কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ভোররাত ৫টার দিকে সিলেটে হোটেল থেকে ওই চারজনকে আটক করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে সিলেট নগরীর জল্লারপাড়স্থ হোটেল গ্র্যাণ্ড প্যালেসে অভিযান শুরু করে সিলেট কতোয়ালি পুলিশ।
আটককৃতরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
সিলেট ভ্রমণের কথা বলে তারা মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন বলে জানিয়েছে হোটেল কতৃর্পক্ষ।
পুলিশ জানায়, জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যাণ্ড প্যালেসে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরাও হোটেলটির নিচে অবস্থান নেন।
অভিযান শেষে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিলো এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরবর্তীতে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়।
তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।