শিরোনাম
◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ ◈ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ যেভাবে মার্কিনিদের ফাঁদে ফেলার চেষ্টা করছেন সন্দেহভাজন চীনা গোয়েন্দারা! ◈ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় টানা ৬ দিনের ছুটি ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ মহড়া, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ জাতীয় গ্রিডে টানা টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ◈ মেট্রোরেলের চার স্টেশনে ব্যবসার সুযোগ, যেভাবে করবেন আবেদন ◈ এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার, যেভাবে হবে নির্বাচন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:২৭ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের গণহত্যার দায় নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় স্বীকার করেছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে মিয়ানমারের পাঁচজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

সোমবার (২৩ নভেম্বর) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব ও আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলার জন্য দেশটির প্রতি আহ্বান জানানো হচ্ছে।

১৪টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।

Advertisement

এদিকে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের কোনো বিচারহীনতা মেনে নেওয়া যায় না।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা পাঁচ সামরিক কর্মকর্তার সম্পদ জব্দ এবং তাদের যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি রপ্তানি ও সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপে আইন প্রণয়নের পরিকল্পনাও রয়েছে লন্ডনের।

মানবিক সহায়তা হিসেবে রাখাইন রাজ্যের প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ অর্থ দিয়ে রোহিঙ্গাসহ অন্যান্য জনগোষ্ঠীকে জীবন রক্ষাকারী ও জরুরি সেবা দেওয়া হবে। এ ছাড়া মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে আরও ৩০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হবে।

গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত জানায়, ২০১৭ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে। আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্র গণহত্যা করেছে বলে আদালত নির্ধারণ করেছে।

সূত্র: ফ্রান্স২৪

 

  • সর্বশেষ