ ছাড়া মিয়ানমারকেন্দ্রিক সাইবার প্রতারণা, মাদক ও মানবপাচারকে গুরুতর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করে এসব অপরাধ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন, ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ