স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে কলঙ্কের দাগ একবার লাগলে তা মুছতে কতটা সময় লাগে? ২০১৮ সালের কেপটাউন টেস্টে স্যান্ডপেপার কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়া যখন নতুন করে বিশ্বাসযোগ্যতা ফেরানোর লড়াইয়ে, তখনই নতুন এক অনুসন্ধানে উঠে এসেছে আরও অস্বস্তিকর তথ্য। প্রশ্ন উঠেছে, কেপটাউনের স্যান্ডপেপার কাণ্ডই কি ছিল অস্ট্রেলিয়ার প্রথম বল টেম্পারিং, নাকি এর আগেও দীর্ঘদিন ধরে চলেছে এমন কর্মকাণ্ড?
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ‘সেন’-এর সাংবাদিক জেরার্ড হোয়েটলির অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৮ সালের কেপটাউন টেস্টের আগে থেকেই বল টেম্পারিংয়ের ঘটনা ঘটছিল অস্ট্রেলিয়া দলে। বিশেষ করে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার নিয়ে ধরা পড়ার পর শাস্তির ছয় মাস না পেরোতেই অক্টোবরে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বল থেকে সুইং আদায় করতে না পেরে অস্ট্রেলীয় বোলাররা বল টেম্পারিংয়ের আশ্রয় নিয়েছিলেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।
নতুন এই অনুসন্ধানের পর ২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারির তদন্ত নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সে সময় ঘটনাটিকে বিচ্ছিন্ন একটি অপরাধ হিসেবে তুলে ধরা হলেও বাস্তবতা ছিল ভিন্ন—এমনটাই দাবি করেছেন সংশ্লিষ্ট এক সূত্র।
সেন’-কে দেওয়া বক্তব্যে ওই সূত্র বলেন, ‘আমাদের সঙ্গে মিথ্যা বলা হয়েছিল। এখন নিজেকে কিছুটা বোকা মনে হয়।’
তিনি আরও বলেন, ‘মানুষ মুখ নীল হয়ে যাওয়া পর্যন্ত শপথ করে বলেছে, কেপটাউনের আগে কখনো স্যান্ডপেপার ব্যবহার করা হয়নি। অথচ স্যান্ডপেপার ব্যবহার ছাড়াও দীর্ঘ একটা সময় ধরে বল টেম্পারিং চলছিল। তখন এমনভাবে বিচার করা হয়েছিল, যেন এটি ছিল একবারের ঘটনা, চরম চাপে পড়ে নেওয়া একটি মরিয়া সিদ্ধান্ত।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং তৎকালীন কোচ ড্যারেন লেম্যান বারবার দাবি করেছেন, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তাঁদের কোনো ধারণা ছিল না। তবে দক্ষিণ আফ্রিকায় কেলেঙ্কারিটি কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে অন্তত দুটি বৈঠক হয়েছিল।
ঘটনার দায় কার ওপর বর্তাবে, তা নিয়েও ছিল নাটকীয়তা। ক্যামেরন ব্যানক্রফট শুরুতে একাই দায় নিতে চেয়েছিলেন। পরে স্টিভ স্মিথ তাঁর পাশে দাঁড়ান। আর ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত ওয়ার্নারকেও দায় ভাগ করে নিতে বলা হয়।
এ বিষয়ে আরেকটি সূত্রের ভাষ্য, ‘ওয়ার্নারের খুব একটা ভালো না লাগলেও, শেষ পর্যন্ত তাকে এগিয়ে এসে দায় ভাগ করে নিতে বাধ্য করা হয়েছিল। তাকে বলা হয়েছিল, বন্ধু, এবার তুমি দায় এড়িয়ে যেতে পারবে না। আমরা ব্যানার্সকে তোমার হয়ে পুরো দায় নিতে দেব না।