স্পোর্টস ডেস্ক : সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। আরও পাঁচ মাস পিছিয়ে যাচ্ছে প্রতিযোগিতাটির ১৪তম আসর।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বরে গেমস আয়োজনের পরিকল্পনা করছে আয়োজক পাকিস্তান। তবে এখনো নির্দিষ্ট দিন-তারিখ চূড়ান্ত হয়নি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমস পেছানোর সুযোগে এসএ গেমসের সূচিতেও পরিবর্তন এনেছে পাকিস্তান। --- টি স্পোর্টস
এর আগে ২০২৭ সালের মার্চে আসরটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সেখান থেকে এবার আরও পাঁচ মাস পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
২০১৯ সালে নেপালের কাঠমান্ডু ও পোখারায় সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল এসএ গেমসের ১৩তম আসর। নিয়ম অনুযায়ী দুই বছর পরপর প্রতিযোগিতাটি হওয়ার কথা থাকলেও পাকিস্তানের আয়োজনে নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ঝুলে আছে ১৪তম আসর।
প্রথমে ২০২১ সালে আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে ২০২৩ সালে নেওয়া হয়। এরপরও নানা কারণে আয়োজন সম্ভব হয়নি। সর্বশেষ সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানের তিন শহরে গেমস আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সেটিও বাস্তবায়িত হয়নি। পরে ২০২৭ সালের মার্চে আয়োজনের বিষয়ে সদস্য দেশগুলোর সম্মতি মেলে। পরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের সময় সাউথ এশিয়ান অলিম্পিক কমিটির সভায় আগামী বছরের ৩-১১ এপ্রিল আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল।
কিন্তু এ বছরের ডিসেম্বরে এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসের আয়োজক শহর রিয়াদ সম্প্রতি হুথিদের দ্বারা আক্রমণের শিকার হলে এই গেমস পিছিয়ে যায় আগামী বছরের মার্চে। তাই এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমস পিছিয়ে যাওয়ায় পুন:সময় নির্ধারন করে সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছে সাউথ এশিয়ান গেমস।
এবার ভালো ফলের প্রত্যাশা ছিল ক্রীড়াবিদদের। কিন্তু বারবার সূচি পরিবর্তনে সেই প্রস্তুতি ও প্রত্যাশা এখন অনিশ্চয়তার মুখে। সেপ্টেম্বরে নতুন সময় নির্ধারণের পরিকল্পনা বাস্তবায়িত হলেও নির্দিষ্ট দিন-তারিখ এবং আয়োজক হিসেবে পাকিস্তানের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে হবে সদস্য দেশগুলোকে। পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৪তম এসএ গেমসের আসর।