বাসস: ডাকটিকিটের সনাতন যুগের গণ্ডি পেরিয়ে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। স্মার্ট পোস্টেজ বা ই-ফ্রাংকিং ব্যবস্থা চালুর পর থেকে গত ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫০ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। মাত্র ১১ মাসের ব্যবধানে এই ডিজিটাল পদ্ধতিতে মাসিক রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ।
ডাক অধিদপ্তর জানায়, সীমিত পরিসরে পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২০২৫ সালের অক্টোবর থেকে ই-ফ্রাংকিং ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু হয়। পরীক্ষামূলক সময়ের আয়সহ চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত এ ব্যবস্থায় মোট ৫০ কোটি ৬০ লাখ টাকা মাশুল জমা হয়েছে। বিশেষ করে গত ছয় মাস ধরে প্রতি মাসে গড়ে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হচ্ছে।
এ প্রসঙ্গে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, নতুন এই পদ্ধতিটির যাত্রা শুরুর পর থেকে মাশুল আদায়ে অভূতপূর্ব গতি এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব আদায়ের যে ঊর্ধ্বমুখী পরিসংখ্যান দেখা গেছে, তা সত্যিই সন্তোষজনক। এ ধারাবাহিকতা বজায় রেখে আগামী দুই বছরে ই-ফ্রাংকিংয়ের মাধ্যমে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
জানা গেছে, স্মার্ট পোস্টেজ ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতিতে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্যের ডাক মাশুল নেওয়া হচ্ছে। এতে গ্রাহক যখন মাশুল পরিশোধ করেন, তখন বারকোডযুক্ত একটি আঠালো লেবেল ছাপা হয়, যা পরবর্তীতে ডাকপণ্যের গায়ে লাগিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে প্রতিটি লেবেলে খরচ হয় মাত্র ৫০ পয়সা। বর্তমানে দেশের সব জেলা শহরের একাধিক ডাকঘরসহ প্রায় ২০০টি ডাকঘরে সেবাটি চালু রয়েছে।
বেড়েছে মাসিক বুকিং ও আদায়
ডাক বিভাগের দেওয়া মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের অক্টোবরে মাত্র তিনটি বুকিংয়ের বিপরীতে ডাক মাশুল আদায় হয়েছিল ৫৮ টাকা। পরের মাস নভেম্বরে ৫১৮টি বুকিংয়ে আদায় হয় ১৫ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। চলতি বছরের অক্টোবরে বুকিং বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৯১টিতে, আর আদায় হয়েছে ৭ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৬১ টাকা। অর্থাৎ ১১ মাসের ব্যবধানে মাসিক বুকিং বেড়েছে প্রায় ৪৪ গুণ এবং আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ।
শুরুর দিকে প্রবৃদ্ধির গতি ছিল তুলনামূলক ধীর। ২০২৫ সালের ডিসেম্বরে ২ হাজার ৩১৯টি বুকিংয়ে আদায় হয় ৮৬ লাখ ৬৮ হাজার ৫১৩ টাকা। চলতি বছরের জানুয়ারিতে মাসিক আদায় প্রথমবারের মতো কোটি টাকা ছাড়িয়ে দাঁড়ায়- ১ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৭৭৮ টাকায়। ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৪৮৮ টাকা। মার্চে আদায় কিছুটা কমে ১ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৭৭২ টাকায় নামে এবং এপ্রিলে হয় ২ কোটি ৭ লাখ ১২ হাজার ৯৭২ টাকা।
বড় উল্লম্ফন আসে মে মাসে। ওই মাসে বুকিং আগের মাসের দ্বিগুণের বেশি বেড়ে ৮ হাজার ৬৩১টিতে দাঁড়ায়, আদায় হয় ৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৬৩০ টাকা। জুনে ৪ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৫৯৯ টাকা আদায়ের পর জুলাইয়ে প্রথমবারের মতো মাসিক আদায় ৫ কোটি টাকা ছাড়িয়ে যায়, যা দাঁড়ায় ৫ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকায়। আগস্টে ২০ হাজার ৫৬৩টি বুকিংয়ে আদায় হয় ৬ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৪২৯ টাকা। সেপ্টেম্বরে ২১ হাজার ৩৬২টি বুকিংয়ে আসে এ পর্যন্ত এক মাসের সর্বোচ্চ ৭ কোটি ৮৪ লাখ ২৭ হাজার ১০১ টাকা।
হিসাব বলছে, মে থেকে অক্টোবর এই ৬ মাসে আদায় হয়েছে প্রায় ৩৫ কোটি ৫২ লাখ টাকা, যা মাসে গড়ে প্রায় ৫ কোটি ৯২ লাখ টাকা। মাসভিত্তিক হিসাবে অক্টোবর পর্যন্ত মোট আদায়ের প্রায় ৮০ শতাংশই এসেছে এই ৬ মাসে।
তিন খাতে কমছে খরচ
ডাক অধিদপ্তরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. শাহ আলম ভূঁইয়া বাসসকে বলেন, এতদিন চিঠি ও পার্সেলের মাশুল দিতে ডাকটিকিট বা ফ্রাংকিং মেশিনই ছিল ভরসা। বিদেশগামী ইএমএস ও পার্সেলে বেশি মূল্যের ডাকটিকিট লাগলেও শ্রেণি অনুযায়ী মজুত সীমার কারণে উপজেলার অনেক ডাকঘরে তা পাওয়া যেত না। পথে কাগজের ডাকটিকিট খুলে পড়ার ঝুঁকিও ছিল। অন্যদিকে ফ্রাংকিং মেশিনের সংখ্যাস্বল্পতা, রক্ষণাবেক্ষণ খরচ এবং ডলারের দাম বাড়ায় আমদানি করা কালিতে বাড়তি ব্যয় হতো।
সাশ্রয়ের বিষয়ে অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ঠিক কত টাকা সাশ্রয় হচ্ছে তা হিসাব করা কঠিন। কেননা আগে খরচ হতো তিনভাবে- ডাকটিকিট তৈরি, ফ্রাংকিং মেশিন কেনা ও রক্ষণাবেক্ষণ এবং মেশিনের কালিতে। বর্তমানে এই তিন খাতেই খরচ সাশ্রয় হচ্ছে।
ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বাসসকে বলেন, ডাক মাশুল আদায়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক এই পদ্ধতিটি যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি ও জালিয়াতি রোধের পাশাপাশি এ খাতে ডাক বিভাগের পরিচালন ব্যয় কমাবে। সর্বোপরি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসে এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ডাক বিভাগের রাজস্ব আয় বাড়বে।
তিনি আরও বলেন, এ উদ্যোগের ফলে সনাতন পদ্ধতির দীর্ঘসূত্রতা ও গ্রাহক ভোগান্তি অনেকটাই কমেছে। ইউনিট পর্যায়ের কর্মকর্তারা এখন কেন্দ্রীয়ভাবে প্রতিটি ডাকঘরের রাজস্ব আদায় সরাসরি দেখতে পারছেন। ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।
নিশ্চিত হচ্ছে লেনদেনের নিরাপত্তা
সরকারি রাজস্বের সুরক্ষা নিশ্চিতে ই-ফ্রাংকিংয়ের প্রতিটি লেবেলে যুক্ত করা হয়েছে প্রযুক্তিগত নিরাপত্তা বলয়। এ বিষয়ে মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, স্মার্ট পোস্টেজ সিস্টেমে ডাক মাশুলের যে স্টিকারটি প্রিন্ট হয়, তার গায়ে একটি স্বতন্ত্র ১৩ অঙ্কের বারকোড থাকে। ডাকপণ্য বুকিংয়ের সময় এই বারকোডটি স্ক্যান করে যাচাই করা হয়। ফলে স্টিকারটি কোন ব্যবহারকারী প্রিন্ট করেছেন এবং কোন প্রিন্টার থেকে বুকিং সম্পন্ন হয়েছে, তা সহজেই শনাক্ত করা যায়।
লেনদেনে শতভাগ জবাবদিহিতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া সংশ্লিষ্ট ডাকঘরের কোনো কর্মচারীই এই সিস্টেমে প্রবেশ করতে পারেন না। এমনকি দিন শেষে প্রতিদিনের লেনদেনের পূর্ণাঙ্গ হিসাবও যথাযথ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে হয়, যার ফলে রাজস্ব ফাঁকি কিংবা জালিয়াতির ঝুঁকি অনেকাংশে কমে এসেছে।
ঘরে বসেই অগ্রিম মাশুল
ই-ফ্রাংকিংয়ের আরেকটি বড় সুবিধা হলো প্রি-পেইড পদ্ধতি। এতে সাধারণ গ্রাহক, ই-কমার্স উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ডাকঘরে না গিয়েও অনলাইনে অগ্রিম মাশুল জমা দিতে পারেন।
প্রক্রিয়াটি তুলে ধরে শাহ আলম ভূঁইয়া বলেন, গ্রাহক নিজের মোবাইলের আর্থিক সেবা বা ব্যাংক হিসাব থেকে এ-চালানের মাধ্যমে ডাক মাশুল পরিশোধ করে প্রি-পেইড ব্যালেন্স নিতে পারেন। পরে ডাক বিভাগের ডিজিটাল মেইল সিস্টেম (ডিএমএস) ব্যবহার করে অনলাইনে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্য প্রি-বুকিং করা যায়। এরপর ডাকপণ্য কাউন্টারে তা জমা দিলে, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বুকিং সম্পন্ন হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিয়মিত বেশি পরিমাণে পার্সেল পাঠানো প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যবস্থাপনা ব্যয় কমাতে স্মার্ট পোস্টেজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ই-কমার্স উদ্যোক্তাদের জন্য অগ্রিম মাশুল পরিশোধ ও অনলাইনে বুকিংয়ের সুবিধা ডাকসেবা ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ
ডাক অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ৯ হাজারের বেশি ডাকঘর থাকলেও রাজস্ব অফিস ১ হাজার ৫০০টি। বাকিগুলো অবিভাগীয় গ্রামীণ শাখা ডাকঘর। সে হিসাবে রাজস্ব অফিসের প্রায় ১৩ শতাংশে বর্তমানে ই-ফ্রাংকিং ব্যবস্থা চালু রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মহাপরিচালক আসাদুল ইসলাম জানান, পর্যায়ক্রমে রাজস্ব অফিসগুলোতে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে উপজেলা পর্যায়ের ডাকঘরগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যে বেশ কিছু উপজেলা ডাকঘরে এটি চালু হয়েছে। অন্যগুলোতেও ধাপে ধাপে চালু করা হবে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।
গ্রামীণ ডাকঘরগুলোতে একযোগে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি ডাক বিভাগ যে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালু করেছে, তাতেও ই-ফ্রাংকিং সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়েও এ ব্যবস্থা সম্প্রসারণ করা সম্ভব হবে।
এ বিষয়ে অতিরিক্ত জেনারেল ম্যানেজার শাহ আলম ভূঁইয়া বাসসকে বলেন, প্রথম পর্যায়ে উপজেলা ডাকঘরসহ রাজস্ব অফিসগুলোতে এ ব্যবস্থা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ডাকঘর যুক্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তিনির্ভর ডাকসেবা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাক অধিদপ্তরের ‘মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় ই-ফ্রাংকিং চালু করা হয়েছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন পাওয়া ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’ এ প্রচলিত ডাকটিকিটের পাশাপাশি ডিজিটাল ডাকটিকিট বা ই-স্ট্যাম্পিং চালুর বিধান রাখা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, অনলাইনে মাশুল পরিশোধ করে পাওয়া বারকোড বা কিউআর কোড বৈধ ডাকটিকিটের সমান আইনি স্বীকৃতি পাবে।
সব মিলিয়ে, ই-কমার্সের দ্রুত প্রসারে পার্সেল ও লজিস্টিক সেবার চাহিদা যখন দিন দিন বাড়ছে, তখন ই-ফ্রাংকিং ব্যবস্থাকে শুধু মাশুল আদায়ের বিকল্প পদ্ধতি না ভেবে, ডাক বিভাগের সামগ্রিক ডিজিটাল রূপান্তরের অন্যতম ভিত্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।